এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:৪১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনের অগ্রগতি জানতে আবারও বাংলাদেশের হাইকমিশনের দ্বারস্থ হয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। এবার শেখ হাসিনার স্বাক্ষর করা একটি অনুমতিপত্রও পাঠানো হয়েছে। এর মাধ্যমে তার পক্ষে আইনজীবীর আইনি প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠান প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিভেন পাওলেস।
চিঠিতে গত ৯ নভেম্বর পাঠানো আগের পত্রের প্রসঙ্গ তুলে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধের সর্বশেষ অবস্থা জানতে চান তিনি। পাওলেস জানান, বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে তারা জানতে পেরেছেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির অনুরোধসংক্রান্ত চিঠি হাইকমিশনে পৌঁছেছে। তবে এ বিষয়ে তার পক্ষে আইনগতভাবে কাজ করার অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।
এ জন্য শেখ হাসিনার পক্ষ থেকে তাকে আইনি কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র নতুন চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে গত ৯ নভেম্বর ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একই বিষয়ে বাংলাদেশের হাইকমিশনে প্রথম চিঠি পাঠানো হয়। সেখানে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের প্রসঙ্গ তুলে নতুন করে এসব নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
তবে প্রথম চিঠি পাঠানোর পর শেখ হাসিনার পক্ষ থেকে আইনজীবীকে যথাযথ অনুমোদন দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে ১০ নভেম্বর বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান তার ফেসবুক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি জানান, আইনজীবীর পাঠানো চিঠিকে আনুষ্ঠানিক আবেদন হিসেবে উপস্থাপন করায় গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র সংযুক্ত করে সেই প্রতিনিধিত্বের বিষয়টি স্পষ্ট করতে চেয়েছেন ব্যারিস্টার স্টিভেন পাওলেস। তবে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কিংবা সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

