‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদমাধ্যম এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশ নিয়ে মিথ্যা, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তার মতে, এসব তথ্য প্রচারকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আগামী দুই থেকে তিন মাস এ ধরনের ভুয়া সংবাদ শনাক্ত করে খণ্ডন করা জরুরি।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাজনূভা জাবীন বলেন, ‘ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াভিত্তিক নিউজ প্ল্যাটফর্মে, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সব অনলাইনে গত কয়েক দিনে বাংলাদেশ নিয়ে ব্যাপকহারে ভুল, মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে—যেটা আগেও ছিল, কিন্তু এখন মহামারি আকার নিয়েছে।’
এসব তথ্যের প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা নিয়ে এখন হাসি-ঠাট্টা করে এসব মিথ্যা নিউজকে হালকাভাবে নেওয়ার সুযোগ আছে, কারণ অনেক সাধারণ মানুষ এসব বিশ্বাস করছে। রাজনৈতিক সচেতন মানুষের কাছে হয়তো বিষয়গুলো হাস্যকর লাগছে, সার্কাস মনে হচ্ছে বা পাত্তা দিচ্ছে না; কিন্তু পিপল পার্সপেক্টিভ মাথায় রাখতে হবে।’
আগামী তিন মাস এসব ভুয়া ও অসত্য সংবাদ খণ্ডনে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাজনূভা জাবীন বলেন, ‘অন্তত আগামী তিন মাস এসব ভুয়া, অসত্য নিউজ ডিবাঙ্ক করার উদ্যোগ সরকারিভাবে নেওয়া উচিত। পতিত ফ্যাসিস্ট এবং তাদের আশ্রয়দাতাদের অন্যতম অস্ত্র এই মিথ্যা সংবাদ প্রচার, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো। আমার আশঙ্কা, ডিসেম্বর ঘিরে এটা আরও ঘনীভূত হবে।’
এ বিষয়ে সরকারের কোন বিভাগ দায়িত্ব নেবে, তা নিয়ে নিজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের প্রস্তাব দেন। তার ভাষায়, ‘আমার জানা-বোঝায় কিছুটা ঘাটতি থাকতে পারে যে সরকারের ঠিক কোন বিভাগ এর দায়িত্ব নেবে, কিন্তু তথ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ উদ্যোগ নিয়ে ভারত থেকে প্রচারিত বাংলাদেশ নিয়ে অসত্য তথ্য গুরুত্বের সঙ্গে খণ্ডন করা উচিত, সত্যটা তুলে ধরা উচিত।’
দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অল্টারনেটিভসের এই সংগঠক। তিনি বলেন, ‘পাশাপাশি আমাদের গণমাধ্যমকেও দেখছি না ভারত ও আওয়ামী লীগ কর্তৃক প্রচারিত বাংলাদেশ নিয়ে ভুল নিউজগুলো ডিবাঙ্ক করে পাল্টা নিউজ করতে। আবারও বলি, আগামী দুই-তিন মাস এটা জরুরি।’
পোস্টের শেষাংশে তাজনূভা জাবীন আবারও বিষয়টির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে।’
