দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশে একটি যোগসাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, দেশের স্বার্থে এবং জাতীয় কল্যাণে স্থিতিশীলতা, শান্তি ও জনগণের স্বার্থ রক্ষায় মজলিসে শূরা সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত নবনির্বাচিত মহানগরী মজলিসে শূরা সদস্যদের শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীতে মহানগরীর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত সদস্যদের এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যেকোনো বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করা প্রয়োজন।
নবনির্বাচিত মজলিসে শূরার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শূরা সদস্য হিসেবে প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত দেওয়া তাদের গঠনতান্ত্রিক দায়িত্ব। পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব কেবল পদ-পদবির বিষয় নয়, বরং এটি আমানত। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিমসহ ঢাকা মহানগরী উত্তরের নবনির্বাচিত মজলিসে শূরার সদস্যরা।
