‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
শেখ হাসিনা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না’—বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক কর্মী।
বুধবার (২৫ নভেম্বর) থেকে তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুক লাইভে ডিসেম্বর মাসের প্রসঙ্গ টেনে বিদেশে থাকা নেতাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে মোহন বলেন, ‘দল ক্ষমতায় থাকতে তোরা আমাকে মামলায় ঢুকিয়েছিলি। এখন বিদেশে পালিয়ে গেলি কেন? ডিসেম্বরের অল্প কয়দিন আছে, তোরা আসছিস না কেন? তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না। তোরা পদ-পদবি নিয়ে সবকিছুতে ছিলি। তোদের দেওয়া দলীয় মামলা এখনো চালাতে হচ্ছে। এখন দলের কঠিন সময়ে জামায়াত-বিএনপির মামলা চালাব, নাকি দলীয় মামলা চালাব? এখন বিদেশে বসে লিয়াজোঁর কথা বলছিস। তোরা দুই নাম্বার।’
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আলোচিত ছিলেন মোহন।
ভাইরাল হওয়া ভিডিওতে মোহনকে বলতে শোনা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দলের কিছু নেতাকর্মী তাকে ব্যবহার করেছেন এবং নিজেদের প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলায় জড়িয়েছেন। এখন দলের কঠিন সময়ে ওই নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশে থাকা কর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন।
ভিডিওতে তিনি আরও বলেন, দল ক্ষমতায় থাকার সময় যারা পদ-পদবি ও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাদের কারণে তাকে এখনো দলীয় মামলার বোঝা বহন করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের মামলার পাশাপাশি দলীয় মামলার চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
