স্বৈরতন্ত্রকে বিদায় দিলেও ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করতে পারিনি: সাইফুল হক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্বৈরতন্ত্রকে বিদায় দেওয়া গেলেও ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি পরিবর্তন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরতন্ত্রের পক্ষেই আবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই। পতিত স্বৈরতন্ত্রের ফিরে আসার পাঁয়তারা জনগণের ঐক্যের মাধ্যমেই রুখতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
এ সময় উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম, ঢাকা মহানগর বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন রনি ও পার্টির সদস্য নান্টু দাস।
পরে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ভাসানী ড্যাব আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সাইফুল হক। তিনি বলেন, ‘ডাক্তার মিলনের শাহাদাত ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের একটি বাঁক পরিবর্তনের ঘটনা। তার আত্মত্যাগ পুরো আন্দোলনকে দ্রুত গণজাগরণ ও ছাত্র-গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিল।’
১৯৯০ সালের আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মিলনের সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল ২৫ নভেম্বর তোপখানা রোডে। তিনি চিকিৎসকদের আন্দোলনকে বৃহত্তর গণআন্দোলনের সঙ্গে সমন্বয় করার বিষয়ে আলোচনা করতে এসেছিলেন।’
সাইফুল হক বলেন, ‘আমরা ব্যক্তি এরশাদকে বিদায় দিয়েছিলাম, কিন্তু স্বৈরতান্ত্রিক কাঠামো ও ফ্যাসিবাদী চিন্তা ও মানসিকতা পুরোপুরি ভাঙতে পারিনি। পরবর্তীতে স্বৈরতন্ত্রের সঙ্গে আপস ও যোগসাজশের রাজনীতি গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক হয়েছে।’
হাসিনা সরকারের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ভোট ও ভাতের অধিকারের কথা বলে ক্ষমতায় এসেছিলেন, তারাই প্রায় দেড় দশক মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্মম স্বৈরতান্ত্রিক, ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়েছেন।’
তিনি বলেন, ‘১৫ বছরের লড়াই এবং পরবর্তী ৩৬ দিনের সংগ্রামকে গণঅভ্যুত্থানে পরিণত করে আমরা স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছি। কিন্তু পতিত স্বৈরতন্ত্র এখনো বিভাজনকে কাজে লাগিয়ে ফেরার পাঁয়তারা করছে।’
হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাইফুল হক বলেন, ‘দায় স্বীকার, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়া আবার স্বৈরতন্ত্রের ঘোষণা দিয়ে রাজনীতি আবাদ করা যাবে না। আইনের মুখোমুখি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও চোরাগোপ্তা পথে ফেরার পাঁয়তারা কেন?’
মতপার্থক্য থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভোটাধিকার ও গণতান্ত্রিক ধারার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই গণতান্ত্রিক উত্তরণের পথ বাধাগ্রস্ত করা যাবে না।’
সাইফুল হক বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের কার্যকর ঐক্য। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরতন্ত্রের পক্ষেই আবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘শহীদ মিলনের সংগ্রামী চেতনায় উদ্দীপ্ত হয়ে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের শক্তিকে নতুন পর্যায়ে নিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ ফেরার যে কোনো চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।’
