ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই হয়েছিলই অন্যায়ের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে—এমন মন্তব্য করেছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। কারাগারে আটক যুবলীগের (নিষিদ্ধ) এক নেত্রীর ছেলের মৃত্যুতে তার প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনাকে অত্যন্ত অমানবিক বলে উল্লেখ করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাজনূভা জাবীন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মতো দানব আর অমানবিক হয়ে আওয়ামী লীগকে ডিল করার চিন্তা সরকারসহ সবাইকে বাদ দিতে হবে। যেকোনো অন্যায়, অন্যায্যতার বিরুদ্ধে মানুষের মুখ খুলে গেছে। সেটা যদি পতিত আওয়ামী লীগের পক্ষেও যায় তাও মানুষ বলবে। জুলাই হয়েছিলই অন্যায়ের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে।’
যুবলীগ নেত্রীর ছেলের মৃত্যুতে প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি তুলে ধরে তাজনূভা জাবীন বলেন, ‘কারাগারে আটক যুবলীগ (নিষিদ্ধ) নেত্রীর ছেলের মৃত্যুতে, তার প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক হলো। সরকারকে বুঝতে হবে, তাদের প্রত্যেকটি ছোট বড় পদক্ষেপ পুরো জুলাইপরবর্তী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। সরকারের এই অমানবিক সিদ্ধান্তের দায় আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে। যেটা আমরা একেবারেই চাই না।’
তিনি আরও বলেন, ‘চলমান আওয়ামী লীগের আগ্রাসনের বিরুদ্ধে যখন সবাই সোচ্চার তখন এরকম ভুল, তাদেরকে অজুহাত/উপলক্ষ্য তুলে দেয় তাদের হিংস্রতার যৌক্তিকতার পক্ষে। আপনারা (সরকার) যে কারণে গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় চলমান সহিংসতায় আওয়ামী লীগের হাতে লাশ তুলে দিয়ে তাদের শক্তিশালী না করার কৌশল নিলেন, ঠিক একই কারণে এরকম অমানবিক সিদ্ধান্ত নেওয়া থেকে সরে আসতে হবে, বিরত থাকতে হবে।’
পোস্টের শেষে তাজনূভা জাবীন বলেন, ‘বাচ্চার মৃত্যুতে যুবলীগ করা মায়ের জামিন হল না ওদিকে আসল কালপ্রিট আওয়ামী রাঘব বোয়ালরা বিদেশে, অনলাইনে দিব্যি আছে। অত্যন্ত দুঃখজনক, নিন্দা জানাই।’

