|
ফলো করুন |
|
|---|---|
কবি, সমাজ সংস্কারক, মানবতাবাদী চিন্তাবিদ ও সত্যের সাধক শেখ ফজলল করিমের মৃতুবার্ষিকী ২৮ সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের ইতিহাসে যেক’জন কালজয়ী সাহিত্যিক নিজেদের লেখনীর মাধ্যমে মানবতা, সম্প্রীতি ও নৈতিকতার জয়গান গেয়ে গেছেন, তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি। ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?/মানুষের মাঝেই স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’-সহজ-সরল কিন্তু গভীর অন্তর্ভেদী এই অমিয় বাণীগুলোর রচয়িতা তিনি। বিশ শতকের গোড়ার দিকে যখন বাঙালি মুসলিম সমাজে আধুনিক শিক্ষা ও সাহিত্যের বিকাশ প্রাথমিক পর্যায়ে ছিল, তখন তিনি লেখনী হাতে তুলে নিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন।
শেখ ফজলল করিম ১২৮৯ বঙ্গাব্দের ৩০ চৈত্র (৯ এপ্রিল ১৮৮২) বর্তমান লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আমিরউল্লাহ সরদার এবং মায়ের নাম কোকিলা বিবি। পারিবারিক সূত্রে তার ডাকনাম ছিল ‘মোনা’।
অসাধারণ মেধার অধিকারী ফজলল করিম ১৮৯৯ সালে সেখান থেকে মাইনর পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। পরে স্কুলে যাওয়া বন্ধ হলেও জ্ঞানার্জনের অদম্য তৃষ্ণা থেকে তিনি ব্যক্তিগত অধ্যয়ন অব্যাহত রাখেন।
ফজলল করিমের সাহিত্য প্রতিভার প্রকাশ ঘটেছিল নিতান্ত শৈশবেই। মাত্র ১২ বছর বয়সে তিনি নিজের হাতে লিখে প্রকাশ করেন তার প্রথম কবিতার বই ‘সরল পদ্য বিকাশ’। সাহিত্যচর্চা ও জ্ঞান প্রসারের তাগিদে ১৮৯৬ সালে মাত্র ১৪ বছর বয়সে নিজ বাড়িতেই ‘করিম আহমদিয়া লাইব্রেরী’ নামে একটি ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলেন।
কবি হিসাবে সুখ্যাতি পেলেও শেখ ফজলল করিম গদ্য ও পদ্য-উভয় শাখাতেই সমান পারদর্শী ছিলেন। তিনি কবিতা, প্রবন্ধ, নাট্যকাব্য, জীবনী, ইতিহাস, গবেষণামূলক নিবন্ধ, শিশুতোষ সাহিত্য, গল্প এবং পুথি সম্পাদনা মিলিয়ে প্রায় ৫৫টি গ্রন্থ রচনা করেছেন। তার রচিত বইগুলোর মধ্যে রয়েছে তৃষ্ণা, পরিত্রাণ কাব্য, ভগ্নবীণা বা ইসলাম চিত্র, ভক্তি পুষ্পাঞ্জলি, লাইলী-মজনু, রাজর্ষি এবরাহীম। ভারতবর্ষ, সওগাত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, মোসলেম ভারত, মাসিক মোহাম্মদী ও বসুমতী ইত্যাদিতে তার অসংখ্য কবিতা, প্রবন্ধ ও অনুবাদ নিয়মিত প্রকাশিত হতো। সমকালীন মুসলিম কবি-সাহিত্যিকদের প্রথম সারিতে তার অবস্থান ছিল সুনির্দিষ্ট।
জীবনজুড়ে সাহিত্যসাধনা ও মানবসেবায় নিয়োজিত থেকে এই মহান সাহিত্যিক ১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর কাকিনায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লালমনিরহাটের কাকিনাতেই তার চিরনিদ্রার স্থানটি সংরক্ষিত রয়েছে।
