|
ফলো করুন |
|
|---|---|
গবেষক, ইতিহাসবিদ ও লেখক সাইয়েদ সুলাইমান নদভির মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন হুসাইন ইবনে আলির বংশধর। তিনি ১৮৮৪ সালের ২২ নভেম্বর ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাকিম সাঈদ আবুল হাসান ছিলেন সুফি। তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার (একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ভারতের রাজনীতি ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
তিনি ১৮৯৯ সালে ফুলওয়ারি শরীফে (বিহার) যান, যেখানে তিনি মাওলানা মহিউদ্দিন ও সুলাইমান ফুলওয়ারির শিষ্য হন। সেখান থেকে তিনি দারভাঙ্গায় যান, যেখানে তিনি কয়েক মাস ধরে মাদ্রাসা-ই-ইমদাদিয়ায় অধ্যয়ন করেন। ১৯০১ সালে তিনি দারুল উলূম নদওয়াতুল উলামাতে ভর্তি হন। ১৯০৭ সালে তিনি আন-নদওয়া পত্রিকার সহযোগী সম্পাদক এবং নদওয়াতুল উলামার আরবি সাহিত্যের শিক্ষক হিসাবে নিয়োগ লাভ করেন। এরপর কলকাতায় গিয়ে মওলানা আবুল কালাম আজাদের সঙ্গে আল-হেলাল পত্রিকার সম্পাদনা বিভাগে কাজ করেন। ১৯১৪ সালের শুরুর দিকে দাক্ষিণাত্যের এক কলেজে ফারসি ভাষার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগ দেন। ১৯২৩ সালে তিনি দারুল উলূম নদওয়াতুল উলামার শিক্ষাসচিব নিযুক্ত হন। ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত ভূপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। ১৯৩৩ সালে তিনি তার উল্লেখযোগ্য বই ‘খৈয়াম’ প্রকাশ করেন। ১৯৪১ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট অফ লিটারেচার (ডিলিট) ডিগ্রি প্রদান করে।
১৯৫০ সালের জুন মাসে নদভি পাকিস্তান যান এবং করাচিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পাকিস্তানের সংবিধানের ইসলামি দিকগুলোর ওপর পরামর্শ দেওয়ার জন্য তাকে একটি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তিনি ১৯৫৩ সালের ২২ নভেম্বর ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
