Logo
Logo
×
   

খেলা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৫০ পিএম

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা

বর্তমানে স্কালোনির সবচেয়ে বড় উদ্বেগের জায়গা দলে চোট সমস্যা।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণায় এখনো তাড়াহুড়ো করছে না আর্জেন্টিনা। একের পর এক দলগুলো যখন নিজেদের স্কোয়াড প্রকাশ করছে, তখন কোচ লিওনেল স্কালোনি বাড়তি সময় নিয়ে প্রতিটি খেলোয়াড়কে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কারণ, দলে থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার এখনো পুরোপুরি ফিট নন।

অন্যদিকে তরুণ ফুটবলারদের কেউ কেউ নিজেদের ক্লাবে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের ভাবনায় নতুন সমীকরণ তৈরি করেছেন। সব মিলিয়ে সুখকর কিন্তু জটিল এক পরিস্থিতির মধ্যেই পড়েছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

শিরোপা ধরে রাখার মিশনে কোনো ঝুঁকি নিতে নারাজ স্কালোনি। তার বিশ্বাস, হাতে যেহেতু এখনো পর্যাপ্ত সময় আছে, তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করা উচিত। বিশেষ করে যেসব ফুটবলার ইনজুরি কাটিয়ে ফিরছেন কিংবা ফর্ম নিয়ে প্রশ্নের মুখে আছেন, তাদের অবস্থা আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চাইছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট।

বর্তমানে স্কালোনির সবচেয়ে বড় উদ্বেগের জায়গা চোট সমস্যা। ইউরোপিয়ান মৌসুমের টানা ব্যস্ত সূচি ও অতিরিক্ত ম্যাচের চাপের কারণে আর্জেন্টিনার কয়েকজন নির্ভরযোগ্য খেলোয়াড় শারীরিকভাবে বেশ ক্লান্ত। কোচিং স্টাফ ধারণা করছে, তাদের কেউ কেউ বিশ্বকাপে শতভাগ ফিট অবস্থায় যেতে পারবেন না। ফলে ম্যাচ পরিচালনায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

সবচেয়ে বেশি দুশ্চিন্তা তৈরি করেছে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে ঘিরে। হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর থেকে সময়ের সঙ্গে লড়াই করছেন তিনি। এপ্রিল মাসে টটেনহামের হয়ে খেলতে গিয়ে সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে পড়ে চোট পান এই সেন্টার ব্যাক। তার পুনর্বাসন প্রক্রিয়া ঠিকভাবে এগোচ্ছে কি না, তা পর্যবেক্ষণে আর্জেন্টিনা দলের ফিজিওথেরাপিস্ট পর্যন্ত লন্ডনে গিয়েছিলেন। এখন নিজ শহর কর্দোবায় থেকে রোমেরো চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।  

এদিকে নতুন করে চোটের তালিকায় যোগ হয়েছে নাহুয়েল মলিনার নাম। আতলেতিকোর হয়ে মৌসুমের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। একই সময়ে হুলিয়ান আলভারেজকেও নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। আর্সেনালের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন এই ফরোয়ার্ড। যদিও এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।  

রিভারপ্লেটের ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলও পেশির চোটে ভুগছেন। পাশাপাশি হাঁটুর সমস্যায় আছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে। ইউরোপা লিগের ফাইনালের আগে আঙুলে চোট পেয়েও খেলেছিলেন তিনি এবং দলকে শিরোপা জিততেও সাহায্য করেন। কিন্তু বিশ্বকাপের আগে তার এই ইনজুরি এখন আর্জেন্টিনা শিবিরের অন্যতম বড় চিন্তার কারণ।

তবে স্কালোনির জন্য সব খবর খারাপ নয়। দলে জায়গা পাওয়ার লড়াইয়ে কয়েকজন ফুটবলার দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করছেন। এর মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ক্লাব ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটিয়ে সম্প্রতি ইউরোপা লিগ জিতেছেন তিনি। পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য বুয়েন্দিয়া রহস্য রেখেই বলেছেন, জাতীয় দলে কী হয়, সেটা সময়ই বলে দেবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .