Logo
Logo
×
   

খেলা

কোকেন সেবনের দায়ে নিষিদ্ধ অস্ট্রেলিয়ান টেনিস তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

কোকেন সেবনের দায়ে নিষিদ্ধ অস্ট্রেলিয়ান টেনিস তারকা

কোকেন সেবনের দায়ে পেশাদার টেনিসে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার তারকা টেনিস খেলোয়াড় নিক কিরগিওস। বুধবার ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ) তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

গত জুনে মলোর্কায় অনুষ্ঠিত এটিপি টুর্নামেন্টে কিরগিওসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) ল্যাবরেটরি পরীক্ষায় সেই নমুনায় কোকেনের উপস্থিতি পাওয়া যায়। ডোপিং পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তাকে আন্তর্জাতিক টেনিসের বিভিন্ন প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে দূরে রাখা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে এটিপি, ডব্লিউটিএ, গ্র্যান্ড স্ল্যামসহ সংশ্লিষ্ট কোনো টুর্নামেন্টে খেলতে, কোচিং করতে কিংবা অন্য কোনোভাবে অংশ নিতে পারবেন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজের ভুল স্বীকার করে ভক্ত, পরিবার ও পৃষ্ঠপোষকদের কাছে ক্ষমা চেয়েছেন ৩১ বছর বয়সি কিরগিওস। বিশেষ করে তাকে অনুসরণ করা শিশুদের কাছে দুঃখ প্রকাশ করে নিজের আচরণের জন্য লজ্জিত বলেও জানিয়েছেন তিনি।

২০২২ সালের উইম্বলডনে ফাইনালে ওঠা কিরগিওস গত কয়েক বছর ধরে চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি। এর প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও। বর্তমানে এটিপি র‍্যাঙ্কিংয়ে ৯১৯ নম্বরে নেমে গেছেন তিনি।

কিরগিওস জানিয়েছেন, দীর্ঘদিনের চোট এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছানোর চাপ তার মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলেছিল। সেই কঠিন পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান তারকা।

আইটিআইএর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মেনে নিয়ে আপাতত ২৮ দিনের জন্য জনজীবন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কিরগিওস। এই সময়টাকে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে কাজে লাগাতে চান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .