Logo
Logo
×
   

খেলা

ম্যারাডোনার মৃত্যুর তদন্তে ভুল মেডিকেল রিপোর্ট ঘিরে বিতর্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম

ম্যারাডোনার মৃত্যুর তদন্তে ভুল মেডিকেল রিপোর্ট ঘিরে বিতর্ক

প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগের বিচার চলছে। এরই মধ্যে মামলায় জমা দেওয়া মেডিকেল পরীক্ষার নথি নিয়ে বড় ধরনের ভুলের কথা স্বীকার করেছে আর্জেন্টিনার একটি স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান। জানা গেছে, ম্যারাডোনার মৃত্যুর তদন্তে যে মেডিকেল রিপোর্ট উপস্থাপন করা হয়েছে, সেগুলো আসলে তার বাবার।

সোমবার (২৪ আগস্ট) এএফপির নজরে আসা এক চিঠিতে সুইস মেডিকেল জানিয়েছে, ম্যারাডোনার মৃত্যুর তদন্তে গঠিত চিকিৎসা কমিশনের কাছে ভুলবশত ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার নামে কিছু মেডিকেল পরীক্ষার নথি জমা দেওয়া হয়েছিল। তবে নথিগুলো আসলে তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার। ২০১৫ সালে মারা যান ম্যারাডোনার বাবা।  

গত সপ্তাহে মামলায় এই ভুলটি তুলে ধরেন বিচারাধীন সাত স্বাস্থ্যকর্মীর একজনের আইনজীবী। আর্জেন্টিনায় গত এপ্রিলের মাঝামাঝি থেকে ওই সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে। চিকিৎসায় সম্ভাব্য অবহেলার কারণে ম্যারাডোনার মৃত্যু হয়ে থাকতে পারে—এমন অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের প্রায় দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। তার মৃত্যুর সময় তিনি অ্যাকিউট পালমোনারি এডিমায়ও আক্রান্ত ছিলেন, যে অবস্থায় ফুসফুসে তরল জমে যায়।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চলমান এই বিচারপ্রক্রিয়া অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম