পিএসজির বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে চমক
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে স্কোয়াডে চমক রেখেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। রক্ষণভাগে একাধিক খেলোয়াড়ের চোটের কারণে তরুণ সেন্টার-ব্যাক অ্যালেক্স ক্যাম্পোসকে প্রথমবারের মতো মূল দলে অন্তর্ভুক্ত করেছেন তিনি। একই সঙ্গে স্কোয়াডে ফিরেছেন মিসরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম।
মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পিএসজির মাঠে তাদের বিপক্ষে নামবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে রক্ষণভাগ নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে কাতালান ক্লাবটি।
আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, জুলস কুন্দে ও এরিক গার্সিয়ার চোটের কারণে বিকল্প খেলোয়াড় খুঁজতে হচ্ছে কোচ ফ্লিককে। সেই পরিস্থিতিতে তরুণ ডিফেন্ডার ক্যাম্পোসের ওপর আস্থা রেখেছেন তিনি।
স্পেনের আইটোনা শহরে জন্ম নেওয়া ক্যাম্পোসের বয়স ১৮ বছর। অ্যাটলেটিক সেগ্রে দিয়ে ফুটবলে পথচলা শুরু করা এই ডিফেন্ডার ২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন। এরপর ধীরে ধীরে নিজের দক্ষতা দিয়ে নজর কাড়েন তিনি। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনা অ্যাটলেতিকের হয়ে সেন্ট অ্যান্ড্রিউ স্টেডিয়ামে প্রথম অফিসিয়াল ম্যাচ খেলেন ক্যাম্পোস। অল্প সময়ের মধ্যেই দলের শুরুর একাদশে জায়গা করে নেন এবং রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।
বার্সেলোনা অ্যাটলেতিকের কোচ জুলিয়ানো হাউস বেলেত্তির অধীনে নিয়মিত পারফর্ম করছেন এই তরুণ। গত শনিবার উতেবোর বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচেও প্রথম একাদশে ছিলেন তিনি। ওই জয়ের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো জয় পায় বার্সেলোনার রিজার্ভ দল, যা ক্যাম্পোসের ওপর কোচিং স্টাফের আস্থার বিষয়টিও তুলে ধরে।
উচ্চতায় ১৮৫ সেন্টিমিটার ক্যাম্পোসের অন্যতম শক্তি হলো লং পাসে আধিপত্য বিস্তার। পাশাপাশি বল পায়ে আত্মবিশ্বাস, নির্ভুল পাস এবং পেছন থেকে আক্রমণ গড়ে তোলার দক্ষতাও রয়েছে তার। চলতি মৌসুমে হেড থেকে একটি গোলও করেছেন এই ডিফেন্ডার।
এর আগেও মূল দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন ক্যাম্পোস। ২০২৪ সালের অক্টোবরে প্রথমবার তাকে সিনিয়র দলের অনুশীলনে ডাকেন ফ্লিক। পরে ২০২৫ সালের জুলাইয়ে তার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা দেয় বার্সেলোনা। চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
রক্ষণভাগের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ায় পিএসজির বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে বার্সেলোনা। এমন পরিস্থিতিতে ইউরোপের বড় মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ এসেছে তরুণ অ্যালেক্স ক্যাম্পোসের সামনে। এখন দেখার বিষয়, ফ্লিকের এই আস্থার প্রতিদান মাঠে কতটা দিতে পারেন তিনি।

