Logo
Logo
×
   

খেলা

ফরাসি তারকা এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

ফরাসি তারকা এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে একটি ভয়ংকর অপরাধ চক্রের সম্ভাব্য টার্গেট ছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিজিয়েন’। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফুটবলার, র‍্যাপার ও ধনাঢ্য ব্যক্তিদের অপহরণ এবং হামলার পরিকল্পনা করা একটি অপরাধী নেটওয়ার্কের হিটলিস্টে ছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১৮ বছর বয়সি এক ফরাসি-সুইস তরুণ কারাগারে বন্দি অবস্থায় স্ন্যাপচ্যাটের মাধ্যমে এই অপরাধ চক্র পরিচালনা করছিল। ক্লিমেন্ট এল. নামের ওই তরুণ বর্তমানে সশস্ত্র ডাকাতি ও মানবপাচারের অভিযোগে ভিলপেন্ট কারাগারের সেঁ-সাঁনি-দ্যেত্রভেস বিভাগে সাজা ভোগ করছেন।

তদন্তকারীদের ধারণা, ‘লেস্টার জেড.’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট ব্যবহার করে কারাগারের ভেতর থেকেই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন ক্লিমেন্ট। গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নেটওয়ার্কের সন্ধান পায়।

তদন্তে জব্দ করা কয়েকটি ফোনে সম্ভাব্য টার্গেটদের ঠিকানা ও ব্যক্তিগত তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। তালিকায় গায়ক, ফুটবলার, গহনা ব্যবসায়ী এবং বিভিন্ন খাতের ধনী ব্যবসায়ীদের নাম ছিল। এর মধ্যে প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা পাইকারি বিক্রেতা, একজন গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ বিভাগের এক তুর্কি মাংস ব্যবসায়ীর নামও রয়েছে।   

তবে সবচেয়ে আলোচিত নামটি হলো কিলিয়ান এমবাপ্পে। ‘লা পারিজিয়েন’-এর উদ্ধৃত এক বিচারিক সূত্র জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একজন র‍্যাপার এবং ফুটবলার কিলিয়ান এমবাপেকেও টার্গেট করার পরিকল্পনা করেছিল।

যদিও এখন পর্যন্ত এমবাপের ওপর সরাসরি কোনো হামলা বা অপহরণের চেষ্টার প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে তার নাম কেবল সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় পাওয়া গেছে, কোনো বাস্তবায়িত অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি।

বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কারাগারে বন্দি অবস্থায় ক্লিমেন্ট সত্যিই দূর থেকে অপরাধ চক্র পরিচালনা করছিলেন কি না এবং তালিকাভুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ বা হামলার কোনো পরিকল্পনা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছিল কি না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম