মাঠে গাঁজার তীব্র গন্ধ, খেলা থামাতে বাধ্য হলেন সাবালেঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
সাবালেঙ্কা/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে অস্বাভাবিক এক বিরতি দেখা গেল। বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা খেলা থামিয়ে আম্পায়ারকে জানালেন, লুই আর্মস্ট্রং স্টেডিয়ামের কোর্টে ভেসে আসছে গাঁজার তীব্র গন্ধ।
উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে সরাসরি সেটে জয়ের আগে শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সাবালেঙ্কা। শুক্রবার নিজের দ্বিতীয় সার্ভিস গেমের সময় তিনি এই বিষয়টি তুলে ধরেন। খেলা আবার শুরু হওয়ার আগে তিনি এই গন্ধের কথা জানান।
৩০-০ স্কোরে সার্ভ করার সময় শীর্ষ বাছাই সাবালেঙ্কা আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে বলেন, ‘কেউ একজন গাঁজা খাচ্ছে। আপনি কি একটু দেখবেন... কারণ গন্ধটা খুব তীব্র।’
পরে সাংবাদিকদের সাবালেঙ্কা বলেন, কেউ নিজের মতো করে আনন্দ করলে তার কোনো আপত্তি নেই। তবে তিনি চান, ধূমপান যেন কোর্ট থেকে দূরে রাখা হয়।
হাসতে হাসতে সাবালেঙ্কা বলেন, ‘আমি বলছিলাম, শোনো, তোমরা যা খুশি করতে পারো, যা খুশি টানতে পারো, যতটা খুশি আরাম করতে পারো, কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে সেটা করো না। সেরা খেলাটা দেওয়ার চেষ্টার মধ্যে এই গন্ধ সামলানো একটু কঠিনই বটে।’
ফ্লাশিং মিডোজে গাঁজার গন্ধ এখন একটা পরিচিত বিষয়। যদিও অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আগেও খেলোয়াড়েরা এই বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
মাঠের ভেতরে ধূমপান নিষিদ্ধ হলেও, নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা সেবন বৈধ। আর আশপাশের ফ্লাশিং মিডোজ-করোনা পার্ক থেকে মানুষের ধোঁয়া টেনিস কমপ্লেক্স আর কোর্টে ভেসে আসতে পারে।
সাবালেঙ্কা জানান, এই টুর্নামেন্টে তিনি আগেও গাঁজার গন্ধ পেয়েছেন, তবে কোনো ম্যাচের মধ্যে কখনো এত তীব্রভাবে নয়। শুক্রবারের বাতাসই সম্ভবত এই গন্ধ স্টেডিয়ামের ভেতরে বয়ে এনেছে।
তিনি বলেন, ‘হ্যাঁ, এতটাই তীব্র ছিল। আর কিছুটা বাতাসও ছিল বলে হয়তো এমন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘জানি না এটা দর্শকদের দিক থেকে এসেছে নাকি বাইরে থেকে, কারণ বাতাসই এটা স্টেডিয়ামের ভেতরে টেনে এনেছে।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু চাই, তারা যেন বিষয়টা নিয়ে একটু সচেতন থাকে।’ এরপর একই বিষয়ে আবার প্রশ্ন এলে হেসে ফেলেন তিনি। তিনি বলেন, ‘আচ্ছা, বন্ধুরা। গাঁজা নিয়ে বলার মতো মনে হয় আর কিছু নেই। আমি শুধু মানুষকে অনুরোধ করছি, টেনিস কোর্টের পাশে যেন এটা না করা হয়।’
