Logo
Logo
×
   

খেলা

পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সেই পরিবর্তনের প্রভাব অধিনায়ক বাবর আজমের ওপরও পড়তে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

টেস্ট সিরিজে হারের পর সাত ক্রিকেটারসহ কোচিং স্টাফের কয়েকজনকে ছাঁটাই করা হয়েছে। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলও পদ হারিয়েছেন। পাশাপাশি নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন মিসবাহ উল হক। প্রধান নির্বাচক আকিব জাভেদও পিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় চাপে পড়তে পারেন বলে আলোচনা চলছে।

এমন পরিস্থিতিতে বাবরের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন রশিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি পিসিবির দল পরিচালনার পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার প্রশ্ন, দলের সিদ্ধান্ত যদি বোর্ডের নিয়ন্ত্রণেই নেওয়া হয়, তাহলে কোচদের সরিয়ে দেওয়ার প্রয়োজন কেন হলো? আর অধিনায়ক বাবর যদি বোর্ডের নির্দেশনা অনুসরণ না করে থাকেন, তাহলে তাকেই আগে দায়িত্ব থেকে সরানো উচিত ছিল কি না—সেটিও জানতে চান তিনি।

রশিদের প্রশ্ন, বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট? এর আগেও পিসিবির সাম্প্রতিক ছাঁটাইয়ের ঘটনায় বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন রশিদ। তার মতে, দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও কোচিং স্টাফদের সরিয়ে দেওয়ার পর অধিনায়ক হিসেবে বাবরের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো।

রশিদের দাবি, একজন অধিনায়কের দায়িত্ব শুধু মাঠে নেতৃত্ব দেওয়া নয়; দলের কঠিন সময়ে সতীর্থ ও কোচিং স্টাফদের পাশে দাঁড়ানোও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। তার মতে, বাবর বর্তমানে এমন এক অবস্থানে রয়েছেন যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত—যাকে তিনি ‘পুতুল অধিনায়ক’-এর সঙ্গে তুলনা করেছেন।

পিসিবির সিদ্ধান্তের সমালোচনা করে রশিদ আরও বলেন, একসঙ্গে এতজন ক্রিকেটার, কোচ ও মেন্টরকে সরিয়ে দেওয়ার পরও বাবর প্রকাশ্যে তাদের সমর্থনে অবস্থান নেননি। তার মতে, একজন সত্যিকারের নেতা হলে এমন পরিস্থিতিতে দলের হয়ে কথা বলা উচিত ছিল।

রশিদের মন্তব্যে তাই নতুন করে আলোচনায় এসেছে বাবরের নেতৃত্ব। পাকিস্তান ক্রিকেটে চলমান রদবদলের পর অধিনায়ক হিসেবে তার ভবিষ্যৎও এখন অনিশ্চয়তার মুখে পড়তে পারে কি না, সেটিই দেখার বিষয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম