Logo
Logo
×
   

খেলা

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ব্রায়ান লারার মানবিক আবেদন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ব্রায়ান লারার মানবিক আবেদন

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। ইমরানের প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার প্রতি মানবিক আচরণ ও প্রাপ্য মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে লারা স্পষ্ট করেছেন, তার এই বক্তব্য কোনো রাজনৈতিক অবস্থান নয়; বরং সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকেই তিনি বিষয়টি তুলে ধরেছেন।

রাজনীতিতে সক্রিয়তার কারণে ইমরান খান বর্তমানে আলোচনায় থাকলেও ক্রিকেটবিশ্বে তিনি এখনো একজন কিংবদন্তি অধিনায়ক হিসেবেই বিশেষভাবে পরিচিত। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা সাবেক এই অধিনায়কের স্বাস্থ্য ও চিকিৎসাব্যবস্থা নিয়ে সম্প্রতি ক্রিকেটবিশ্বের কয়েকজন সাবেক অধিনায়ক উদ্বেগ জানিয়েছেন। এবার সেই উদ্বেগের সঙ্গে নিজের কণ্ঠও যুক্ত করলেন লারা।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লারা জানান, খেলোয়াড়ি জীবনে ইমরান খানের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ তার হয়নি। তবে যতবারই ইমরানের মুখোমুখি হয়েছেন, তার প্রতি গভীর শ্রদ্ধা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইমরানের বর্তমান পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে লারা বলেন, একসময় যিনি নিজ দেশের মানুষের কাছে আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি এখন এমন একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে প্রয়োজনীয় যত্ন ও মানবিক আচরণ নিয়ে প্রশ্ন উঠছে।

ইমরানের স্বাস্থ্য নিয়ে লারার উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার চিকিৎসা। তিনি চান, ইমরান যেন তার শারীরিক প্রয়োজন অনুযায়ী স্বাধীনভাবে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার সুযোগ পান এবং একজন মানুষের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হয়।

পাকিস্তানের ক্রিকেটে ইমরান খানের অবদানের কথাও স্মরণ করেন লারা। তার নেতৃত্বেই ১৯৯২ সালে পাকিস্তান প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করে। ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর রাজনীতিতে যোগ দেন ইমরান এবং ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বও গ্রহণ করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম