সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।
চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে অবশ্য খুব বেশি অবদান রাখতে পারেননি। তবে বোলিং দিয়ে সেই ঘাটতি পুষিয়ে দিয়েছেন তিনি।
গায়ানার জয়ের পথে বড় ভূমিকা রেখেছেন ম্যাচসেরা ইমরান তাহির। তার দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি কুইন্টন স্যাম্পসনের ঝোড়ো ব্যাটিংয়ে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা। ৮ ম্যাচে এটি তাদের সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রেখেছে দলটি।
সিপিএলে এটি মিরাজের দ্বিতীয়বার দল পাওয়ার ঘটনা। এর আগে ত্রিনবাগো নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার মোহাম্মদ নবীর জায়গায় গায়ানার দলে সুযোগ পান এই বাংলাদেশি অলরাউন্ডার। প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
বল হাতে প্রথম ওভারেই সাফল্য পান মিরাজ। এগিয়ে এসে তার অফস্পিন উড়িয়ে মারতে গিয়ে লং-অনে ক্যাচ দেন জন ক্যাম্পবেল। এরপর নিজের তৃতীয় ওভারে পরপর কেমল সেভরি ও চারিথ আসালাঙ্কাকে সাজঘরে ফেরান তিনি। বাকি সময়ে আর উইকেট না পেলেও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চাপ ধরে রাখেন। ৪ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ১৩টি ডট বল করেছেন মিরাজ।
অন্যদিকে ৪৭ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নতুন রেকর্ড গড়েছেন ইমরান তাহির। মাত্র ১৭ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার, যা টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিং। সংক্ষিপ্ত সংস্করণে এটি তাহিরের ষষ্ঠ ফাইফার। টি-টোয়েন্টিতে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে। এই কীর্তি সবচেয়ে বেশি সাতবার করেছেন ডেভিড ভিসে।
গায়ানার বোলাররা দারুণ করলেও ব্যাটিংয়ে শুরুটা খুব একটা স্বস্তির ছিল না। ওপেনার গ্লেন ফিলিপসের ৩৭ রানের পর শেষদিকে কুইন্টন স্যাম্পসনের মাত্র ১১ বলে ৩৭ রানের বিস্ফোরক ইনিংস দলকে জয়ের কাছে নিয়ে যায়। স্যাম্পসনের ইনিংসে ছিল একটি চার ও পাঁচটি ছক্কা। শেষ পর্যন্ত চার উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।
ব্যাটিংয়ে পাঁচ নম্বরে নামা মিরাজ অবশ্য মাত্র ৪ বলে ১ রান করেন। স্পিনার চেজের বল সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে আসালাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
সিপিএলে মিরাজের পরবর্তী ম্যাচ ১১ সেপ্টেম্বর, ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। সেই ম্যাচে সাবেক দলটির বিপক্ষে আরও একবার আলো ছড়ানোর সুযোগ থাকছে বাংলাদেশের এই অলরাউন্ডারের।

