Logo
Logo
×
   

Advertisement

খেলা

সূর্যবংশীকে যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে রাখলেন গম্ভীর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

সূর্যবংশীকে যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে রাখলেন গম্ভীর

Advertisement

মাত্র ১৫ বছর বয়সেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ভারত জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুর পথটা খুব একটা সহজ হয়নি।

ইংল্যান্ড সফরের প্রথম তিন ম্যাচে ১৩ থেকে ১৫ রানের মধ্যে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন এই তরুণ ব্যাটার। এরপর জিম্বাবুয়ে সফরে টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করে ছন্দে ফেরার ইঙ্গিত দেন তিনি। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পুরো সময়ই তাকে কাটাতে হয়েছে একাদশের বাইরে।

সূর্যবংশীকে কেন নিয়মিত একাদশে রাখা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, আপাতত সুযোগের অপেক্ষায় থাকতে হবে এই তরুণকে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভারত ৩-০ ব্যবধানে জিতেছে। পুরো সিরিজে অভিষেক শর্মার সঙ্গে ইনিংস উদ্বোধন করেছেন সঞ্জু স্যামসন। দুটি ম্যাচে দুর্দান্ত হাফসেঞ্চুরি করে ওপেনার হিসেবে নিজের জায়গা আরও শক্ত করেছেন স্যামসন। মূলত তাকে টপ অর্ডারে সুযোগ করে দিতেই একাদশের বাইরে থাকতে হয়েছে সূর্যবংশীকে।

সামনেও পরিস্থিতি খুব বেশি বদলানোর সম্ভাবনা নেই। ভিভিএস লক্ষ্মণের অধীনে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতীয় দল আসন্ন এশিয়ান গেমসে অংশ নেবে। সেখানেও একাদশে জায়গা পেতে সূর্যবংশীকে অপেক্ষা করতে হতে পারে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, অভিজ্ঞতার বিচারে আপাতত সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাই এগিয়ে থাকবেন।

তিনি বলেন, ‘বৈভবের সঙ্গে দলগত আলোচনাটা খুবই পরিষ্কার, তাকে আপাতত সুযোগের অপেক্ষায় থাকতে হবে। তার মধ্যে কী পরিমাণ প্রতিভা রয়েছে কিংবা সে কী করতে সক্ষম, সে বিষয়ে আমাদের বিন্দুমাত্র সংশয় নেই।’

অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও স্পষ্ট করেন গম্ভীর। সাবেক এই ভারতীয় ওপেনার বলেন, ‘যারা বিগত এক বছর ধরে ধারাবাহিকভাবে অসাধারণ খেলে আসছে, যেকোনো নতুন খেলোয়াড়ের চেয়ে তারা স্বাভাবিকভাবেই দলে এগিয়ে থাকবে। তবে বৈভব যখনই সুযোগ পাবে, তার কাছেও দীর্ঘ সময় পারফর্ম করার সুযোগ থাকবে।’

দলে সুস্থ প্রতিযোগিতা থাকা প্রয়োজন বলেও মনে করেন গম্ভীর। তার ভাষায়, ‘ভারতীয় ক্রিকেটের মূল সৌন্দর্যই তো এটি। আমরা দলে সুস্থ প্রতিযোগিতা দেখতে চাই, ড্রেসিংরুমে এমন দারুণ সব প্রতিভার উপস্থিতি চাই। তবে আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা এমনই। এখানে আপনার বয়স ১৫ বছর হোক কিংবা ৩০ বছর, একাদশে জায়গা পাওয়ার জন্য ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করতেই হয়।’

জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বৈভব সূর্যবংশী। ৩২.১৬ গড়ে তার সংগ্রহ ১৯৩ রান। তার স্ট্রাইক রেটও ১৮৯-এর বেশি, যা আন্তর্জাতিক ক্রিকেটে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামর্থ্যই তুলে ধরে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম