৫ ছক্কা হজম করলেন মিরাজ, ২০৬ করেও বিদায় নিল তার দল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যাত্রাটা বেশ ভালোই হয়েছিল মেহেদী হাসান মিরাজের। তবে সেটার শেষটা ভালো হলো না আদৌ। এক ম্যাচেই ৫ ছক্কা হজম করতে হলো তাকে। ২০৬ রানের বিশাল পুঁজি নিয়েও জিততে পারেনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জ্যামাইকা কিংসম্যানের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালের এক ধাপ আগেই বিদায় নিতে হলো মিরাজের দলকে।
ব্রিজটাউনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ছিল গায়ানা। দারুণ এক সেঞ্চুরি করেছিলেন শিমরন হেটমায়ার। ৪৫ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গে শেই হোপের ৪০ আর কোয়েন্টিন স্যাম্পসনের ঝোড়ো ২৯ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় গায়ানা।
বোলিং ইনিংসের দ্বিতীয় ওভারে মিরাজকে আক্রমণে আনে গায়ানা। দুই বাঁহাতির বিপক্ষে ম্যাচআপ কাজে লাগানোতেই বোধ হয় চোখ ছিল অধিনায়ক ইমরান তাহিরের। কিন্তু সে আশা পূরণ হয়নি তার। প্রথম ওভারেই মা’জ সাদাকাতের ব্যাট থেকে হজম করেন ২টি ছক্কা আর একটি চার।
নিজের দ্বিতীয় ওভারে আরও একটি ছক্কা হজম করেছেন মিরাজ। এরপর ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে আরও ২ ছক্কা হজম করেন তিনি। তার বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৪-০-৪৩-০।
শেষ কয়েক ম্যাচে তিনিই ছিলেন গায়ানার সবচেয়ে উজ্জ্বল বোলার। আগের ৪ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট। সেই তিনিই যখন ২০৬ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে দিয়ে বসবেন ৪৩ রান, তখন দল বিপাকে পড়বে, সেটাই স্বাভাবিক। গায়ানার হয়ে সবচেয়ে ভালো বোলিং করেছেন ডুয়েইন প্রিটোরিয়াস, ৩৭ রানে তিনি নিয়েছেন ২টি উইকেট। বাকি সবাই রান দিয়েছেন ওভারপ্রতি ১০-এরও বেশি করে।
ওদিকে জ্যামাইকা ২০৭ রান তাড়ায় শুরু থেকেই চড়াও হয়েছিল। মা’জ ১৭ বলে করেছেন ৪১, কেসি কার্টি করেছেন ৫৬ রান; সঙ্গে কার্ক ম্যাকেঞ্জির ৩৪, সাইম আইয়ুবের ২৩ আর রভম্যান পাওয়েলের ১৭ বলে ৪০ রানের ইনিংস অনায়াসে জ্যামাইকাকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।
দ্বিতীয় কোয়ালিফায়ারের এই হারের ফলে এবারের সিপিএল যাত্রা শেষ গায়ানার। ওদিকে মিরাজের দারুণ সিপিএল যাত্রাটা এবার শেষ হলো হতাশায়।
