|
ফলো করুন |
|
|---|---|
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ভারতীয় সাবেক এই অধিনায়ক গতকাল গণ্ডীগড়ে ৮৫ বলে ১০টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৯২ রানের ইনিংস খেলেন। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি।
এদিন ক্যারিবীয়দের বিপক্ষে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলার পথেই ওয়ানডে ইতিহাসের দ্রুততম ওপেনার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রোহিত শর্মা। আর তাতেই ভেঙে যায় ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকারের দীর্ঘ দুই দশকের পুরোনো এক কীর্তি।
এই মাইলফলকে পৌঁছাতে রোহিতের লেগেছে ২০২ ম্যাচ। শচীনের লেগেছিল ২১৪, শচীনের চেয়ে ১২ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়লেন রোহিত। এর সঙ্গে এক দিনের ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা মাত্র চতুর্থ ব্যাটসম্যান হলেন রোহিত।
এই তালিকায় রোহিতের আগে ছিলেন শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলংকার সনৎ জয়সুরিয়া। ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান এখনো ভারতীয় ব্যাটিং মাস্টার শচীনের। ৩৪০ ইনিংসে তার রান ১৫ হাজার ৩১০। জয়সূর্যের ৩৮৩ ইনিংসে ১২হাজার ৭৪০ রান এবং গেইলের ২৭৪ ইনিংসে ১০ হাজার ১৭৯ রান।
শনিবার রোহিতের ৯২ আর লোকেশ রাহুলের ৮৭ বলের অপরাজিত ১২৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৭ উইকেটে ৩৫১ রান করে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে শাই হোপের ব্যাটিং তাণ্ডবে ১০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ের রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ে ১৪৩ বলে ১৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক শাই হোপ।
ওয়ানডেতে সাড়ে তিন শতাধিক রান তাড়া করে এটাই ক্যারিবীয়দের জয়ের রেকর্ড। এর আগে তারা ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২৭ রান তাড়া করে জয় পেয়েছিল।
