রোহিত শর্মার অবসর সময় যেভাবে কাটে
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
রোহিত শর্মা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় জনপ্রিয় ক্রিকেট তারকা রোহিত শর্মা দীর্ঘ সময় ক্রিকেট খেলার বাড়িতে ফিরে তার অবসর সময়টা কেমন কাটে তা নিয়ে কথা বলেছেন। তারকাখ্যাত এই ক্রিকেটারের কাছে বিশ্রাম নেওয়া মানে পুরোপুরি সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা নয়। বরং তিনি তার দুই ছোট সন্তানকে নিয়ে সময় কাটাতেই বেশি পছন্দ করেন।
সম্প্রতি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ‘ফ্যামিলি ফুল হাউস’ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন রোহিত শর্মা। অনুষ্ঠানটি প্রতি শনিবার ও রবিবার রাত ৯টা ৩০ মিনিটে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয়।
তাকে এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায়ও দেখা গেছে। একটি পর্বে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে তাকে জিজ্ঞেস করেন, দীর্ঘ সময় ক্রিকেট খেলা ও ভ্রমণের পর বাড়িতে ফিরে তিনি কীভাবে নিজেকে স্বস্তি দেন।
পবিত্র রিশতাখ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে বলেন, ‘আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি বলুন তো, এত ক্রিকেট খেলে এবং এত ভ্রমণ করে বাড়ি ফেরার পর আপনার রিল্যাক্স করার ধরনটা কী?’
রোহিত শর্মার উত্তরজুড়ে ছিল তার সন্তানদের কথা। তিনি জানান, বাড়িতে ফিরে তিনি তার দুই সন্তানকে অনুসরণ করে বাড়ির এদিক-ওদিক ঘুরে বেড়াতেই উপভোগ করেন। ব্যস্ত ক্রিকেট সূচির কারণে তাদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারেন না বলেই বাড়িতে ফিরলে সন্তানদের সঙ্গে সময় কাটানো তার কাছে বিশেষ আনন্দের।
রোহিত বলেন, ‘আমি আমার দুই বাচ্চার পেছনে ছুটে বেড়াই। ওদের সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে। কারণ আমরা যখন এত বেশি ভ্রমণ করি, তখন বাড়িতে সময় কাটাতে পারি না। তাই যখনই বাড়িতে আসি, দেখি ওরা বাড়িতে কী করছে, কোথায় ছুটে বেড়াচ্ছে। আর আমিও ওদের পেছনে পেছনে ছুটতে থাকি।’
রোহিতের এই কথা শুনে অঙ্কিতা লোখান্ডেও তার সঙ্গে একমত হন। তিনি বলেন, দারুণ! এটাই তো সবচেয়ে ভালো থেরাপি।
রোহিত শর্মা ও রিতিকা সাজদেহ ২০১৫ সালে বিয়ে করেন। ২০১৮ সালে তাদের কন্যাসন্তান সামাইরা শর্মার জন্ম হয়। এরপর ২০২৪ সালে তাদের ছেলে আহান শর্মার জন্ম হয়।
সূত্র: এনডিটিভি
