অভিষেক ম্যাচের সেই দুঃস্মৃতি এখনো পোড়ায় মেসিকে
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের ঐতিহ্যবাহী ‘এস্তাদিও মনুমেন্তাল’ স্টেডিয়ামে আজ বুধবার (০৭ অক্টোবর) ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির আন্তর্জাতিক বিদায়মঞ্চে ঘটল এক অদ্ভুত ও সুন্দর ঘটনা। ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই রেফারি হেঁটে মেসির দিকে এগিয়ে যান এবং তার হাতে একটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড তুলে দেন।
তবে এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছিল না।
চিলির রেফারি ফার্নান্দো ভেজার, যিনি আর্জেন্টিনা ও বেনিনের মধ্যকার ৩-০ স্কোরলাইনের ম্যাচটি পরিচালনা করছিলেন, তিনি ম্যাচে ব্যবহৃত নিজের লাল ও হলুদ কার্ড দুটি মেসিকে ব্যক্তিগত স্মারক উপহার হিসেবে দেন। একই সঙ্গে তিনি ম্যাচের বলটিও মেসির হাতে তুলে দেন।
রেফারির এই উপহারের মধ্যে লুকিয়ে ছিল এক দারুণ ঐতিহাসিক রূপক।
২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে জাতীয় দলের জার্সিতে মেসির যখন অভিষেক হয়, তখন মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় লাল কার্ড দেখে মেসিকে অশ্রুসজল চোখে মাঠ ছাড়তে হয়েছিল। সেই দুঃসহ স্মৃতি এখনও পোড়ায় মেসিকে।
দীর্ঘ ২১ বছর পর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিনে আবারও সেই লাল কার্ড এলো তার হাতে—তবে এবার কোনো শাস্তির গ্লানি নিয়ে নয়, বরং বিশ্বফুটবলের এক রাজকীয় অধ্যায়ের বিদায়ী স্মারক হিসেবে।
বিদায়ী এই ম্যাচে ৮০ হাজারেরও বেশি গ্যালারিভর্তি দর্শকের সামনে নিজের চিরাচরিত রূপেই ধরা দেন ৩৯ বছর বয়সি মেসি। পুরো ম্যাচে তিনি এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও দুই গোল। ম্যাচের প্রথম গোল কর্নার থেকে নিকোলাস ওতামেন্দিকে দিয়ে গোল করান মেসি। নিকো পাজের করা দ্বিতীয় গোলেও দারুণ এক অ্যাসিস্ট দেন এই ক্ষুদে জাদুকর।
তবে খেলার ৭১ মিনিটে আসে সেই কাঙ্খিত মুহূর্ত। পেনাল্টি থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২৬তম গোলটি করে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখেন মেসি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি ২০৮ ম্যাচে মোট গোল করেছেন ১২৬টি। জিতেছেন ১টি ফিফা বিশ্বকাপ (২০২২) এবং ২টি কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪)।
আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি চিরতরে তুলে রাখলেও পেশাদার ক্লাব ফুটবলকে এখনই বিদায় বলছেন না ৮ বারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকা। আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকায় মেজর লিগ সকারে (এমএলএস) তার খেলা অব্যাহত থাকবে।

