ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম
ফিফটির রেকর্ড গড়া ম্যাকগার্ক পরে সেঞ্চুরিও করেছেন/ছবি-ক্রিকইনফো
|
ফলো করুন |
|
|---|---|
জেক ফ্রেজার-ম্যাকগার্ককে মনে আছে? ২০২৪ আইপিএলে ৩৩০ এরও বেশি রান করেছিলেন ২৩০ স্ট্রাইক রেটে, প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরে ২০ বলেরও কম খেলে ৩টি ফিফটির রেকর্ড গড়েছিলেন যিনি, সেই ম্যাকগার্ক? সেই তিনি আবারও ইতিহাস গড়েছেন। এমন এক রেকর্ড গড়েছেন, যা অস্ট্রেলিয়া ক্রিকেট দেখেনি আর কখনোই!
অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। অ্যাডিলেডের কারেন রোলটন ওভালে কুইন্সল্যান্ডের বিপক্ষে তিনি মাত্র ১৪ বলে ফিফটি করেছেন। এরপর ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে সাউথ অস্ট্রেলিয়া বড় রান তোলে।
ফ্রেজার-ম্যাকগার্ক ৬৩ বলে ১২২ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। লিস্ট এ ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
ইনিংসের শুরুতেই ফ্রেজার-ম্যাকগার্ক ঝড় তোলেন। দ্বিতীয় ওভারে টম স্ট্রেকারের বলে তিনি ২২ রান নেন। চতুর্থ ওভারে টম হুইটনির বলে নেন ১৬ রান। ষষ্ঠ ওভারে হেইডেন কারকে একটি ছক্কা ও একটি চার মারেন। এতে ১৪ বলে তার ফিফটি হয়ে যায়।
সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ানদের মধ্যে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নেন ম্যাকগার্ক। আগের রেকর্ডটাও অবশ্য তারই ছিল। ২০২৩ সালে তিনি ফিফটি করেছিলেন ১৮ বলে। এবার ৪ বল কম খেলেছেন ফিফটির মাইলফলক ছুঁতে।
তবে বিশ্ব রেকর্ডটা তিনি গড়তে পারেননি। সেটি বৈভব সূর্যবংশীর দখলে আছে। গেল জুনে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ১১ বলে ফিফটি করে এই রেকর্ড গড়েন ১৫ বছর বয়সী এই ব্যাটার।
ম্যাকগার্ক সেই বিশ্বরেকর্ড ভাঙতে না পারলেও আশা জাগিয়েছিলেন দ্রুততম সেঞ্চুরির। ফিফটির পরের আট বলে তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। ২২ বল শেষে তার রান গিয়ে দাঁড়ায় ৭৫-এ। ২৯ বলে সেঞ্চুরি হাতের নাগালেই ছিল। ৬ বলে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান!
কিন্তু কুইন্সল্যান্ডের অধিনায়ক মিচেল সোয়েপসন সেই আশায় পানি ঢেলে দেন। চার টেস্ট খেলা এই স্পিনার নবম ওভারে ফ্রেজার-ম্যাকগার্ককে পাঁচ বল করেন। এতে রান আসে মাত্র একটি।
সে ওভারে তার একটি শট মিসহিট হয়ে গিয়ে পড়ে মিড অনের একটু সামনে। তারপর একবার এলবিডব্লিউ হতে হতেও রক্ষা পান অল্পের জন্য। এরপরই খোলসে ঢুকে যান তিনি। ম্যাকেঞ্জি হার্ভির সঙ্গে তার উদ্বোধনী জুটিতে ১১.৩ ওভারে ১২৯ রান ওঠে। হার্ভি ৩৫ বলে ৪৬ রান করে আউট হন। ১৪তম ওভারে হুইটনিকে পরপর দুটি ছক্কা মেরে ফ্রেজার-ম্যাকগার্ক ৯০-এর ঘরে পৌঁছান। এরপর একটি একটি করে সিঙ্গেল নিয়ে ৪৯তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন।
জ্যাক ক্লেটনের বলেও তিনি দুটি চার ও একটি ছক্কা মারেন। ক্লেটন বাঁহাতি অর্থডক্স স্পিনার এবং খণ্ডকালীন বোলার। শেষে কারের বাঁহাতি সিম বোলিংয়ে স্লগ সুইপ করতে গিয়ে ১২২ রানে এলবিডব্লিউ হন।
যে মাঠে এই ইনিংসটা খেললেন, সেই কারেন রোলটন ওভালের সঙ্গে ফ্রেজার-ম্যাকগার্কের সম্পর্ক গভীর। অস্ট্রেলিয়ার অন্য সব মাঠে যেখানে ৩২টি লিস্ট এ ইনিংসে তার গড় মাত্র ২০.৫৫, আর স্ট্রাইক রেট ১১২, সেখানে এই মাঠে ছয় ইনিংসে তার দুটি সেঞ্চুরি ও একটি ৮৮ রানের ইনিংস আছে। গড় ৬৮.৬৬, স্ট্রাইক রেট ২০৪.৯৭। অস্ট্রেলিয়ান রেকর্ডটা ভেঙে দিতেও সেই মাঠটাকেই বেছে নিলেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক!
