এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ এল ক্লাসিকো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই ঘিরে সমর্থকদের পাশাপাশি সাবেক ও বর্তমান ফুটবলার, কোচ এবং বিশ্লেষকদের মধ্যেও থাকে বাড়তি উত্তেজনা। আসন্ন মৌসুমের প্রথম এল ক্লাসিকো নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে এবার বার্সেলোনার প্রতি সমর্থন প্রকাশ করেছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ।
আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন নিজের পছন্দের দল নিয়ে মুখ খুলেছেন লিভারপুলের সাবেক এই কোচ।
তার মতে, বর্তমানে মাঠে সবচেয়ে ভালো ফুটবল খেলা দলটির পক্ষেই তিনি থাকতে চান, আর সেই বিবেচনায় বার্সেলোনাকে এগিয়ে রাখছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের বিরতিতে ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে ক্লপ জানান, এল ক্লাসিকো দেখার জন্য তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
নিজের ফুটবলপ্রেমের কথা তুলে ধরে ক্লপ বলেন, ‘অবশ্যই আমি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো ম্যাচটি দেখব। জীবনের প্রতিটি ধাপেই আমি এই ম্যাচটির দারুণ অনুরাগী ছিলাম এবং নিয়ম করে তা উপভোগ করেছি।’
বার্সেলোনার প্রতি নিজের পুরোনো দুর্বলতার কারণও ব্যাখ্যা করেছেন ক্লপ। অতীতেরিয়াল মাদ্রিদের কয়েকজন খেলোয়াড়ের আগ্রাসী খেলার ধরন তার পছন্দ ছিল না বলে জানিয়েছেন এই জার্মান কোচ। তিনি বলেন, ‘অতীতে আমি বার্সেলোনার সমর্থক ছিলাম, কারণ পেপে ও রিয়াল মাদ্রিদের অন্য ডিফেন্ডারদের আচরণ বা আগ্রাসী খেলার ধরণ আমি একদমই পছন্দ করতাম না।’
তবে এখন আর শুধু অতীতের পছন্দের ভিত্তিতে দল বেছে নেন না ক্লপ। তার কাছে মাঠের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তবে আজ আমি সেই দলকেই সমর্থন করি, যারা মাঠে সেরা ফুটবল খেলে। আর এই মুহূর্তের পরিস্থিতি বিবেচনা করলে, সেই দলটা সম্ভবত বার্সেলোনাই।’
ম্যাচটি বার্সেলোনার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। জিততে পারলে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৯ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ পাবে কাতালান ক্লাবটি। পাশাপাশি মৌসুমের প্রথম ৯ ম্যাচে জয় পাওয়ার পর টানা দশম জয় তুলে নিয়ে লিগে নিজেদের দুর্দান্ত সূচনাকে আরও সমৃদ্ধ করতে চাইবে হ্যান্সি ফ্লিকের দল।
অন্যদিকে, বার্সেলোনার জয়যাত্রায় বাধা দিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের সম্ভাব্য রেকর্ডের পথে বাধা হয়ে দাঁড়ানো এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়াই হবে তাদের লক্ষ্য।
ক্লপের সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্ক নিয়েও অতীতে নানা আলোচনা হয়েছে। ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার আগে তাকে ঘিরে স্প্যানিশ ক্লাবটির আগ্রহের গুঞ্জন ছিল। পরে লিভারপুলের কোচ হিসেবে ২০১৮ ও ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছিল তাকে।
এবার সরাসরি কোচ হিসেবে নয়, দর্শক হিসেবেই এল ক্লাসিকো উপভোগ করবেন ক্লপ। তবে ম্যাচে কোন খেলোয়াড়ের পারফরম্যান্স তার নজর কাড়বে, তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

