ছবি: ক্রিকইনফো
|
ফলো করুন |
|
|---|---|
সিরিজ নির্ধারণী টেস্টে শ্রীলংকার বিপদ যেন কাটছেই না। প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। ২২৭ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দিনের শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করেছে তারা। ফলে এখনো ১৫৩ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
রাওয়ালপিতে দিনের খেলা শেষে ক্রিজে আছেন ওপেনার সুরিয়াবান্দারা ও ধনাঞ্জয়া ডি সিলভা। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে গুরুত্বপূর্ণ রান। সুরিয়াবান্দারা ১৮ এবং ধনাঞ্জয়া ২৪ রানে অপরাজিত রয়েছেন। আগামীকাল এই জুটি কতটা প্রতিরোধ গড়তে পারে, তার ওপর অনেকটাই নির্ভর করছে শ্রীলংকার ভাগ্য।
এর আগে দিনের শুরুতে ৩ উইকেটে ১২১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। আগের দিন ৪৭ রানে অপরাজিত থাকা আজান আওয়াইসকে ফিরিয়ে দিনের প্রথম উইকেটটি তুলে নেন লাহিরু কুমারা। ১০৪ বলে ৪৭ রান করে বিদায় নেন তিনি।
এরপর সৌদ শাকিল ২৪ এবং আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা সাকিব খান ৩৭ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। লাহিরু কুমারার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের মিডল অর্ডারেও ধস নামে। সালমান আলী আগা ২১ রান করে আসিতা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।
তবে এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানের ইনিংস এগিয়ে নেন উইকেটকিপার ব্যাটার ঘাজি ঘোরি। তার ৫৪ রানের কার্যকর ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষ দিকে রাজাউল্লাহর ঝোড়ো ব্যাটিংও দলের সংগ্রহ বাড়াতে বড় ভূমিকা রাখে। মাত্র ৩২ বলে ৪২ রান করেন তিনি।
শেষ পর্যন্ত ৮৭.৫ ওভারে ৩২৫ রানে অলআউট হয় পাকিস্তান। শ্রীলংকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লাহিরু কুমারা। তিনি একাই শিকার করেন পাঁচ উইকেট। আসিতা ফার্নান্দো পান তিনটি উইকেট।
পাকিস্তানের ২২৭ রানের লিড পেছনে ফেলতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। কিন্তু এবারও শুরুটা ভালো হয়নি তাদের। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
দিন শেষে ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে শ্রীলংকা। এখনো ১৫৩ রানে পিছিয়ে থাকায় বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে দলটি।
প্রথম টেস্ট ড্র হওয়ায় দুই ম্যাচের সিরিজের ভাগ্য নির্ধারিত হবে এই ম্যাচেই। ফলে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের অবস্থান এখন বেশ শক্ত হলেও সফরকারীদের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

