Logo
Logo
×
   

বাংলার মুখ

পাবনা-২ আসন

হাবিবকে মন্ত্রী হিসাবে চান এলাকাবাসী

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাবিবকে মন্ত্রী হিসাবে চান এলাকাবাসী

অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। ধানের শীষ প্রতীকে তিনি ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট।

এই ব্যবধানের জয়ে এলাকার মানুষের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে এবং এখন সেলিম রেজা হাবিবকে মন্ত্রী করার জোর দাবি উঠেছে। চায়ের দোকান, হাট-বাজার ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পর্যন্ত আলোচনা চলছে।

সেলিম রেজা হাবিব ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাশ করেন। এরপর পাবনা আমিন উদ্দিন কলেজ থেকে এলএলবি অর্জন করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যুক্ত হন। ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকাকাল থেকেই তিনি নেতৃত্ব প্রদর্শন করেছেন। ১৯৯০ সালে প্রথমবার ভোটের মাধ্যমে সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত সব জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১/১১ এবং পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি বহুবার জেলে ভুগেছেন এবং নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছেন, সেলিম রেজা হাবিবকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দেখতে চান। তার সময়ে এলাকার সড়ক ও ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন, পল্লী বিদ্যুতের সংযোগ, টিউবওয়েল প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও নতুন ভবন নির্মাণের মতো উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে সেলিম রেজা হাবিব তার জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন।

সুজনগর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম যোগ করেন, মন্ত্রিসভায় স্থান দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের মানুষের আশা পূরণ হবে। এলাকার সর্বস্তরের মানুষ ও দলের নেতাকর্মীরা একযোগে তার মন্ত্রিত্বের দাবি তুলছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .