Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বিস্ফোরণে ফের কাঁপল বিমানবন্দর

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

বিমানবন্দরে নিহতদের মধ্যে ৪ সৌদি ও যুক্তরাষ্ট্রের এক নাগরিক রয়েছেন * রিয়াদে আরও ৪ বাংলাদেশি আইসিইউতে, আহত ৩০৯ জন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক ও কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ বিমানবন্দরে শনিবার হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত দুই বাংলাদেশি হলেন-বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মুফতি নাসরুল্লাহ। এর মধ্যে শাহেদ সৌদিতে শ্রমিকের কাজ করতেন এবং নাসরুল্লাহ ওমরাহ পালন করার জন্য শনিবারই রিয়াদ পৌঁছেছিলেন। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে রয়েছেন। হামলায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্রে আহত হয়েছেন আরও ৩০৯ জন। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। এছাড়াও রাজধানী রিয়াদের সব স্কুল এক সপ্তাহের জন্য অনলাইনে পাঠদান চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুথিরা এর আগেও আরও দুই দফা হামলা চালিয়েছে এই বিমানবন্দরে। এদিকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার আবার হামলা হয়েছে। এতে বিমানবন্দরের একটি টার্মিনালে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না বা কী ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এটি এই বিমানবন্দরে চতুর্থদফা হামলা। শনিবার ক্ষেপণাস্ত্রের হামলার কথা বলা হলেও রোববার হামলা সম্পর্কে কিছু জানা যায়নি।

এ ঘটনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট রোববার বলেছে, ‘কঠোরভাবে’ এই হামলার জবাব দেওয়া হবে। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে হামলার প্রত্যক্ষদর্শী এক যাত্রী এএফপিকে বলেন, তিনি ৪০৩ নম্বর গেটে ছিলেন। হঠাৎ বিকট শব্দ, পরক্ষণেই দেখি চারদিকে আগুন। দেখতে পাই ৪০১ নম্বর গেট ক্ষেপণাস্ত্রের আঘাতে চূর্ণবিচূর্ণ। আহত ব্যক্তিরা নিচে পড়ে কাতরাচ্ছেন। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রক্তাক্ত মানুষগুলো উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। যারা অক্ষত তারা এদিক-ওদিক ছোটাছুটি করছিলেন। চারদিকে শুধুই আতঙ্ক। ঘটনার পর বিশ্বের বিমান সংস্থাগুলোর প্রতি হুথি বিদ্রোহীদের সতর্কবার্তা-সবাইকে সৌদির আরবের বিমানবন্দর ও তাদের আকাশসীমা পরিহার করতে হবে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-তে এই সতর্কবার্তা দিয়ে জানান, মুসলমানদের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার বিমানবন্দর এই সতর্কতার আওতামুক্ত।

শিগগিরই নিহতদের লাশ দেশে আনার ব্যবস্থা করব-শামা ওবায়েদ : এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোববার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, সৌদিতে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। চার বাংলাদেশি আহত হয়েছেন, তারা সৌদির কিং খালিদ হাসপাতালের আইসিইউতে আছেন। তিনি জানান, আগেও যখন হুথিরা আক্রমণ করেছিল, সেখানে কিন্তু বাংলাদেশের একজন নিহত হয়েছিল। এখন দুজন নিহত হলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিগত দিনে ১৪ বাংলাদেশিকে হারিয়েছি। আমরা আশা করব, এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এ ধরনের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় একটি কথা বলেছেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে-আমাদের বিশাল যে জনগোষ্ঠী বাংলাদেশি ভাইবোনরা যারা বিদেশে চাকরি করেন, যারা আমাদের রেমিট্যান্সযোদ্ধা, তাদের নিরাপত্তা, তাদের দেখভাল করাটা আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা সেটিই করার চেষ্টা করছি এবং আমাদের মিশন ওখানে আরও যারা বাংলাদেশি আছে তাদের সঙ্গে যোগাযোগ করছে, হতাহতের অবস্থা জানার চেষ্টা করছে এবং যারা বাংলাদেশি ভাইয়েরা আছেন তারা যতদূর সম্ভব যাতে নিরাপদে থাকতে পারেন, সে নির্দেশনা আমাদের মিশনকে দেওয়া হচ্ছে।

যারা মারা গেছেন তাদের লাশ এবং যারা আহত আছেন আইসিইউতে আছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকারের কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা আছে কিনা-জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, মাত্র দুর্ঘটনাটা ঘটেছে। আমরা অবশ্যই সৌদি সরকারের সঙ্গে এবং আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা ওখানে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানির মালিকদের সঙ্গে কথা বলতে হবে। সব ফরমালিটিজ কমপ্লিট করে তাদের লাশ যাতে তাদের পরিবারের কাছে শিগগিরই সম্ভব দেশে ফেরত আনা যায়, সে ব্যবস্থাটা আমরা অবশ্যই করব।

হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ : বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়। নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও বিবৃতিতে জানানো হয়। এ ঘটনায় সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

আহত বাংলাদেশিদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী : এদিকে আহত বাংলাদেশিদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আহতদের চিকিৎসা, নিরাপদ আবাসন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্বজুড়ে নিন্দার ঝড়, যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে আক্রমণে যোগ দেয়ার কথা ভবছে-ট্রাম্প : এ ঘটনায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে নিন্দার ঝড়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের লংঘন। এসব হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হামলাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের আক্রমণে ওয়াশিংটন যোগ দেওয়ার কথা বিবেচনা করছে। সাংবাদিকদের তিনি বলেছেন, আমরা যোগ দিতে পারি। আমরা এটি খতিয়ে দেখব। আমরা সবেমাত্র এই হামলার ঘটনার বিষয়ে জেনেছি, তাই আমরা এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রিয়াদের বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়াও হামলার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান ট্রাম্প। হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসাবে বর্ণনা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল এ হামলাকে সৌদি আরব ও বেসামরিক বিমান চলাচলের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন।

ঘটনাটিকে ‘ঘৃণ্য কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও। রোববার ইরাকের প্রধানমন্ত্রীর মুখপাত্র সাবাহ আল-নুমান এক বিবৃতিতে বলেন, সংঘাতের পরিণতি থেকে বেসামরিক মানুষ ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর জনগণকে রক্ষা করতে সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করা প্রয়োজন। এছাড়াও সৌদির পাশে থাকার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, ইরান-সমর্থিত হুথিরা গত জুলাইয়ে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সৌদি আরবে নজিরবিহীন মাত্রায় হামলা চালাচ্ছে। দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও তেলবাহী জাহাজ এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিস্ফোরণে ফের কাঁপল বিমানবন্দর রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

ভারতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি ব্যাপক ধরপাকড়েও বেগবান আন্দোলন

ব্যাপক ধরপাকড়েও বেগবান আন্দোলন

সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী চাঁদাবাজ দখলদারদের জায়গা বিএনপিতে নেই

চাঁদাবাজ দখলদারদের জায়গা বিএনপিতে নেই

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম