Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’

সেই যুবক ও বাবা আটক

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’

ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার রাজশাহী সফর করেন। এ সময় তিনি ও তার সফরসঙ্গীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি ছোট বাস ব্যবহার করেন। সেই ছবি ফেসবুকে দেখে আবু বকর সিদ্দিক (২২) নামের এক যুবক মন্তব্য করেছিলেন-‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

এরপর মন্তব্যকারী আবু বকর সিদ্দিককে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাবা আয়নাল হককেও আটক করা হয়েছে। তারা এখন ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, আমরা দুজনকেই একটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আবু বকরের বাড়ি রাজশাহীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায়। তার বাবা আয়নাল হক পেশায় কৃষক। তার চার ছেলে-মেয়ে। আবু বকর সিদ্দিকই সবার বড়। তিনি রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

জানা গেছে, ২০ অক্টোবর বিকাল ৩টার দিকে একটি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী একটি কোস্টার বা ছোট বাসে করে ভিআইপি (রাজশাহী-নওগাঁ সড়কের নগরীর অংশ) সড়ক ধরে বিকাল তিনটা ৩৯ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশস্থলে পৌঁছান।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর রাজশাহীতে অবস্থানকালীন ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটির একটি ছবি দিয়ে মাইশা আনজুম নামের একজন একটি পোস্ট দিয়ে লেখেন, ‘সবই তো বুঝলাম। রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী?’ পোস্টটির সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটির একটি ছবিও যুক্ত করা হয়।

সেই পোস্টের কমেন্টস সেকশনে গিয়ে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়-‘ইস! একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ কিছু সময়ের মধ্যে পেজটিতে বহু মন্তব্য জমা পড়ে।

মন্তব্যে মরিয়ম আক্তার নাতাশা নামের একজন লেখেন, ‘রাজশাহীর মানুষ এত খারাপ না। বুলেটপ্রুফের দরকার পড়বে না।’ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া আবু বকরের পোস্ট নিয়ে রাজশাহীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করেন। এসব মন্তব্যে আপত্তিকর মন্তব্যকারীকে আইনের আওতায় নেওয়ার দাবি জানাতে থাকেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার এলাকায় গিয়ে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি ভ্যানে সবজি পরিবহণের কাজ করেন আবু বকর সিদ্দিক। আবু বকর বাইকারদের দলের সঙ্গে যুক্ত। বাইক নিয়ে একসঙ্গে দূরদূরান্তে ঘুরে বেড়ান। পরিবারের সদস্যরা ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বাড়িতেও আবু বকরের মা, নানি ও দুই বোনকে বোরকা পরে থাকতে দেখা যায়। তার মা আসমাউল হুসনা দাবি করেন, ‘তার ছেলে নিরীহ, পরিশ্রমী এবং মেধাবী। তাকে এই ঘটনার সঙ্গে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।’

সরেজমিন গেলে স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুর ২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট ও চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম আবু বকরের বাড়ি যায়। এ সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার অবস্থান জানাতে চাননি। পরে বিকাল ৪টার দিকে এসআরবি-৫ এর একটি দল সাদা পোশাকে আবু বকরের বাড়িতে অভিযানে যায়। আবু বকরকে না পেয়ে তারা তার বাবা আয়নাল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

একপর্যায়ে আয়নাল হক জানান, জেলার পবা উপজেলার হাটরামচন্দ্রপুর ঘোলহারিয়া গ্রামে মামা আমিনুল ইসলামের বাড়িতে আত্মগোপন করে আছে তার ছেলে। পরে এসআরবি সদস্যরা তাকে নিয়েই সেই বাড়িতে অভিযানে যান। সেখান থেকেই আবু বকরকে আটক করা হয়। অভিযানে আবু বকর, তার বাবা আয়নাল হক ও পরিবারের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে আরএমপির চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলামসহ পুলিশের একটি টিম এবং সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা আবু বকর সিদ্দিকের বাড়িতে তল্লাশি চালিয়েছেন। তবে জব্দ করার মতো কোনো আলামত পায়নি পুলিশ। শুধু একটি পেনড্রাইভের মোড়ক জব্দ করা হয়েছে। পুলিশ আবু বকরের ল্যাপটপ উদ্ধারের চেষ্টা করেছে। তবে পরিবারের সদস্যরা দাবি করেছেন, আবু বকর ল্যাপটপ ব্যবহার করে না। তার ল্যাপটপ নেই।

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জানান, আবু বকর সিদ্দিক কলেজের নিয়মিত ছাত্র। সে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, আবু বকর আগে কখনো গ্রেফতার হয়েছিল কি না সে রকম কোনো তথ্য পাওয়া যায়নি। তার নামে কোনো মামলা আছে কি না সে তথ্যও নেই। তার রাজনৈতিক সম্পৃক্ততা সম্পর্কেও কিছু জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেসবুকে করা এ মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক এবং দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইছি জীবনে আর কি লাগে: বাদাম বিক্রেতা

প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইছি জীবনে আর কি লাগে: বাদাম বিক্রেতা

ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

থার্ড টার্মিনাল চুক্তিতে চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো

জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ প্রতিদিন ঝরছে ২২ প্রাণ

প্রতিদিন ঝরছে ২২ প্রাণ

ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

লেভেল ক্রসিংয়ে সড়ক যান ধৈর্যচ্যুতির খেসারত মৃত্যু আর পঙ্গুত্বে

ধৈর্যচ্যুতির খেসারত মৃত্যু আর পঙ্গুত্বে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম