জামায়াত-এনসিপির গভীর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন। সংগঠনগুলো পৃথক বিবৃতিতে এটাকে নিছক দুর্ঘটনা বলে দায়িত্ব এড়িয়ে না গিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার বিবৃতিতে বলেছেন, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করছি। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ নদী থেকে উদ্ধার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
একজন সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে অগণিত প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তা নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে। তিনি বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর মতো একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধীদলের নেতৃবৃন্দের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তাহসিফের পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।
এনসিপি : তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সেই সঙ্গে নিখোঁজ হওয়ার পর থেকে তাহসিফের সঙ্গে কী ঘটেছে, তার বিস্তারিত বিবরণ জাতির সামনে তুলে ধরার পাশাপাশি এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে লাশ উদ্ধারের ঘটনায় আমি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত।’
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এই কঠিন সময়ে মহান আল্লাহ তাদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।’ বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমি অবিলম্বে এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। নিখোঁজ হওয়ার পর থেকে তার সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে। শেষে তিনি লেখেন, ‘আমি তাহসিফের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
ইসলামী আন্দোলন : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, লাশের সুরতহাল দেখে এটাকে কোনোভাবেই দুর্ঘটনা বলে মনে হয় না বরং পরিকল্পিত হত্যা বলে মনে হয়। পতিত ফ্যাসিবাদের দোসরদের অনলাইন আস্ফালন ও নিহত তাহসিফ সম্পর্কে কথিত হাসিনা পালানোর ভিডিও ধারণের ঘটনা এই শঙ্কাকে আরো ঘনীভূত করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারাই আছে অনতিবিলম্বে তাদের খুঁজে শাস্তি নিশ্চিত করার দাবি করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে শাহ ইফতেখার তারিক এই দাবি জানান।
