দারিদ্র্য, বন্ধুর প্রভাব ও গ্যাং কালচার
বিপথে শৈশব
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরায় অভাবের সংসারে বেড়ে ওঠা এক কিশোর। পড়াশোনায় মন ছিল না। দিনের বেশির ভাগ সময় কাটত পাড়ার বখাটেদের সঙ্গে। একদিন বন্ধুদের বিরোধের জেরে মারামারিতে জড়িয়ে পড়ে সে। আর এখন হত্যা মামলার আসামি হয়ে বন্দি চার দেওয়ালে। ভিন্ন গল্প আরেক কিশোরের। পারিবারিক সংকটে পাড়ার বড় ভাইদের সঙ্গে আড্ডা দিতে দিতে সে জড়িয়ে পড়ে চুরি ও মাদকে। সেই কিশোর এখন একটি গ্যাংয়ের সদস্য।
এমন হাজারো কিশোর আজ দারিদ্র্য, অভিভাবকের নজরদারির অভাব, খারাপ সঙ্গ ও গ্যাং কালচারের প্রভাবে অপরাধ জগতে পা রাখছে। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের (পিএসসি) এক গবেষণায় দেখা গেছে, অপরাধে জড়ানো শিশুদের ৩৩ শতাংশই হত্যা মামলার আসামি। গবেষকরা বলছেন, শুধু শাস্তি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়; দারিদ্র্য দূরীকরণ, শিক্ষায় ফিরিয়ে আনা, পরিবার ও সমাজের নজরদারি বাড়ানো এবং শিশুবান্ধব বিচারব্যবস্থার মাধ্যমে পুনর্বাসনে জোর দেওয়া জরুরি। ‘বাংলাদেশে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের আর্থসামাজিক নির্ধারক : অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ’ শীর্ষক গবেষণায় দেশের আট বিভাগের ১৬০টি থানার তথ্য নেওয়া হয়েছে। পাশাপাশি তিনটি সরকারি শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ৪০৪ শিশুর তথ্য এবং ১৫৬ অভিভাবকের সাক্ষাৎকার বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, অপরাধে জড়ানো এসব শিশু-কিশোরের ৩৩ দশমিক ৪২ শতাংশই (১৩৫ জন) হত্যা মামলার আসামি। এছাড়া ১৬ দশমিক ৮৩ শতাংশ শিশু ধর্ষণ বা ধর্ষণে সহায়তা মামলার এবং ১১ দশমিক ৮৮ শতাংশ শিশু চুরি ও ডাকাতি মামলায় অভিযুক্ত। ৭ দশমিক ৯২ শতাংশের বিরুদ্ধে রয়েছে মাদক ও অপহরণ মামলা। এসব অপরাধের বেশির ভাগই সংঘটিত হয়েছে দলবদ্ধভাবে, যেখানে সমবয়সী ও বন্ধুদের প্রভাব ছিল সবচেয়ে বেশি। গবেষণাটি করেছেন পুলিশ স্টাফ কলেজের গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ও রামন চন্দ্র তালুকদার।
দারিদ্র্য, অশিক্ষা ও পারিবারিক সংকট : গবেষণায় অংশ নেওয়া শিশুদের ৯৩ দশমিক ৮১ শতাংশ ছেলে এবং ৬ দশমিক ১৯ শতাংশ মেয়ে। তাদের গড় বয়স ১৬ বছর। বেশির ভাগ শিশুই প্রাথমিক বা নিম্ন মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি। এসব শিশুর বড় অংশই এসেছে তীব্র আর্থিক সংকটে থাকা পরিবার থেকে। তাদের পরিবারের গড় মাসিক আয় ১৯ হাজার ২৭৫ টাকা হলেও অনেকের পারিবারিক আয় মাত্র ২ হাজার টাকা। অনেক পরিবারের উপার্জন অনিয়মিত। বাবাদের একটি বড় অংশ ব্যবসা ও দিনমজুরির সঙ্গে যুক্ত। অভাবের পাশাপাশি পারিবারিক অশান্তিও কিশোর অপরাধের বড় কারণ। গবেষণায় দেখা গেছে, ১৭ শতাংশ শিশুর পরিবারের কোনো না কোনো সদস্যের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি মামলা রয়েছে।
বন্ধুদের সঙ্গে বাইরে কাটে দীর্ঘ সময় : কিশোরদের অপরাধে জড়ানোর পেছনে অভিভাবকের অবহেলা অন্যতম কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, ৩৩ দশমিক ৩৩ শতাংশ শিশু দীর্ঘ সময় বাড়ির বাইরে কাটায়। তাদের বাইরে থাকার দৈনিক গড় সময় প্রায় ৮ ঘণ্টা। এ সময়ের ৪৬ দশমিক ৮১ শতাংশ কাটে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। ৩৭ দশমিক ২৩ শতাংশ উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে। কেউ দোকানে সময় কাটায়, কেউ মাদক গ্রহণে জড়িয়ে পড়ে। অভিভাবকদের ৪২ দশমিক ৩১ শতাংশ পুলিশের মাধ্যমে সন্তানের অপরাধে জড়ানোর খবর পেয়েছেন। অপরাধের সময় ৫২ দশমিক ৯৭ শতাংশ শিশু অন্য কারও সঙ্গে ছিল। তাদের মধ্যে ৮৬ দশমিক ৯২ শতাংশের সঙ্গে ছিল বন্ধু।
গ্যাং কালচার, অস্ত্র ও মাদক ব্যবহার : কিশোর গ্যাংগুলোর কার্যক্রমে মিলেছে ভয়ংকর তথ্য। প্রতিটি গ্যাংয়ে গড়ে ১২ জন সদস্য থাকে এবং প্রায় অর্ধেক ক্ষেত্রে গ্যাংয়ের নেতৃত্ব দেয় বাইরের বয়স্ক অপরাধীরা। গ্যাং সদস্যদের মধ্যে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এরা মূলত চাঁদাবাজি, ছিনতাই, মাদক গ্রহণ ও যৌন হয়রানির মতো অপরাধে বেশি জড়িত। থানার নারী ও শিশু সহায়তা ডেস্কে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতার ভিত্তিতে গ্যাং গঠনের কারণ হিসাবে উঠে এসেছে অভিভাবকের নিয়ন্ত্রণের অভাব, মাদক গ্রহণ, দারিদ্র্য, পারিবারিক বিরোধ, সামাজিক অনাচার এবং নৈতিক শিক্ষার ঘাটতি।
গ্রেফতারের পর নির্যাতন ও হয়রানি : বিচারপ্রক্রিয়া ও পুলিশের আচরণ নিয়েও গবেষণায় উদ্বেগজনক তথ্য এসেছে। ৫৪ দশমিক ২১ শতাংশ শিশু গ্রেফতারের সময় বা পরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছে। স্বীকারোক্তি আদায়ে ৪৩ দশমিক ৬৪ শতাংশ শিশুকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও ৪৪ দশমিক ৩৩ শতাংশ অভিভাবক জানিয়েছেন, পুলিশ তাদের সন্তানের সঙ্গে ভালো আচরণ করেছে। গবেষকদের মতে, জোরজবরদস্তিমূলক আচরণ শিশুদের মনে অপরাধী সত্তাকে আরও দৃঢ় করে। এতে তাদের স্বাভাবিক জীবনে ফেরার পথ রুদ্ধ হয়ে যায়।
শাস্তি নয়, প্রয়োজন পুনর্বাসন : গবেষকরা জানান, শিশুদের অপরাধে জড়ানোকে শুধু ব্যক্তিগত বা নৈতিক অবক্ষয় হিসাবে দেখার সুযোগ নেই। দারিদ্র্য, পারিবারিক সংকট, শিক্ষাবঞ্চনা ও পারিপার্শ্বিক পরিবেশ তাদের অপরাধের দিকে ঠেলে দেয়। তাই সমস্যা সমাধানে শুধু শাস্তিনির্ভর ব্যবস্থা যথেষ্ট নয়। দরিদ্র পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া এবং ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে কিশোর অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে মত দিয়েছেন গবেষকরা।

