নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা
পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের মেয়ে রোজিনা (২৮)। বিয়ের পর থেকেই স্বামীর হাতে নিয়মিত মারধরের শিকার হতেন। নির্যাতন সইতে না পেরে তিনি পালিয়ে ঢাকায় আসেন। বেঁচে থাকার তাগিদে নেন গৃহকর্মীর কাজ। কিন্তু শহরে এসেও তার জীবনে স্বস্তি ফেরেনি। ঢাকায়ও তাকে সেই স্বামীর নির্যাতনের শিকার হতে হচ্ছে।
২৬ বছর বয়সি কাকলির গল্পও প্রায় একই। স্বামীর নির্যাতনের একপর্যায়ে ঘরে বন্দি হন তিনি। পরে এক আয়ের সহায়তায় ঢাকায় এসে গৃহকর্মীর কাজ শুরু করেন। কিন্তু গৃহকর্মী নারীদের শুধু শারীরিক নির্যাতনই সইতে হয় না, বেতনের টাকাও কেড়ে নেয় স্বামীরা। ২২ বছরের রেবেকা মাস শেষে বেতন পেলেই স্বামী তা ছিনিয়ে নেন। নিজের প্রয়োজনে এক টাকাও রাখতে পারেন না তিনি। প্রতিবাদ করলে গালাগাল ও মারধর করা হয়। ৩০ বছরের কীয়া দুই ছেলের পড়াশোনা ও খাবারের জন্য কিছু টাকা জমাতে চেয়েছিলেন। এ কারণে স্বামী তাকে মারধর করেন। পরে তাকে ছেড়েই চলে যান। এখন একা হাতেই সন্তানদের বড় করছেন তিনি।
ঢাকায় নারী গৃহকর্মীদের দাম্পত্য জীবনে এমন সহিংসতার চিত্র উঠে এসেছে এক গবেষণায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তিন শিক্ষক বুশরা জামান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও মুনিরা সুলতানা এই গবেষণা করেছেন। ‘দাম্পত্য সহিংসতা : ঢাকায় অভিবাসী নারী গৃহকর্মীদের ওপর একটি গবেষণা’ শীর্ষক এই প্রবন্ধটি পুলিশ স্টাফ কলেজের জার্নালের জুলাই-ডিসেম্বর ২০২৫ সংখ্যায় প্রকাশিত হয়েছে। ঢাকার মিরপুর ও পুরান ঢাকার বস্তিতে থাকা ২২ থেকে ৪০ বছর বয়সি আটজন নারী গৃহকর্মীর অভিজ্ঞতা এতে তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা গেছে, স্বামীর শারীরিক নির্যাতন, যৌন সহিংসতা, আর্থিক নিয়ন্ত্রণ, বেতন কেড়ে নেওয়া, গালাগাল ও মানসিক নিপীড়নের শিকার হচ্ছেন তারা। জীবিকার তাগিদে গ্রাম থেকে শহরে এলেও নির্যাতন পিছু ছাড়েনি; বরং নারীর আয় ও অর্থনৈতিক সক্ষমতা তাদের জন্য নতুন বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
নির্যাতন থেকে বাঁচতেই শহরে আসা : গবেষণায় দেখা গেছে, উন্নত জীবনের আশায় নয়, মূলত স্বামীর নির্যাতন, স্বামী পরিত্যক্ত হওয়া বা আর্থিক সংকটের কারণেই বেশির ভাগ নারী ঢাকায় আসেন। কাকলি বা রোজিনার মতো অনেকেই কাজ করার অধিকার থেকে বঞ্চিত ছিলেন। ৩৮ বছর বয়সি হেলেনার স্বামী জুয়া খেলে সব সম্পদ নষ্ট করেন। পাওনাদারদের চাপের ক্ষোভ তিনি স্ত্রীর ওপর ঝাড়তেন। স্বামীর নির্যাতন ও ঋণের চাপ থেকে বাঁচতে হেলেনা ঢাকায় আসেন। কিন্তু স্বামী ঢাকায় এসেও একই ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছেন।
আয় বাড়লে বাড়ে স্বামীর ক্ষোভ : নারীরা উপার্জন শুরু করলে অনেক স্বামী তা মেনে নিতে পারেন না। স্ত্রী পরিবারের প্রধান উপার্জনকারী হলে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বিরোধ আরও বাড়ে। ৩৫ বছর বয়সি সোনিয়া ঢাকায় এসে গৃহকর্মীর কাজ শুরু করেন। কিন্তু স্বামীর অনিয়মিত আয় ও অভাবের অজুহাতে তার ওপর শারীরিক নির্যাতন চলতেই থাকে। ৪০ বছর বয়সি মরজিনার অবস্থা আরও খারাপ। তিনি পরিবারের প্রধান উপার্জনকারী হওয়ার পর স্বামীর নির্যাতন আরও বেড়ে যায়। স্ত্রীর আয় ও অর্থনৈতিক ভূমিকা স্বামীর কাছে নিজের কর্তৃত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাকে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করা এবং মারধর করা হতো।
মানসিক নির্যাতনেও ক্ষতবিক্ষত : শারীরিক ও আর্থিক নির্যাতনের পাশাপাশি মানসিক নিপীড়নের শিকার হচ্ছেন গৃহকর্মীরা। ৩২ বছর বয়সি শারমিন নিজের আয় দিয়ে সংসার চালান। কিন্তু তার স্বামী তার কাজকে তুচ্ছতাচ্ছিল্য করেন। অন্যের ঘর মোছার কাজ ছাড়া তিনি কিছু পারেন না বলে অপমান করেন। শারমিন জানান, কখনো কখনো স্বামীর কথার আঘাত শারীরিক আঘাতের চেয়েও বেশি কষ্ট দেয়। গবেষকরা জানান, শুধু মারধরই নয়, নারীর উপার্জন কেড়ে নেওয়া, চলাফেরা নিয়ন্ত্রণ করা এবং আত্মমর্যাদায় আঘাত করাও বড় ধরনের দাম্পত্য সহিংসতা।
আইনি সুরক্ষার অভাব : গৃহকর্মীদের কাজের বড় অংশই অনানুষ্ঠানিক। তাদের আয় ও কর্মঘণ্টার কোনো আইনি সুরক্ষা নেই। অনেক নারী আর্থিক নির্যাতন বা স্বামীর হাতে বেতন হারানোর পরও প্রতিকার পাওয়ার পথ জানেন না। সামাজিক লজ্জা ও আর্থিক নির্ভরতার কারণে তারা মুখ বুজে সহ্য করেন। এই অবস্থা থেকে উত্তরণে গৃহকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেছেন গবেষকরা। কর্মসংস্থানের স্বীকৃতি ও নিরাপদ বেতন ব্যবস্থার ওপর জোর দিয়েছেন তারা। পাশাপাশি নির্যাতিত নারীদের জন্য আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও আশ্রয়কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। গবেষকদের মতে, শুধু কর্মসংস্থানই নারীকে সহিংসতা থেকে মুক্তি দেয় না; নারীর আয় ও ব্যক্তিগত স্বাধীনতার ওপর তার নিজের অধিকার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

