পরকীয়ার অভিযোগে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, দুই নারী গ্রেফতার
Advertisement
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের টেকনাফে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্যাতনের শিকার নারীর বাবা ছালেহ আহমদ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দুই নারীকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
নির্যাতনের শিকার নারী ওই এলাকার একটি মাদ্রাসার দপ্তরি ছালেহ আহমদের মেয়ে ইয়াসমিন আক্তার।
স্থানীয়রা জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে উত্তর শীলখালী বাজারপাড়া এলাকায় ইয়াসমিন আক্তারের গাড়ির গতিরোধ করেন আয়ুব ও তার বোন মুর্শিদাসহ ৪-৫ জন। পরে তাকে টেনেহিঁচড়ে মুর্শিদার বাড়ির আঙিনায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বিবস্ত্র করে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে বাহারছড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসমিন আক্তারকে উদ্ধার করে। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়ার পর অভিযুক্ত দুই নারীকে গ্রেফতার করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাঈদ বলেন, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। মামলায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয়দের দাবি, গ্রেফতার মুর্শিদার স্বামীর সঙ্গে ইয়াসমিন আক্তারের পরকীয়া সম্পর্ক রয়েছে- এমন সন্দেহ থেকেই তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
