মশার এক্সক্লুসিভ সাক্ষাৎকার
আমরাই ঢাকার আসল হিরো
ভূঁইয়া শফি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা শহরের মশা এখন এই শহরের অলিখিত জমিদার। মশার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। সিটি করপোরেশন ওষুধ ছিটায়, মানুষ কয়েল জ্বালায়, কিন্তু মশার দাপট কমে না। এই রহস্য উদ্ঘাটন করতে ‘বিচ্ছু’ হাজির হয়েছিল কারওয়ান বাজার এলাকার এক অন্ধকার ড্রেনে অবস্থিত ‘মশা সদর দপ্তরে’। তারপর মশার কামড় খেতে খেতে বিচ্ছুর পক্ষ থেকে বেয়াড়া মশার সাক্ষাৎকার নিয়েছেন ভূঁইয়া শফি
* শ্রদ্ধেয় মশা ভাই, শুরুতেই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
** আরে আপনি, বসেন বসেন। আপনার রক্তটা তো বেশ লাল টকটকে লাগছে। তবে সময় খুব কম। একটু পরেই সন্ধ্যা মানে আমাদের ‘প্রাইম টাইম’ শুরু হবে। ডিউটিতে যেতে হবে তো!
* তাহলে ভাই সরাসরি প্রশ্নে যাই। ঢাকা শহরে আপনাদের জনসংখ্যা বিস্ফোরণ ঘটছে কেন? আপনাদের কি কোনো ফ্যামিলি প্ল্যানিং নেই?
** ভাই রে, ফ্যামিলি প্ল্যানিং তো আপনাদের থাকা দরকার। আপনারা আমাদের জন্য ঢাকার প্রতিটা অলিতে-গলিতে ড্রেন, ডাবের খোসা আর পরিত্যক্ত টায়ার দিয়ে যে ‘হানিমুন রিসোর্ট’ বানিয়ে রেখেছেন, সেখানে জনসংখ্যা বাড়বে না তো কী কমবে? আমরা তো এখন ঢাকার পার্মানেন্ট বাসিন্দা।
* কিন্তু সিটি করপোরেশন তো নিয়মিত কামান দেগে ওষুধ ছিটায়। তাতে কি আপনাদের ভয় লাগে না?
** হাসালেন ভাই, মাঝে মাঝে যখন মেশিনে করে ওই ধোঁয়া আসে, আমাদের ছোট ছোট বাচ্চারা ড্রেনের ভেতর ‘ডিসকো ড্যান্স’ দেয়। সত্যি বলতে, ওই ধোঁয়ায় আমাদের সর্দি-কাশি সারে, শরীরের একটু মালিশ হয়। আর তেলের যা দাম, সিটি করপোরেশন যে আমাদের ফ্রি-তে তেল মাখিয়ে দিয়ে যায়, এজন্য তাদের থ্যাংকস দেওয়া দরকার।
* বলেন কী! ওষুধের কোনো কার্যকারিতা নেই?
** দেখুন ভাই, আগেকার মশা ছিল আনস্মার্ট। তারা এক কয়েলের ধোঁয়াতেই পটল তুলত। আর এখনকার মশা হলো ‘বিচ্ছু’ পাঠকদের মতোই চতুর। আমাদের ইমিউন সিস্টেম এখন ‘আয়রন ম্যান’-এর বডির মতো। কয়েলের ওপর বসে আমরা এখন আড্ডা দিই। স্প্রে দিলে আমরা সেটাকে বডি স্প্রে হিসাবে ব্যবহার করি। আর ইলেকট্রিক ব্যাট? ওটা তো আমাদের জন্য ‘ম্যাসেজ মেশিন’। শক খেলে ডানাগুলো একটু চনমনে হয় আর কি!
* সম্প্রতি ডেঙ্গু আর চিকুনগুনিয়া নিয়ে সাধারণ মানুষ খুব আতঙ্কে আছে। মানুষ আপনাদের যমদূতের মতো দেখছে। এটা নিয়ে আপনাদের নীতি নৈতিকতা কী বলে?
** এটা আসলে একটা প্রফেশনাল জেলাসি। মানুষ আমাদের হাত দিয়ে থাপ্পড় মারতে চায়, আমরা কি বসে থাকব? সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে না? আর রোগের কথা বলছেন? ওটা তো আপনাদের অবহেলার গিফট! আপনারা পানি জমিয়ে রাখবেন, ময়লা ফেলবেন-আর আমরা সেখানে গিয়ে একটু খেলাধুলা করব না? আমরা তো জাস্ট ‘কুরিয়ার সার্ভিস’, ভাইরাসটা আপনাদের কাছ থেকেই নিয়ে আপনাদেরই ডেলিভারি দিই।
* আপনাদের কোনো বিশেষ পছন্দ আছে? মানে কার রক্ত খেতে বেশি ভালো লাগে?
** আমাদের পছন্দ খুব ক্ল্যাসিক। যারা মশারি টাঙাতে অলসতা করে আর ফেসবুকে মশা নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাদের প্রিয় ‘টার্গেট’। আর যারা বিদেশি সেন্ট মেখে বাইরে বের হয়, তাদের রক্ত একটু বেশি ‘ফ্লেভারড’ মনে হয়। তবে ইদানীং রাজনীতিকদের রক্ত এড়িয়ে চলি-ওতে তিতা বেশি, আবার কখন কোন ঝামেলায় পড়ি!
* বিচ্ছু পাঠকদের জন্য আপনাদের কোনো বিশেষ মেসেজ আছে?
** মেসেজ একটাই-ভাই, আপনারা যত যাই করেন, ঢাকাবাসীর ভালোবাসা (পড়ুন ময়লা-আবর্জনা) আমাদের সঙ্গেই আছে। আপনারা ড্রেন পরিষ্কার করেন না, এসি থেকে পানি পড়ে, ওগুলোই আমাদের আসল শক্তির উৎস। আমরা আপনাদের যতই কামড়াই, আপনারা কিন্তু আমাদের ছাড়া থাকতে পারেন না। এই যে আপনি সাক্ষাৎকার নিতে এলেন, আমার কিন্তু খিদে পেয়ে গেছে।
* ইয়ে মানে (একটু পিছিয়ে গিয়ে) শেষ প্রশ্ন, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?
** আমরা এখন জিম করছি। বডি বানাচ্ছি, যাতে আপনাদের থাপ্পড় দিলেও আমাদের হাড়গোড় না ভাঙে। আর খুব শিগগির আমরা ‘মশা পার্টি’ নামে একটা দল গঠন করব। আমাদের স্লোগান হবে-‘রক্ত দিলে রক্ত পাব, ঢাকা শহর দখল নিব!’
* ধন্যবাদ, আমি এখন উঠি...!
** যাবেন মানে? গেস্ট আসলেন, কিছু না খাইয়ে ছাড়ি কীভাবে? আপনার ঘাড়ের পাশটা একটু ক্লিন করেন তো, এক চুমুক দিয়ে নিই। ঢাকার জ্যামে আপনার রক্তে নিশ্চয়ই অনেক এনার্জি জমেছে!
[অতঃপর বিচ্ছু প্রতিনিধি আর এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে উসাইন বোল্টের গতিতে কারওয়ান বাজারের ড্রেন টপকালেন। তারপর এক লাফে চলন্ত বাসের ছাদে উঠে পড়লেন তিনি। ওদিকে মশার সাঙ্গপাঙ্গরা তখন তাকে ধরতে না পেরে রাগে-দুঃখে বাসের পিছু পিছু উড়তে উড়তে শেষ বার্তাটি দিল-ভাই, বিচ্ছু পাতায় আমাদের একটা সেলফি ছাপিয়ে দিয়েন কিন্তু! আর ক্যাপশনে লিখে দিয়েন- আমরাই ঢাকার আসল হিরো!
