|
ফলো করুন |
|
|---|---|
ছোটবেলায় যতই চোর-পুলিশ খেলে বড় হোক, মানুষ চোরকে পছন্দ করে না। চোর অবশ্য এমন না। চোর মানুষকে পছন্দ করে। সে বিনা নিমন্ত্রণেই মানুষের বাসায় ঢুকে পড়ে। শুধু ঢুকেই পড়ে না, অন্য মানুষের জিনিসকে নিজের মনে করে নিয়ে যায়। এমন আরও ৪১৯টা কারণে ‘চোর প্রজাতি’কে পছন্দ করার কোনো কারণ নেই। যে চুরি করে বেড়াবে তাকে পছন্দ করার কী আছে? এটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু তাই বলে, চোরকে অবহেলা করা কী ঠিক? চোর না থাকলে পুলিশের চাকরি থাকত?
কেউ পছন্দ করুক, আর নাই করুক, সমাজে জ্ঞানী, গুণী, প্রতিভাবান, সুশীল, চিন্তাবিদ যেমন থাকে, তেমন চোরও থাকে। তেমনই এক জ্ঞানী-গুণী চোরের সাক্ষাৎ পেয়েছিলাম একবার। তার শর্ত ছিল একটাই। সব প্রশ্নের উত্তর সে দেবে, তবে তার নাম-ঠিকানা প্রকাশ করা যাবে না। শর্তে রাজি হতেই কথা শুরু হলো।
জিজ্ঞাসা করলাম, ‘দেশে চোরের সংখ্যা কত?’
অনেকক্ষণ এদিক-ওদিক তাকিয়ে কী যেন ভাবল। তারপর বলল, ‘প্রতি একশ জন মানুষের মধ্যে দশ জন।’
ঠোঁট উলটে বললাম, ‘এত বেশি? প্রতি একশ জনে দশজন চোর?’
সে মাথা চুলকে বলল, ‘না, দশজন বাদে বাদবাকি সব চোর! তবে চোরের মধ্যেও ধাপ আছে। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। ধরা না পড়ার এই ধাপটা অনেকেই পার হতে পারে না। ধাপ পার হতে না পেরে গণপিটুনিও খায় ধুপধাপ। নিখুঁত, খাঁটি চোর হওয়া এত সহজ না।’
মাথা নাড়াতে নাড়াতে জিজ্ঞাসা করলাম, ‘চোর পালালে বুদ্ধি বাড়ে কেন? চোরের সঙ্গে বুদ্ধির সম্পর্ক কী?’
জ্ঞানী চোর এবার চোরা হাসি হেসে বলল, ‘আপনারা যেমন ভাবেন, চোর কিন্তু তেমন না। চোর শুধু নিয়েই যায় না, দিয়েও যায়। চোরের মাথায় অনেক বুদ্ধি থাকে। চুরি করে পালানোর সময় বিনিময় মূল্য হিসাবে কিছু বুদ্ধি ফেলে রেখে যায়। ওটুকু পেয়েই বুদ্ধি বেড়ে যায় পাবলিকের। তাই চোর পালালেই শুধু বুদ্ধি বাড়ে, আগে বাড়ে না।’
অপমান না নিতে পেরে খোঁচাটা মেরেই দিলাম, ‘নিজেদের যে এত বুদ্ধিমান ভাবো, তাহলে এত ধরা খাও কেন?’ বেচারা দীর্ঘ নিশ্বাস ফেলে বলল, ‘আগে খাইতাম না। এখন প্রযুক্তির কাছে ধরা খেয়ে গেছি। ওই যে, সিসি ক্যামেরা; মারাত্মক এক জিনিস। লুকিয়ে কিছু করার উপায় আছে? এই সিসি ক্যামেরার কাজ কী? ছিঃ ছিঃ করা কাণ্ডকারখানা ক্যাপচার করা। ওই ক্যামেরার পাল্লায় পড়ে আমাদের ব্যবসা-বাণিজ্যে এখন লালবাতি। আগে উপরের দিকে তাকালে দেখতাম, আকাশ তারায় ভরা। এখন তাকালে দেখি আকাশ সিসি ক্যামেরায় ভরা। তবে মনে রাখবেন, যে পারে সে মেঘে হেলান দিয়ে বসে, আকাশের তারাও চুরি করতে পারে।’
চোরের ধৃষ্টতা ভেবে কথাগুলো পাত্তা দেইনি এতদিন। এখন তো দেখি, ব্যাটা ঠিকই বলেছিল। ঘটনা ঘটিয়ে দিয়েছে এক চোর। থানার ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা তাদের পিকআপ রেখে এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। খাওয়া শেষে বের হয়ে দেখে পুলিশ পিকআপ হাওয়া!
এ জিনিসও যে হাওয়া করে দেওয়া যায়, ভাবা যায়? পুরো দেশবাসী কেউ না ভাবলেও ভেবেছিল চোর। শুধু ভাবেইনি, করেও দেখিয়েছে। প্রিয় পাঠক, তাই সাবধান, খুব সাবধান। যে পারে, পুলিশের পিকআপ ভ্যানও হাওয়া করে দিতে পারে। চোর পারে না, এমন কিছু আছে?
