Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

নিজের প্রাপ্তিতে সন্তুষ্ট থাকাই ইমানের সৌন্দর্য

Icon

আহনাফ আবদুল কাদির

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আমরা প্রায়ই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করি। কে কতটা সফল, কার সম্পদ কত বেশি, কে কতটা প্রতিষ্ঠিত-এসব নিয়ে ভাবতে ভাবতে অস্থির হয়ে পড়ি। অন্যের প্রাপ্তি দেখে হা-হুতাশ করি। অথচ এ তুলনা করতে গিয়ে আল্লাহর দেওয়া অগণিত নিয়ামতের কথা আমরা অবলিলায় ভুলে যাই।

বস্তুত প্রতিটি মানুষের সুযোগ-সুবিধা ও প্রাপ্তি এক নয়। কেউ অল্প সময়ে সফল হয়। আবার কেউ দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে সফল হয়। তাই অন্যের সাফল্য দেখে মন খারাপ করা ঠিক নয়। বরং নিজের যা আছে তার ওপর সন্তুষ্ট থাকা এবং শুকরিয়া আদায় করা ইমানদারের বৈশিষ্ট্য।

ইসলাম অন্যের প্রাপ্তির প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করতে নিষেধ করেছে। পবিত্র কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘আর তোমরা আকাঙ্ক্ষা কর না, যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারও ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’ (সূরা আন-নিসা, আয়াত : ৩২)। এ নির্দেশনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। অন্যের প্রাপ্তি দেখে কখনো আমাদের অতৃপ্ত হওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে লোভ ও হিংসার ফাঁদে পড়া মানুষকে কখনো তৃপ্ত করা যায় না। তাই নিজের অবস্থানে সন্তুষ্ট থেকে উন্নতির চেষ্টা করে যেতে হবে।

নবীজি (সা.) বলেছেন, ‘তোমরা নিজেদের অপেক্ষা নিম্ন অবস্থার লোকের প্রতি তাকাও। এমন ব্যক্তির দিকে তাকিও না, যে তোমাদের চেয়ে উচ্চপর্যায়ের। তাহলে এ পন্থা অবলম্বনই হবে আল্লাহর নিয়ামতকে অবজ্ঞা না করার এক উপযোগী মাধ্যম। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)।’

আমরা যখন শুধু নিজের চেয়ে ধনী ও প্রতিষ্ঠিত মানুষের দিকে তাকাই, তখন মনে হয় আমার নিজের তো কিছুই নেই। অথচ একটু ভেবে দেখলেই বোঝা যায়, আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন। সুস্থতা, পারিবারিক শান্তি, নিরাপদ আশ্রয় ও সম্মানজনক জীবিকা-সবই মহান আল্লাহতায়ালার দেওয়া বিশেষ অনুগ্রহ। এসবের জন্য কৃতজ্ঞ থাকা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য।

অন্যের নিয়ামত দেখে হিংসা করা কোনো আদর্শ মানুষের গুণ হতে পারে না। ইমাম গাজালি (রহ.)-এর ক্ষতিকর দিক ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘অন্যের নিয়ামতের প্রতি হিংসা করা আল্লাহর বণ্টনের প্রতি অসন্তুষ্টি প্রকাশের শামিল। আল্লাহ নিজ প্রজ্ঞায় বান্দাদের মধ্যে নিয়ামত বণ্টন করেন’ (ইমাম গাজালি, ইহইয়াউ উলুমিদ্দীন, ৩য় খণ্ড, হিংসা অধ্যায়)।

তিনি কাউকে সম্পদ দিয়েছেন। কাউকে জ্ঞান দিয়েছেন। কাউকে আবার দিয়েছেন বিশেষ যোগ্যতা ও সুযোগ। প্রত্যেকের প্রাপ্তি তাই একরকম নয়। সুতরাং অন্যের প্রাপ্তি দেখে হিংসা না করে সর্বদা কৃতজ্ঞ হওয়া উচিত।

তবে অন্যের ভালো কাজ দেখে নিজেকে সংশোধনের চেষ্টা করা দোষের নয়। জ্ঞান, আমল, সততা ও মানবিকতায় অন্যকে অনুসরণ করা প্রশংসনীয়। ইসলামও ভালো কাজে প্রতিযোগিতা করতে উৎসাহিত করে। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘অতএব, তোমরা ভালো কাজের দিকে ধাবিত হও।’ (সূরা আল-বাকারাহ, আয়াত : ১৪৮)। অন্যের সুন্দর চরিত্র ও ইবাদত দেখে তা নিজের জীবনে বাস্তবায়ন করাই হলো আসল প্রতিযোগিতা।

এ প্রসঙ্গে বিখ্যাত তাবেয়ি হাসান বসরি (রহ.)-এর একটি মূল্যবান বাণী স্মরণ করা যায়। তিনি বলেন, ‘মুমিন নিজের ব্যাপারে সর্বদা সতর্ক থাকে। সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের হিসাব নিজেই গ্রহণ করে’ (ইবনে আবি শাইবা, আল-মুসান্নাফ, ৮ম খণ্ড)।

তার এ বক্তব্য আমাদের আত্মসমালোচনার শিক্ষা দেয়। অন্যের জীবন নিয়ে বিচার-বিশ্লেষণ করার চেয়ে নিজের জীবন পর্যালোচনা করা বেশি জরুরি। নিজের ভুলগুলো চিহ্নিত করা এবং সেগুলো সংশোধনের চেষ্টা করাই মুমিনের বৈশিষ্ট্য।

মূল কথা হলো, আমাদের মনকে অন্যের প্রতি হিংসা বা আফসোস থেকে মুক্ত রাখতে হবে। অন্যের ওপর আল্লাহর অনুগ্রহ দেখে নিজের ভেতরে হীনম্মন্যতা তৈরি করা বুদ্ধিমানের কাজ নয়। নেই নেই বলে চিৎকার চেঁচামেচি না করে যা আছে তার জন্য শোকরিয়া আদায় করতে হবে। এতে মহান আল্লাহতায়ালা খুশি হবেন এবং আরও অপরিমেয় রিজিক দান করবেন।

লেখক : শিক্ষক ও কলামিস্ট

[email protected]

Advertisement

Advertisement

আরও পড়ুন

সমাজ বিনির্মাণে পীর-আউলিয়ার অবদান

সমাজ বিনির্মাণে পীর-আউলিয়ার অবদান

উম্মতের প্রতি মহানবী (সা.)-এর মমতা

উম্মতের প্রতি মহানবী (সা.)-এর মমতা

সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ইসলামের নির্দেশনা

সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ইসলামের নির্দেশনা

নিজের প্রাপ্তিতে সন্তুষ্ট থাকাই ইমানের সৌন্দর্য

নিজের প্রাপ্তিতে সন্তুষ্ট থাকাই ইমানের সৌন্দর্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম