উম্মতের প্রতি মহানবী (সা.)-এর মমতা
মো. লোকমান হেকিম
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহানবী হজরত মুহাম্মাদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত। উম্মতের প্রতি তাঁর ভালোবাসা, মমতা ও দরদ ছিল অতুলনীয়। পবিত্র কুরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন। তোমাদের দুঃখ-কষ্ট তাঁর কাছে অত্যন্ত কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল ও পরম দয়ালু।’ (সূরা তাওবা, আয়াত ১২৮)।
এ আয়াতে মহানবী (সা.)-এর তিনটি বিশেষ গুণ ফুটে উঠেছে। প্রথমত, উম্মতের ক্ষতি ও বিপথগামিতা তাঁকে ব্যথিত করত। দ্বিতীয়ত, তিনি উম্মতের হেদায়াত ও কল্যাণের জন্য সর্বদা ব্যাকুল থাকতেন। তৃতীয়ত, মুমিনদের প্রতি তাঁর ছিল গভীর স্নেহ ও অপরিসীম মমতা।
উম্মতের সবচেয়ে বড় ক্ষতি হলো ইমান হারানো এবং পরকালে জাহান্নামের শাস্তির মুখোমুখি হওয়া। এ ভয়াবহ পরিণতি থেকে মানুষকে রক্ষা করতে মহানবী (সা.) আজীবন চেষ্টা করেছেন। অবিশ্বাসীদের ইমানের পথে আনার আকুলতায় তিনি এতটাই ব্যাকুল থাকতেন যে, আল্লাহতায়ালা তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘তারা ইমান আনছে না বলে আপনি কি দুঃখে নিজেকে ধ্বংস করে ফেলবেন?’ (সূরা কাহাফ, আয়াত ৬)।
উম্মতের আরেকটি বড় ক্ষতি হলো আমলে দুর্বলতা ও গুনাহে জড়িয়ে পড়া। এ থেকে মুক্তির জন্য মহানবী (সা.) মানুষকে ইমানের শিক্ষা দিয়েছেন, নেক আমলে উৎসাহিত করেছেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার পথ দেখিয়েছেন। পাশাপাশি আত্মশুদ্ধি, উত্তম চরিত্র ও মানুষের সঙ্গে সুন্দর আচরণের শিক্ষা দিয়েছেন। হালাল-হারাম এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার দিকনির্দেশনাও দিয়েছেন।
উম্মতের প্রতি তাঁর দরদের উজ্জ্বল দৃষ্টান্ত তায়েফের ঘটনা। তায়েফের লোকেরা তাঁকে অপমান করেছে, গালমন্দ করেছে এবং পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে। অথচ এত নির্যাতনের পরও তিনি তাদের ধ্বংস কামনা করেননি; বরং তাদের হেদায়াতের জন্য দোয়া করেছেন। এমনকি ভবিষ্যৎ প্রজন্মের ইমান গ্রহণের আশাও ব্যক্ত করেছেন। এ ঘটনা তাঁর অসীম দয়া ও ক্ষমাশীলতার অনন্য দৃষ্টান্ত।
মহানবী (সা.)-এর উম্মতের প্রতি ভালোবাসা শুধু দুনিয়ার জীবনে সীমাবদ্ধ ছিল না; পরকালেও উম্মতের মুক্তির চিন্তা তাঁর অন্তরে ছিল। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, প্রত্যেক নবীকে একটি বিশেষ দোয়া কবুলের সুযোগ দেওয়া হয়েছিল। অন্য নবীরা দুনিয়াতেই তা প্রয়োগ করেছেন। কিন্তু মহানবী (সা.) তাঁর বিশেষ দোয়াটি কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশের উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন। (সহিহ মুসলিম)।
পবিত্র কুরআনে আরও ইরশাদ হয়েছে, ‘নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠ।’ (সূরা আহজাব, আয়াত ৬)।
মহানবী (সা.)-এর এই দরদ ও ভালোবাসা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা। তাঁর প্রকৃত অনুসারী হতে হলে উম্মতের প্রতি মমতাশীল হতে হবে। মানুষের ইমান, আমল, নৈতিকতা ও পার্থিব কল্যাণের চিন্তা করতে হবে। তাদের বিপদে পাশে দাঁড়াতে হবে এবং হেদায়াতের পথে আহ্বান জানাতে হবে। কারণ উম্মতের কল্যাণ কামনা শুধু মুখের কথা নয়; বরং এটি নবীপ্রেমের বাস্তব প্রকাশ।
