Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ইসলামের নির্দেশনা

Icon

হাফেজ মাওলানা আজিজুল হক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মানবসভ্যতার অন্যতম প্রধান শত্রু সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ। মানুষের জানমাল, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং রাষ্ট্রীয় সম্পদে অগ্নিসংযোগ ও ভাঙচুর কোনোভাবেই সভ্য সমাজের পরিচয় হতে পারে না। মতপার্থক্য, রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিগত ক্ষোভের কারণে মানুষের সম্পদ ও জননিরাপত্তা বিপন্ন করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অন্যায়। ইসলাম শান্তি, শৃঙ্খলা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ধর্ম। তাই সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করা প্রত্যেক মুসলমানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

পবিত্র কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর তাতে বিপর্যয় সৃষ্টি কর না।’ (সূরা আ’রাফ, আয়াত : ৫৬)। এ আয়াতের মাধ্যমে পৃথিবীতে বিশৃঙ্খলা, অরাজকতা ও বিপর্যয় সৃষ্টির ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং জনজীবনে আতঙ্ক সৃষ্টি করা এসব নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত। আল্লাহতায়ালা আরও বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচার ও আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন।’ (সূরা নাহল, আয়াত : ৯০)। সুতরাং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্যায় কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করার সুযোগ নেই।

ইসলাম মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ‘তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ কর না।’ (সূরা বাকারা, আয়াত : ১৮৮)। এ নির্দেশনা থেকে স্পষ্ট হয়, অন্যের সম্পদ আত্মসাৎ, লুটপাট কিংবা ধ্বংস করা সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে মানুষের জীবন, সম্পদ ও সম্মানের পবিত্রতার কথা ঘোষণা করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান পরস্পরের জন্য পবিত্র।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৭)। অতএব, কোনো অজুহাতেই মানুষের জানমাল ও সম্মানের ক্ষতি করা বৈধ হতে পারে না।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।’ (সহিহ বুখারি, হাদিস : ১০)। এ হাদিসে একজন প্রকৃত মুসলমানের পরিচয় তুলে ধরা হয়েছে। যার আচরণে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, যে অন্যের ক্ষতি করে কিংবা সমাজে আতঙ্ক সৃষ্টি করে, তার আচরণ ইসলামের আদর্শের পরিপন্থি। ইসলাম অন্যায় ও জুলুমের প্রতিবাদ করতে শিক্ষা দেয়, কিন্তু প্রতিবাদের নামে নিরপরাধ মানুষের ক্ষতি, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা সম্পদ ধ্বংসের অনুমতি দেয় না। অন্যায়ের প্রতিবাদও হতে হবে ন্যায়সংগত, সংযত ও শান্তিপূর্ণ পন্থায়।

রাস্তা, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি-বেসরকারি কার্যালয় এবং অন্যান্য স্থাপনা সমাজের সম্মিলিত সম্পদ। এসব সম্পদ নির্মাণে রাষ্ট্রের অর্থ, জনগণের শ্রম ও জাতীয় সম্পদ ব্যয় হয়। এগুলো ধ্বংস করা মানে পুরো জাতির ক্ষতি করা। ইসলাম আমানত রক্ষার নির্দেশ দিয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানত তার হকদারদের কাছে পৌঁছে দেবে।’ (সূরা নিসা, আয়াত : ৫৮)। তাই জনসম্পদ রক্ষা করা শুধু নাগরিক দায়িত্ব নয়, ধর্মীয় দায়িত্বও।

সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে প্রথমেই ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামের নৈতিক শিক্ষা প্রতিষ্ঠা করতে হবে। অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, উসকানিমূলক বক্তব্য ও গুজব পরিহার করা, অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো এবং আইন নিজের হাতে তুলে না নেওয়া জরুরি। আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতাদের শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে। আল্লাহতায়ালা বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ার কাজে তোমরা পরস্পর সহযোগিতা কর, পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা কর না।’ (সূরা মায়িদা, আয়াত : ২)। এ আয়াত আমাদের স্পষ্ট শিক্ষা দেয়, অন্যায় ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সহযোগিতাই করা যাবে না। মোটকথা, ইসলাম কখনো সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ধ্বংসযজ্ঞকে সমর্থন করে না। ইসলাম চায় নিরাপদ জনপদ, শান্তিপূর্ণ সমাজ, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। তাই রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত কোনো বিরোধের সমাধান সহিংসতার মাধ্যমে নয়, বরং আলোচনা, সংলাপ, ন্যায়বিচার ও আইনের শাসনের মাধ্যমে করতে হবে। মনে রাখতে হবে, ধ্বংস করা সহজ, কিন্তু গড়ে তোলা কঠিন। দেশ ও জাতির কল্যাণে আসুন, সন্ত্রাস ও নৈরাজ্য পরিহার করি এবং কুরআন-সুন্নাহর আলোকে শান্তি, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সমাজ বিনির্মাণে পীর-আউলিয়ার অবদান

সমাজ বিনির্মাণে পীর-আউলিয়ার অবদান

উম্মতের প্রতি মহানবী (সা.)-এর মমতা

উম্মতের প্রতি মহানবী (সা.)-এর মমতা

সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ইসলামের নির্দেশনা

সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ইসলামের নির্দেশনা

নিজের প্রাপ্তিতে সন্তুষ্ট থাকাই ইমানের সৌন্দর্য

নিজের প্রাপ্তিতে সন্তুষ্ট থাকাই ইমানের সৌন্দর্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম