সমাজ বিনির্মাণে পীর-আউলিয়ার অবদান
তোফায়েল গাজালি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলার মাটি, নদী, জনপদ ও জনজীবনের সঙ্গে মিশে আছে পীর-আউলিয়া ও সুফি সাধকদের বহু শতাব্দীর স্মৃতি। কোথাও পাহাড়ের পাদদেশে তাদের খানকাহ, কোথাও নদীর তীরে প্রাচীন মসজিদ, কোথাও জনপদের মাঝখানে তাদের স্মৃতিবিজড়িত দরগাহ। এসব স্থাপনা শুধু ধর্মীয় আবেগের কেন্দ্র নয়; এগুলো বাংলার আধ্যাত্মিক ইতিহাস, ইসলামের প্রচার-প্রসার এবং সমাজ বিনির্মাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। এ দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি, জীবনাচার ও সামাজিক মূল্যবোধ গঠনে পীর-আউলিয়াদের অবদান গভীরভাবে প্রোথিত।
বাণিজ্যপথ থেকে জনপদে ইসলামের বিস্তার
বাংলায় ইসলামের উপস্থিতির ইতিহাস মুসলিম শাসন প্রতিষ্ঠারও আগের। বঙ্গোপসাগরকেন্দ্রিক বাণিজ্যিক যোগাযোগের সূত্রে আরব মুসলিম বণিকদের এ অঞ্চলে আসা-যাওয়া ছিল। উপকূলীয় জনপদে তাদের বসতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক যোগাযোগের মধ্য দিয়ে ইসলাম সম্পর্কে স্থানীয় মানুষের পরিচিতি তৈরি হয়। পরবর্তী সময়ে ত্রয়োদশ শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর উত্তর ও মধ্য বাংলায় মুসলিম রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তবে রাজনৈতিক বিজয় আর ধর্মীয় বিস্তার এক বিষয় নয়। বাংলায় ইসলাম জনপ্রিয় হয়ে ওঠার পেছনে দীর্ঘ সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া কাজ করেছে।
এ প্রক্রিয়ায় সুফি সাধকদের ভূমিকা ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাদের দুর্গম অঞ্চল, নদীবেষ্টিত জনপদ, বনাঞ্চল ও অনুন্নত এলাকায় গিয়ে বসতি স্থাপন করেন। কোথাও মসজিদ ও খানকাহ প্রতিষ্ঠা করেন, কোথাও মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দেন, আবার কোথাও কৃষি, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন জনপদ গড়ে ওঠায় ভূমিকা রাখেন। তাদের অনেকেই স্থানীয় ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানুষের যোগাযোগ স্থাপন করে ধর্মের বাণী তুলে ধরেছিলেন।
সিলেটের ইতিহাসে শাহজালাল (রহ.)
বাংলাদেশের পীর-আউলিয়াদের ইতিহাসে হজরত শাহজালাল মুজাররদ ইয়েমেনি (রহ.) এক অনন্য নাম। সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চতুর্দশ শতাব্দীর শুরুতে সিলেট অঞ্চলে তার আগমন এবং ১৩০৩ খ্রিষ্টাব্দে সিলেট অভিযানের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়। পরবর্তী সময়ে এ অঞ্চলে ইসলাম প্রচার ও মুসলিম সমাজের বিকাশে তার প্রভাব বিস্তৃত হয়।
শাহজালাল (রহ.)-এর জীবনকে কেন্দ্র করে বহু কিংবদন্তি ও জনশ্রুতি প্রচলিত রয়েছে। এসব কাহিনির সবকিছুকে ইতিহাস হিসাবে গ্রহণের সুযোগ নেই। তবে সিলেটের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে তার প্রভাব সুপ্রতিষ্ঠিত। তার অনুসারী ও শিষ্যরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার ধারা বিস্তারে ভূমিকা রাখেন।
তার সঙ্গে সম্পর্কিত আরেক পরিচিত নাম হজরত শাহ পরান (রহ.)। সিলেটের খাদিমনগরে অবস্থিত তার মাজারও এ অঞ্চলের আধ্যাত্মিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। শাহজালাল ও শাহ পরানকে কেন্দ্র করে সিলেটের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ধর্মীয় আবেগ, শ্রদ্ধা ও ঐতিহাসিক স্মৃতি বহমান।
উত্তরাঞ্চলে শাহ মখদুম ও অন্যান্য সাধক
রাজশাহী অঞ্চলের ইসলামি ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে হজরত শাহ মখদুম রূপোশ (রহ.)-এর নাম। ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে তার এ অঞ্চলে আগমন ও ইসলাম প্রচারের কথা স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে। পদ্মার তীরবর্তী রাজশাহীতে তার স্মৃতিবিজড়িত দরগাহ আজও পরিচিত ধর্মীয় স্থাপনা। স্থানীয় জনপদে ইসলামি জীবনবোধ ও ধর্মীয় ঐতিহ্যের বিকাশে তার ভূমিকা স্মরণীয়।
নেত্রকোনার মদন অঞ্চলের সঙ্গে জড়িয়ে আছে হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি (রহ.)-এর নাম। বাংলায় আগত প্রাচীন সুফি সাধকদের মধ্যে তিনি অন্যতম হিসাবে পরিচিত। তার আগমন ও জীবনকাল নিয়ে গবেষকদের মধ্যে মতপার্থক্য থাকলেও উত্তর-পূর্ব বাংলার ধর্মীয় ঐতিহ্যে তার স্মৃতি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরের ইতিহাসেও রয়েছে হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়েমেনি (রহ.)-এর স্মৃতি। প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে এ অঞ্চলে আসেন। করতোয়া নদীর তীরবর্তী জনপদে ধর্মপ্রচারে আত্মনিয়োগ করেন। তার স্মৃতিবিজড়িত মসজিদ ও দরগাহ এ অঞ্চলের মধ্যযুগীয় ইসলামি ঐতিহ্যের পরিচয় বহন করে।
খানজাহান আলী (রহ.) : ধর্মপ্রচার থেকে জনপদ বিনির্মাণ
বাংলাদেশের সুফি সাধক ও সমাজসংস্কারকদের ইতিহাসে হজরত খানজাহান আলী (রহ.) এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। পঞ্চদশ শতাব্দীতে দক্ষিণ-পশ্চিম বাংলায় তার কর্মতৎপরতা বিস্তৃত ছিল। বিশেষ করে বাগেরহাট ও আশপাশের জনপদে ধর্মপ্রচার, জনবসতি গঠন, জলাশয় খনন, সড়ক নির্মাণ এবং স্থাপত্যকীর্তি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
তার প্রতিষ্ঠিত ষাট গম্বুজ মসজিদ মধ্যযুগীয় বাংলার স্থাপত্যশিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এ ছাড়া তার খনন করা বহু দীঘি ও নির্মিত অন্যান্য স্থাপনা তার বহুমুখী কর্মযজ্ঞের সাক্ষ্য বহন করে। খানজাহান আলীর জীবন থেকে বোঝা যায়, ধর্মীয় আদর্শ শুধু ব্যক্তিগত সাধনার বিষয় নয়; মানুষের জীবনমান উন্নয়ন, জনকল্যাণ এবং সমাজের সামগ্রিক পরিবর্তনেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
চট্টগ্রাম ও ঢাকার আধ্যাত্মিক ঐতিহ্য
চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়ার দেশ। এ অঞ্চলের পাহাড়, উপকূল ও জনপদে বহু সুফি সাধক ও দরবেশের স্মৃতি ছড়িয়ে রয়েছে। তাদের মধ্যে শাহ আমানত (রহ.), বদর আউলিয়া এবং অন্যান্য আঞ্চলিক সাধকের নাম বিশেষভাবে পরিচিত। শাহ আমানত (রহ.)-এর মাজার চট্টগ্রাম নগরের অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় ঐতিহ্য। তাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে দীর্ঘদিনের শ্রদ্ধা ও ভক্তি রয়েছে।
চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত বায়েজিদ বোস্তামীর মাজারও বহুল পরিচিত। তবে ইরানের প্রসিদ্ধ সুফি সাধক বায়েজিদ বোস্তামীর সঙ্গে এ স্থানের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। ফলে এ বিষয়ে প্রচলিত বিশ্বাস ও প্রামাণ্য ইতিহাসকে পৃথকভাবে বিবেচনা করা প্রয়োজন।
রাজধানী ঢাকার আধ্যাত্মিক ইতিহাসেও রয়েছে বহু সাধক ও আলেমের অবদান। তাদের মধ্যে হজরত শাহ আলী বাগদাদী (রহ.) বিশেষভাবে পরিচিত। মিরপুরে অবস্থিত তার মাজার দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মানুষের কাছে শ্রদ্ধার স্থান। পুরান ঢাকার প্রাচীন মসজিদ, খানকাহ ও ধর্মীয় স্থাপনাগুলোও এ অঞ্চলে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশের সাক্ষ্য বহন করে।
পীর-আউলিয়াদের সমাজ বিনির্মাণের অবদান
পীর-আউলিয়াদের অবদান শুধু ধর্মীয় প্রচারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাদের অনেকেই মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়পরায়ণতা, সততা, আত্মশুদ্ধি ও পরোপকারের শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। খানকাহকে কেন্দ্র করে গড়ে তুলেছেন জ্ঞানচর্চা, আধ্যাত্মিক সাধনা ও সামাজিক যোগাযোগের পরিবেশ।
মধ্যযুগের বাংলায় যখন যোগাযোগব্যবস্থা ছিল অনুন্নত, অনেক অঞ্চল ছিল বনজঙ্গল ও জলাভূমিতে পরিপূর্ণ, তখন বিভিন্ন সুফি সাধকের উদ্যোগে নতুন জনপদ গড়ে ওঠে। কোথাও মসজিদ প্রতিষ্ঠিত হয়, কোথাও দীঘি খননের মাধ্যমে মানুষের পানির প্রয়োজন মেটে, কোথাও ধর্মীয় শিক্ষার কেন্দ্র গড়ে ওঠে। এসব কর্মকাণ্ড স্থানীয় অর্থনীতি ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
সুফি সাধকদের খানকাহগুলো অনেক ক্ষেত্রে শুধু ইবাদত ও জিকিরের স্থান ছিল না; বরং সেখানে আগন্তুক, দরিদ্র ও অসহায় মানুষ আশ্রয় ও সহযোগিতা পেতেন। ধর্মীয় শিক্ষা, নৈতিক অনুশাসন এবং মানবিক মূল্যবোধের চর্চা হতো। ফলে এসব প্রতিষ্ঠান সমাজের আধ্যাত্মিক ও নৈতিক বিকাশে ভূমিকা রাখে।
তবে পীর-আউলিয়াদের জীবন ও অবদান মূল্যায়নে ইতিহাস, জনশ্রুতি এবং ধর্মীয় বিশ্বাসের মধ্যে পার্থক্য বজায় রাখা জরুরি। কোনো সাধকের কারামত বা অলৌকিক ঘটনাকে ঘিরে প্রচলিত কাহিনি থাকলেও প্রমাণ ছাড়া সেগুলোকে ঐতিহাসিক সত্য হিসাবে উপস্থাপন করা উচিত নয়। একইভাবে মাজারকেন্দ্রিক কোনো অনুশীলনকে ইসলামের মূল শিক্ষা ও শরিয়তের মানদণ্ডে বিচার করা যাবে না। কারণ প্রকৃত সুফি সাধনার ভিত্তি হলো তাওহিদ, সুন্নাহর অনুসরণ, আত্মশুদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করা।
ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণার প্রয়োজন
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মসজিদ, মাজার, খানকাহ, দীঘি ও ঐতিহাসিক স্থাপনাগুলো আমাদের সমৃদ্ধ অতীতের গুরুত্বপূর্ণ নিদর্শন। কিন্তু এসব স্থানের বেশকিছুর ইতিহাস এখনো যথাযথভাবে সংরক্ষিত নয়। কোথাও প্রামাণ্য দলিলের অভাব, কোথাও লোককথার আধিক্য, আবার কোথাও স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবহেলার শিকার। ফলে পীর-আউলিয়াদের জীবন ও অবদান নিয়ে সুসংগঠিত গবেষণার প্রয়োজন রয়েছে।
বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় ইতিহাস গবেষকদের সমন্বিত উদ্যোগে এ বিষয়ে গবেষণা হতে পারে। পুরোনো দলিল, শিলালিপি, পাণ্ডুলিপি, মসজিদ ও খানকাহর ইতিহাস সংগ্রহ এবং মৌখিক ইতিহাস সংরক্ষণের মাধ্যমে অজানা অনেক অধ্যায় উন্মোচিত হতে পারে। পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বাংলাদেশের পীর-আউলিয়ারা এ দেশের আধ্যাত্মিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের স্মৃতি শুধু অতীতের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয় নয়; তাদের জীবন থেকে শিক্ষা নেওয়ারও রয়েছে অনেক কিছু। আত্মশুদ্ধি, জ্ঞানচর্চা, মানবপ্রেম, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণের যে শিক্ষা তারা রেখে গেছেন, তা বর্তমান সমাজেও সমান প্রাসঙ্গিক। তাদের প্রকৃত উত্তরাধিকার বহন করতে হলে শুধু স্মৃতিচারণ নয়, তাদের আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে।
লেখক : সহসম্পাদক, দৈনিক যুগান্তর
