নারীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামের আহ্বান
মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারী মানবসমাজের অবিচ্ছেদ্য অংশ। মা, বোন, স্ত্রী ও কন্যা হিসাবে পরিবার গঠনের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীর অবদান অপরিসীম। অথচ আধুনিক সভ্যতার অগ্রগতির মধ্যেও বিশ্বজুড়ে নারী ও কন্যাশিশু শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন। যৌতুক, ধর্ষণ, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি এবং উত্তরাধিকার থেকে বঞ্চিত করার মতো ঘটনা গভীর উদ্বেগের বিষয়।
ইসলামের দৃষ্টিতে নারীর সম্মান ও অধিকার রক্ষা করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। পবিত্র কুরআন ও রাসূল (সা.)-এর সুন্নাহ নারীকে মর্যাদা, ভালোবাসা ও ন্যায়বিচার দেওয়ার শিক্ষা দিয়েছে।
ইসলাম নারীকে মানুষ হিসাবে পূর্ণ মর্যাদা দিয়েছে। নারী-পুরুষ উভয়েই আল্লাহর সৃষ্টি। মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় ইমান ও তাকওয়ার ভিত্তিতে। পবিত্র কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তিই অধিক মর্যাদাবান, যে অধিক তাকওয়াবান।’ (সূরা আল-হুজুরাত : ১৩)। সূরা আল-আহযাবের ৩৫ নম্বর আয়াতেও মুমিন নারী-পুরুষ ও সৎকর্মশীলদের জন্য ক্ষমা ও মহাপুরস্কারের ঘোষণা রয়েছে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই সমান সুযোগ রয়েছে।
ইসলাম স্বামী-স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা, দায়িত্ব ও পারস্পরিক অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো।’ (সূরা আন-নিসা : ১৯)। রাসূল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম।’ (তিরমিজি : ৩৮৯৫)। ইসলাম সব ধরনের জুলুম ও অন্যায় নিষিদ্ধ করেছে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ‘আমি তোমাদের পরস্পরের ওপর জুলুম হারাম করেছি। সুতরাং তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না।’ (সহিহ মুসলিম : ২৫৭৭)। তাই স্ত্রীকে মারধর, মানসিক নির্যাতন, ভরণপোষণ থেকে বঞ্চিত করা, যৌতুকের জন্য চাপ সৃষ্টি কিংবা নারীর সম্পদ আত্মসাৎ-সবই ইসলামের দৃষ্টিতে অন্যায়।
আমাদের সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণ যৌতুকপ্রথা। বিয়ের সময় অর্থ, স্বর্ণালংকার কিংবা সম্পদের দাবি করা এবং তা পূরণ না হলে স্ত্রীকে নির্যাতন করা সম্পূর্ণ অন্যায়। ইসলাম বরং স্ত্রীকে মোহরানা দেওয়ার নির্দেশ দিয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা নারীদের তাদের মোহরানা স্বতঃস্ফূর্তভাবে প্রদান করো।’ (সূরা আন-নিসা : ৪)।
ইসলাম কন্যাসন্তানকে বোঝা মনে করার জাহেলি মানসিকতার অবসান ঘটিয়েছে। রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি দুই কন্যাসন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন-পালন করবে, কিয়ামতের দিন সে ও নবীজি (সা.) পাশাপাশি থাকবেন। (সহিহ মুসলিম : ২৬৩১)। তাই কন্যাশিশুর শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা অভিভাবকদের দায়িত্ব। বাল্যবিবাহ ও জোরপূর্বক বিয়ে প্রতিরোধেও সচেতন হতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এজন্য যৌতুক, ধর্ষণ, বাল্যবিবাহ ও যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই নারীকে সম্মান করার শিক্ষা দিতে হবে। নির্যাতনের শিকার নারীকে দোষারোপ না করে আইনি ও সামাজিক সহায়তা দিতে হবে এবং অপরাধীর পরিচয় বিবেচনা না করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানেও এ বিষয়ে সচেতনতা সৃষ্টি জরুরি।
