Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

হজরত সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (রহ.)-এর

প্রদত্ত ওজিফা ও বাণীসমৃদ্ধ গ্রন্থ আমলে রাশীদিয়া

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মানুষের জীবনের প্রকৃত সার্থকতা আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য অর্জন ও সুন্দর চরিত্র গঠনে। যুগে যুগে আউলিয়া ও বুজুর্গদের দ্বীনের জীবনাদর্শ, সাধনা ও উপদেশ মানুষকে সেই পথের দিশা দেখিয়েছে। হজরত সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (রহ.)-এর প্রদত্ত ওজিফা ও বাণী, বুজুর্গদের জীবনাদর্শ এবং দৈনন্দিন ইবাদত-আমলের সংকলন নিয়ে প্রকাশিত হয়েছে কুলসুম রশীদের গ্রন্থ ‘আমলে রাশীদিয়া’। স্বীকৃত যে, কামেল ওলিদের এজাজতপ্রাপ্ত ওজিফা বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এ গ্রন্থে হজরত রশীদ আহমদ জৌনপুরি (রহ.)-এর প্রদত্ত বিভিন্ন ওজিফা সন্নিবেশিত হয়েছে। এজাজত অর্থ সম্মতি বা অনুমতি প্রদান।

পার্থিব ব্যস্ততা ও নানা অস্থিরতায় পরিপূর্ণ এ সময়ে আত্মশুদ্ধি, নৈতিকতা এবং আল্লাহমুখী জীবন গঠনের প্রয়োজনীয়তা অপরিসীম। গ্রন্থটিতে আধ্যাত্মিক সাধনা, ইবাদতের বিধিবিধান, ধর্মীয় প্রবন্ধ এবং দৈনন্দিন দোয়া-আমলের সমন্বয় ঘটেছে। তাসাউফ ও আধ্যাত্মিকতায় আগ্রহী এবং ধর্মীয় জীবনচর্চায় অভ্যস্ত হতে ইচ্ছুক পাঠকদের জন্য বইটি হতে পারে একটি উপযোগী সংযোজন।

লেখক পরিচিতি : কুলসুম রশীদ একজন শিক্ষক, লেখক ও সমাজসেবী। ১৯৫৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতা আলহাজ শেখ ওয়াজেদ আলী এবং মাতা ফাতেমা বেগম। তার স্বামী হজরত সৈয়দ আবু ইউসুফ রশীদ আহমদ আল-কাদরি জৌনপুরি (রহ.)।

তিনি ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) এবং পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যে পোশাক প্রযুক্তি বিষয়ে এক বছর অধ্যয়নসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেন। যুক্তরাজ্য সরকারের অধীনে পরিচালিত একটি ভাষাকেন্দ্রে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। সেখানে দুবছর শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থেকে বাংলাদেশের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে বিভিন্ন দেশ থেকে আসা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভূমিকা রাখেন।

১৯৮৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ তিন দশক তিনি ঢাকার বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি সৈয়দ রশীদ আহমদ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি সৈয়দ রশীদ আহমদ মিশন ফাউন্ডেশনের অধীনে পরিচালিত একটি অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান। সমাজের অবহেলিত ও দুস্থ শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধর্ম ও দর্শনবিষয়ক সংকলন ‘সুফি’ পত্রিকার সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকেই ছোটগল্প, প্রবন্ধ, কবিতা ও পুস্তক সমালোচনা লেখার মাধ্যমে তার সাহিত্যচর্চার সূচনা। এ পর্যন্ত তার তিনটি বই প্রকাশিত হয়েছে। এগুলো হলো- ‘নীল অপরাজিতা’, ‘যে জীবন দহন করে আমায়’ ও ‘স্মৃতির বাতায়নে’। আধ্যাত্মিক পত্রিকা ‘সুফি’র পাশাপাশি বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতায়ও তিনি নিয়মিত লেখালেখি করেন।

আমলে রাশীদিয়া : গ্রন্থটির অন্যতম আকর্ষণীয় দিক হলো বড়পীর গাউসুল আজম হজরত শায়েখ আবদুল কাদের জিলানি (রহ.) এবং হজরত কারি হাফেজ সৈয়দ আবু ইউসুফ রশীদ আহমদ আল-কাদরি জৌনপুরি (রহ.)-এর জীবন ও কর্মের আলোচনা। বিশেষ করে হজরত সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (রহ.)-এর সংক্ষিপ্ত জীবনী, আধ্যাত্মিক সাধনা, কারামত, মহাপ্রয়াণ, অসিয়তনামা, শিজরা শরিফ এবং পিতৃ ও মাতৃকুলের বংশপরিচয় স্থান পেয়েছে বইটিতে। পাশাপাশি মুর্শিদানে কেরাম, তরিকত, গাউস পাকের স্মরণ, ফাতেহা বকশিশের নিয়মাবলি ও মোনাজাতও সংযুক্ত করা হয়েছে। এসব আলোচনায় লেখিকা আধ্যাত্মিক সাধনার ধারাবাহিকতা, বুজুর্গদের জীবনচর্চা এবং তাদের আদর্শের সঙ্গে পাঠকের পরিচয় ঘটাতে চেয়েছেন।

ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির পাঠ : বইটির প্রথম অধ্যায়ে রয়েছে একজন মুসলমানের দৈনন্দিন ধর্মীয় জীবনের প্রয়োজনীয় অনেক বিষয়। ইবাদত ও তাকওয়া, ওজু-গোসল, তায়াম্মুম, কালেমা এবং নামাজের বিভিন্ন বিধিবিধান এতে স্থান পেয়েছে।

ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ও কাজা নামাজের পাশাপাশি কসর, জুমা, তারাবি, তাহাজ্জদ, ইশরাক, চাশত, এস্তেখারা ও সালাতুল হাজাতের আলোচনা রয়েছে। কুরআন তিলাওয়াতের ফজিলত, আয়াতুল কুরসি, দরুদ শরিফ, জিকির, জাকাত, ফিতরা, তওবা ও ইস্তিগফারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও বাদ যায়নি।

এ ছাড়া মা-বাবার অধিকার, স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব ও পারিবারিক জীবনের ধর্মীয় অনুশাসন নিয়ে আলোচনা বইটিকে আরও ব্যবহারিক করে তুলেছে। অর্থাৎ আধ্যাত্মিকতার পাশাপাশি একজন মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের নির্দেশনা অনুসরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

বয়ান ও প্রবন্ধে ধর্মীয় জীবনবোধ : গ্রন্থটির দ্বিতীয় অধ্যায়ে হজরত সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (রহ.)-এর মসজিদে প্রদত্ত গুরুত্বপূর্ণ বয়ানের অংশবিশেষ সংকলিত হয়েছে। এসব বয়ানে ধর্মীয় জীবনবোধ, আত্মশুদ্ধি ও নৈতিকতার বিভিন্ন দিক উঠে এসেছে।

তৃতীয় অধ্যায়ে রয়েছে লেখিকার নির্বাচিত প্রবন্ধ। দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তার লেখাগুলো এখানে স্থান পেয়েছে। হজের অভিজ্ঞতা, সুফি দর্শন, আরবি নববর্ষ, বড়পীর (রহ.)-এর জীবন ও স্মরণ, রজব মাস, আশুরা এবং আধ্যাত্মিক সাধনাসহ নানা বিষয়ে তার লেখালেখি পাঠকের সামনে তুলে ধরা হয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, সংবাদপত্রে প্রকাশিত লেখাগুলোকে গ্রন্থাকারে সংরক্ষণের এ উদ্যোগ। এতে পাঠক একইসঙ্গে ধর্মীয় আলোচনা, ব্যক্তিগত উপলব্ধি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখিকার চিন্তাভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

দৈনন্দিন জীবনের দোয়া ও আমল : বইটির চতুর্থ অধ্যায় সাজানো হয়েছে দোয়া, ওজিফা ও দৈনন্দিন আমলকে কেন্দ্র করে। মানুষের জীবনে প্রতিনিয়ত নানা সংকট, বিপদ-আপদ ও প্রয়োজন দেখা দেয়। এসব পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়া করা এবং তার ওপর ভরসা রাখার গুরুত্ব ইসলামে অপরিসীম।

এ অধ্যায়ে বিপদ থেকে মুক্তি, রোগমুক্তি, মানসিক পেরেশানি দূর করা, বদনজর থেকে সুরক্ষা, ঋণ পরিশোধ, রিজিক বৃদ্ধি ও চাকরি লাভের জন্য বিভিন্ন দোয়া ও আমল সংকলিত হয়েছে। পাশাপাশি ঘুমের নিয়ম, সালাম ও সালামের জবাবসহ দৈনন্দিন জীবনের নানা বিষয়ও স্থান পেয়েছে। হিজবুল বাহার ও আসমায়ে গাউসিয়া দোয়া পাঠ করার সঠিক নিয়ম বর্ণনা করা হয়েছে। অন্যান্য দোয়ার মতো আরবি ভাষা প্রয়োগের সঙ্গে সঙ্গে উচ্চারণ ও বঙ্গানুবাদ সন্নিবেশিত করা হয়েছে। ফলে বইটি শুধু জীবনী কিংবা আধ্যাত্মিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং একজন পাঠকের নিয়মিত ধর্মীয় জীবনচর্চার সহায়ক সংকলন হিসাবেও গড়ে উঠেছে।

প্রকাশনা ও সংগ্রহ : বইটি প্রকাশ করেছে সৈয়দ রশীদ আহমদ মিশন বিদ্যালয়, ১০৫১, পূর্ব মনিপুর, মিরপুর-২, ঢাকা-১২১৬। বইটির মূল্য ৪২৫ টাকা। উল্লেখ্য, বইটির বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ দান করা হবে সৈয়দ রশীদ আহমদ মিশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘আয়েশা দাতব্য চিকিৎসালয়ে’। প্রতিষ্ঠানটি থেকে বহু মানুষ চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হচ্ছেন।

বইটি পাওয়া যাবে সৈয়দ রশীদ আহমদ মিশন বিদ্যালয়, ১০৫১, পূর্ব মনিপুর, মিরপুর-২, ঢাকা-১২১৬। ফোন : ০১৫৫২৫৫৫৮২৮। এ ছাড়া বাইতুর রহিম জামে মসজিদ, ১২২১/১, পূর্ব মনিপুর, মিরপুর, ঢাকা-১২১৬ থেকেও সংগ্রহ করা যাবে। ফোন : ০১৯১১৭৭৭০৫৬।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মানবিক সমাজ নির্মাণে ইসলামি শিক্ষার শক্তি

মানবিক সমাজ নির্মাণে ইসলামি শিক্ষার শক্তি

ফাতিমা আল-ফিহরি ইতিহাসের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলিম নারী

ইতিহাসের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলিম নারী

হজরত সৈয়দ রশীদ আহমদ জৌনপুরি (রহ.)-এর প্রদত্ত ওজিফা ও বাণীসমৃদ্ধ গ্রন্থ আমলে রাশীদিয়া

প্রদত্ত ওজিফা ও বাণীসমৃদ্ধ গ্রন্থ আমলে রাশীদিয়া

নারীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামের আহ্বান

নারীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামের আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম