ফাতিমা আল-ফিহরি
ইতিহাসের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলিম নারী
আদনান রাফি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইতিহাসে কিছু মানুষ তাদের কর্মের মধ্যদিয়ে সময়কে অতিক্রম করেন। তাদের অবদান শুধু সমকালীন সমাজকে সমৃদ্ধ করে না, পরবর্তী বহু প্রজন্মের জন্যও সম্ভাবনার দুয়ার খুলে দেয়। ফাতিমা আল-ফিহরি তেমনই এক মহীয়সী নারী। প্রায় বারোশ বছর আগে নিজের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ব্যয় করে তিনি মরক্কোর ফেজ নগরে প্রতিষ্ঠা করেছিলেন আল-কারাউইন মসজিদ। সেই মসজিদকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে গড়ে ওঠে মুসলিম বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী উচ্চশিক্ষাকেন্দ্র- আল-কারাউইন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী, ৮৫৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত আল-কারাউইন বিশ্বের প্রাচীনতম ধারাবাহিকভাবে চালু থাকা শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এটি শুরু থেকেই আধুনিক অর্থে বিশ্ববিদ্যালয় ছিল না। প্রথমে মসজিদ ও শিক্ষাকেন্দ্র হিসাবে যাত্রা শুরু করে পরবর্তী কয়েক শতকে পাঠদান, পাণ্ডিত্যচর্চা ও সনদ প্রদানের পরিসর বিস্তারের মধ্যদিয়ে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়।
ফাতিমা আল-ফিহরির জন্ম আনুমানিক ৮০০ খ্রিষ্টাব্দে, বর্তমান তিউনিসিয়ার কাইরাওয়ান শহরে। তার বাবা মুহাম্মদ আল-ফিহরি ছিলেন একজন ব্যবসায়ী। জীবিকার সন্ধানে তিনি পরিবার নিয়ে মরক্কোর ফেজ শহরে চলে আসেন। সে সময় ফেজ ছিল বাণিজ্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার ক্রমবর্ধমান কেন্দ্র। বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সেখানে এসে বসতি গড়ছিল। কাইরাওয়ান থেকে আগত অভিবাসীদের পরিচয়ের সূত্র ধরেই ‘কারাউইন’ নামটির প্রচলন ঘটে।
ফেজে এসে মুহাম্মদ আল-ফিহরি ব্যবসায় সাফল্য অর্জন করেন। সন্তানদের শিক্ষার প্রতিও তিনি ছিলেন যত্নশীল। ফাতিমা ও তার বোন মারইয়াম ধর্মীয় জ্ঞান ও শিক্ষায় আগ্রহী হয়ে ওঠেন। তাদের জীবনের নানা ঘটনা সম্পর্কে প্রধান ঐতিহাসিক সূত্রগুলোর একটি হলো চতুর্দশ শতকের ইতিহাসবিদ ইবনে আবি জারের রচিত ‘রওদ আল-কিরতাস’।
প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, অল্প সময়ের ব্যবধানে বাবা, ভাই ও স্বামীকে হারান ফাতিমা। তার বোন মারইয়ামও পারিবারিক সম্পদের উত্তরাধিকারী হন। দুই বোন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ব্যক্তিগত ভোগবিলাসে ব্যয় না করে জনকল্যাণে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। তারা ফেজে পৃথক দুটি মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। মারইয়াম নির্মাণ করেন আন্দালুস মসজিদ, আর ফাতিমা এগিয়ে আসেন কারাউইন মসজিদ প্রতিষ্ঠায়।
৮৫৯ খ্রিষ্টাব্দে ফাতিমা আল-ফিহরির উদ্যোগে কারাউইন মসজিদের নির্মাণকাজ শুরু হয়। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, তিনি শুধু অর্থ দান করেই দায়িত্ব শেষ করেননি; নির্মাণকাজের তদারকিও করেছেন। এমনকি কাজ শেষ না হওয়া পর্যন্ত রোজা রাখার কথাও প্রচলিত রয়েছে। তবে এসব ব্যক্তিগত ঘটনার বিবরণ মূলত পরবর্তী যুগের ইতিহাসগ্রন্থনির্ভর।
নিজ জন্মভূমি কাইরাওয়ানের স্মৃতি ধারণ করে তিনি মসজিদটির নাম রাখেন আল-কারাউইন। মসজিদটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি শুধু একটি ইবাদতখানা নির্মাণ করেননি; বরং এমন একটি সামাজিক ও জ্ঞানচর্চার পরিসর তৈরির ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তী সময়ে বৃহত্তর অঞ্চলের মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।
ইসলামের প্রাথমিক যুগ থেকেই মসজিদ ছিল ইবাদতের পাশাপাশি শিক্ষা, আলোচনা ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আল-কারাউইনও এর ব্যতিক্রম ছিল না। মসজিদ ঘিরে গড়ে ওঠে পাঠচক্র ও শিক্ষার আসর। প্রথম দিকে কুরআন, হাদিস, ইসলামি আইনশাস্ত্র ও আরবি ভাষার মতো বিষয়ে পাঠদান গুরুত্ব পায়। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার পরিধি বিস্তৃত হয়। যুক্তিবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, ভূগোল, ইতিহাস ও দর্শনের মতো বিষয়ও সেখানে চর্চিত হতে থাকে।
দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে আল-কারাউইন বৃহত্তর শিক্ষাকেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে। উত্তর আফ্রিকা ও আন্দালুসসহ বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থী ও পণ্ডিতরা সেখানে আসতে থাকেন। মধ্যযুগে এর পাঠদান, পাণ্ডিত্যচর্চা ও গ্রন্থাগার জ্ঞানান্বেষীদের কাছে বিশেষ গুরুত্ব অর্জন করে। আল-কারাউইনের গ্রন্থাগারে কুরআন, হাদিস, ইতিহাস ও বিভিন্ন জ্ঞানশাস্ত্রের বহু মূল্যবান পাণ্ডুলিপি সংরক্ষিত হয়েছে।
ফাতিমা আল-ফিহরির জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য সীমিত। তার জন্ম ও মৃত্যুর সুনির্দিষ্ট সাল নিয়েও বিভিন্ন বর্ণনায় পার্থক্য রয়েছে। প্রচলিত হিসাবে তিনি ৮৮০ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময়ে ইন্তেকাল করেন। কিন্তু তার উদ্যোগে যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল, তা শতাব্দীর পর শতাব্দী জ্ঞানচর্চার ধারাকে বহন করে চলেছে।
আজকের পৃথিবীতে যখন শিক্ষা, গবেষণা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন ফাতিমা আল-ফিহরির জীবন নতুন করে ভাবনার খোরাক জোগায়। তার উত্তরাধিকার মনে করিয়ে দেয়, সমাজের অগ্রগতির জন্য শুধু সম্পদ অর্জন যথেষ্ট নয়; প্রয়োজন সেই সম্পদকে মানুষের শিক্ষা, চিন্তা ও কল্যাণের কাজে লাগানোর দূরদৃষ্টি। ফেজের আল-কারাউইন তাই শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়; এটি জ্ঞানচর্চায় এক নারীর অসামান্য উদ্যোগের স্থায়ী স্মারক।
