মানবিক সমাজ নির্মাণে ইসলামি শিক্ষার শক্তি
তোফায়েল গাজালি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একটি সমাজ কতটা উন্নত, তা শুধু অট্টালিকা, প্রশস্ত সড়ক কিংবা অর্থনৈতিক সমৃদ্ধি দিয়ে পরিমাপ করা যায় না। মানুষের সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও মানবিকতাও উন্নতির গুরুত্বপূর্ণ মানদণ্ড। যে সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ে, অথচ দুর্নীতি, প্রতারণা ও অনৈতিকতা কমে না, সেখানে শিক্ষার উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন দেখা দেয়। কারণ শিক্ষা শুধু জীবিকা অর্জনের উপায় নয়; মানুষের চিন্তা, চরিত্র ও জীবনবোধ গঠনেরও প্রধান অবলম্বন। ইসলামি শিক্ষা জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক উৎকর্ষ ও দায়িত্বশীল জীবন গঠনের দিকনির্দেশনা দেয়।
ইসলামের প্রথম প্রত্যাদেশেই এসেছে, ‘পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।’ (সূরা আলাক, আয়াত : ১)। এ আহ্বান জ্ঞানার্জনের গুরুত্বের পাশাপাশি স্রষ্টার পরিচয়, সৃষ্টির রহস্য ও মানবকল্যাণের সঙ্গে জ্ঞানের সম্পর্ক তুলে ধরে। ইসলামে জ্ঞানের সার্থকতা শুধু পরীক্ষার ফল কিংবা সনদে সীমাবদ্ধ নয়; বরং মানুষের চিন্তা, আচরণ ও কর্মে তার প্রতিফলন ঘটাই গুরুত্বপূর্ণ। যে জ্ঞান মানুষকে সত্যনিষ্ঠ করে না, অন্যের অধিকার সম্পর্কে সচেতন করে না এবং অন্যায় থেকে বিরত রাখে না, তার সামাজিক প্রভাবও সীমিত থেকে যায়।
তাকওয়া, আমানতদারি, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও পরোপকার ইসলামি জীবনবোধের মৌলিক উপাদান। পবিত্র কুরআনে মহান আল্লাহ ন্যায়বিচার ও সদাচরণের নির্দেশ দিয়েছেন (সূরা নাহল, আয়াত : ৯০)। এ নির্দেশনা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, ব্যবসা-বাণিজ্য ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত। একজন ব্যবসায়ী সততার সঙ্গে ব্যবসা করেন, একজন শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, একজন বিচারক নিরপেক্ষ থাকেন এবং একজন জনপ্রতিনিধি জনগণের আমানত রক্ষা করেন- এসবই নৈতিক শিক্ষার বাস্তব প্রতিফলন। আদর্শ সমাজ গঠনে এমন মানুষ প্রয়োজন, যারা শুধু অধিকার ভোগ করেন না, দায়িত্ব পালনেও সচেতন থাকেন।
মানুষের নৈতিক বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান পরস্পরের পরিপূরক। মা-বাবার সততা, পারস্পরিক শ্রদ্ধা এবং অসহায় মানুষের প্রতি সহমর্মিতা শিশুর মনে গভীর প্রভাব ফেলে। শিক্ষাপ্রতিষ্ঠান সেই ভিত্তিকে সুদৃঢ় করে। তাই ধর্মীয় শিক্ষা শুধু ইবাদত ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের আচরণ, দায়িত্ববোধ ও সামাজিক কল্যাণে প্রতিফলিত হওয়া প্রয়োজন।
বাংলাদেশের সমাজে কওমি মাদ্রাসার অবদানও গুরুত্বপূর্ণ। দীর্ঘকাল এসব প্রতিষ্ঠান কুরআন-হাদিসের জ্ঞানচর্চা, ইসলামি ঐতিহ্য সংরক্ষণ এবং ধর্মীয় মূল্যবোধের প্রসারে ভূমিকা রাখছে। এখান থেকে শিক্ষিত আলেমরা মসজিদ, মক্তব, ধর্মীয় দিকনির্দেশনা, লেখালেখি ও সমাজসেবার মাধ্যমে মানুষের জীবনকে প্রভাবিত করছেন। অনেক মাদ্রাসা এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও খাবারের ব্যবস্থাও করে থাকে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক বিকাশে অবদান রাখছেন। এ অর্জনকে আরও বিস্তৃত করতে শিক্ষার মানোন্নয়ন, জবাবদিহি ও সময়োপযোগী দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো প্রয়োজন।
কওমি মাদ্রাসা ঘিরে বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অবশ্যই জরুরি। তবে এসব ঘটনার দায় পুরো কওমি শিক্ষাব্যবস্থা কিংবা ধর্মীয় শিক্ষার ওপর চাপিয়ে দেওয়া যুক্তিসংগত নয়। কোনো ব্যক্তির অপরাধ আর একটি শিক্ষাব্যবস্থার শিক্ষাদর্শ এক বিষয় নয়। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে অপরাধ ঘটলে যেমন পুরো সাধারণ শিক্ষাব্যবস্থাকে অপরাধের উৎস বলা যায় না, তেমনি কওমি মাদ্রাসার কোনো ব্যক্তির অনিয়মের দায়ও সব মাদ্রাসা, শিক্ষক ও শিক্ষার্থীর ওপর চাপানো যায় না।
এ ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায় আলাদাভাবে নির্ধারণ করা জরুরি। অপরাধের জন্য দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে; প্রতিষ্ঠানের অবহেলা বা প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও জবাবদিহি করতে হবে। কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একটি সম্পূর্ণ শিক্ষাধারাকে অভিযুক্ত করা ন্যায়বিচার ও যুক্তিবোধের পরিপন্থি। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।’ (সূরা আল-আনআম, আয়াত : ১৬৪)। এ আয়াতের শিক্ষা হলো, অপরাধের দায় ব্যক্তির; নিরপরাধ মানুষকে অন্যের অপরাধের জন্য দায়ী করা যায় না।
ধর্মীয় পরিচয় ধারণ করলেই কারও সব কাজ ধর্মীয় শিক্ষার প্রতিনিধিত্ব করে না। আবার কোনো অপরাধীর ধর্মীয় পরিচয়ও ধর্মীয় শিক্ষাকে অপরাধী সাব্যস্ত করার প্রমাণ হতে পারে না। দায়িত্বশীল অবস্থান হলো-অপরাধের বিচার নিশ্চিত করা, ভুক্তভোগীর অধিকার রক্ষা করা এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া। একইসঙ্গে যেসব প্রতিষ্ঠান নিষ্ঠার সঙ্গে শিক্ষা ও সমাজসেবায় ভূমিকা রাখছে, তাদের অবদানও স্বীকার করতে হবে। কোনো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন হওয়া উচিত তার সামগ্রিক কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা ও বাস্তব তথ্যের ভিত্তিতে; পূর্বধারণা কিংবা সামষ্টিক দোষারোপের ভিত্তিতে নয়।
বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় কওমি মাদ্রাসাসহ সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ভাষা এবং প্রয়োজনীয় জীবনদক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো জরুরি। ইসলামি শিক্ষার স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রেখেই শিক্ষার্থীদের সমকালীন বাস্তবতার উপযোগী করে গড়ে তোলা সম্ভব। এজন্য শিক্ষক প্রশিক্ষণ, পাঠদানের মানোন্নয়ন, গবেষণা ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবে। সংস্কারের উদ্যোগ গ্রহণ করা উচিত সংশ্লিষ্ট আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে।
আদর্শ সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃত্ব, গণমাধ্যম ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইসলামি শিক্ষা এ প্রয়াসকে নৈতিক ভিত্তি দিতে পারে। এর সার্থকতা শুধু কতজন আলেম বা ধর্মীয় জ্ঞানসম্পন্ন মানুষ তৈরি হলো, তা দিয়ে নির্ধারিত হবে না; বরং সেই জ্ঞান কতটা ন্যায়নিষ্ঠ, মানবিক ও দায়িত্বশীল মানুষ গড়ে তুলল, সেটিও বিবেচ্য। যে শিক্ষা মানুষের বিবেক জাগ্রত করে, অন্যের অধিকার রক্ষায় উদ্বুদ্ধ করে এবং সমাজের কল্যাণে কাজ করতে শেখায়, সেই শিক্ষাই হতে পারে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার।
