হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ
Advertisement
কুমিল্লা ব্যুরো ও হোমনা প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার হোমনা উপজেলায় যাত্রাপথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে। বুধবার রাতে পৌর এলাকার কৃষি কলেজের অদূরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধূ হোমনা থানায় ধর্ষণ মামলা করেছেন। এতে আশিকুর রহমান নামের এক যুবককে প্রধান আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা অটোরিকশায় তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিক ও তার আরও ছয়-সাতজন সহযোগী দুটি মোটরসাইকেলে এসে ওই দম্পতির পথরোধ করেন। অভিযুক্ত যুবকরা দম্পতিসহ অটোরিকশা জোরপূর্বক একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আশিক ও তার দুই সহযোগী ওই নারীকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেয়। অন্যরা তার স্বামী ও অটোর চালককে দূরে সরিয়ে নিয়ে যান। এ সময় আশিক ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা ওই দম্পতিকে ছেড়ে দিলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শহিদ উল্লাহ জানান, রাত ৩টার দিকে এক দম্পতি হাসপাতালে এসেছিলেন। ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হোমনা থানার এসআই আনিস উদ্দিন বলেন, ‘গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
