আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী
তারই সৃষ্টি করবে তাকে স্মরণ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেড়শ বছরেরও বেশি পেরিয়ে গেছে। তবু তিনি আজও বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে নিঃশব্দে বিচরণ করেন। কখনো ‘আমার সোনার বাংলা’ শীর্ষক সমবেত গানে, কখনো ‘একলা চলো রে’ নীতিতে বিশ্বাস করা মানুষের দৃঢ় অঙ্গীকারে। বর্ষায়, বসন্তে তথা সব ঋতুতেই ‘জ্যোৎস্না মাখা’ শব্দে তিনি লিখে গেছেন কালজয়ী সাহিত্য। তার রচিত সাহিত্য যেন অক্ষয় নদীর মতো বহমান; থামে না, শুকোয় না, কালের বুক চিরে বয়ে চলে। তিনি আর কেউ নন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার ১৬৫তম জন্মবার্ষিকী।
রবীন্দ্রনাথ ঠাকুরের নামের আগে কবি বিশেষণ বহুল প্রচলিত হলেও তার সৃষ্টি পরিধি বিস্তৃত; বিস্ময়কর। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, চিত্রকলা শিল্পের প্রতিটি পর্যায়ে তিনি রেখে গেছেন তার সৃজনশীল স্পর্শ। তার কলমে এসেছে প্রেম, সেই প্রেমে আছে প্রার্থনা, প্রকৃতি তথা মানব প্রাণের খেলা। তাইতো আজ তার জীবন ও সৃষ্টির বিস্ময়কর খেলা নিয়ে দেশব্যাপী রয়েছে উৎসব; রবীন্দ্রজয়ন্তী।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রবীন্দ্র স্মৃতিবিজড়িত স্থানে এই আয়োজন হবে। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক আয়োজন হওয়ার কথা রয়েছে।
এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এ বছর কুষ্টিয়ার শিলাইদহে ৩ দিনব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান হবে। ২৫ বৈশাখ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। কুষ্টিয়ার পাশাপাশি কবির স্মৃতিধন্য নওগাঁর পতিসরেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পতিসরের আয়োজনে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া খুলনার দক্ষিণডিহিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৮ মে বিকাল সাড়ে ৫টা থেকে ১১ মে পর্যন্ত ৪ দিনব্যাপী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিন বিশেষজ্ঞ ও বিশিষ্ট শিল্পীরা আলোচনা, সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনায় অংশ নেবেন।
রবীন্দ্রজয়ন্তীর আয়োজন বাংলা একাডেমিতে হবে ১১ মে বিকাল ৩টায়। সেমিনার, রবীন্দ্র-পুরস্কার ২০২৬ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কবিকে স্মরণ করবে বিশিষ্টজনরা। অন্যদিকে বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র সংশ্লিষ্টরা ৮ মে সকাল ১০টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।
সাংস্কৃতিক সংগঠন ছায়ানট দুদিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে। ৮ মে সন্ধ্যা সাড়ে ৬টা এবং ৯ মে সন্ধ্যা ৭টায়, ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিতব্য আয়োজনে থাকবে আলোচনা, নাচ, গান ও আবৃত্তি। রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে ৮ ও ৯ মে দিনব্যাপী আয়োজনে রবীন্দ্রনাথকে স্মরণ করবে। আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন ৮ মে সকাল সাড়ে ৮টায় এলিফ্যান্ট রোডে রিক্রেট প্লাজায় ওয়াহিদুল হক মিলনায়তনে রবীন্দ্রজয়ন্তী পালন করবে। এছাড়াও দেশব্যাপী ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হওয়ার কথা রয়েছে।
কুঠিবাড়িতে তিনদিনের বর্ণিল আয়োজন : কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি জানায় : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ দুপুর আড়াইটায় প্রধান অতিথি থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। তবে এবার বসছে না ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এ তথ্য নিশ্চিত করে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মো. আল আমিন বলেন, তিনদিনব্যাপী রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও মঞ্চ নাটক চলবে রোববার মধ্যরাত পর্যন্ত।
জানা গেছে, বাংলা ১২৬৮ সনের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এই অঞ্চলে জমিদারি পান। ১৮৯১ সালে পিতার আদেশে জমিদারি দেখাশোনার কাজে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে আসেন। কবিগুরু ১৯০১ সাল পর্যন্ত শিলাইদহে জমিদারি পরিচালনা করেন। পদ্মা পাড়ের নয়নাভিরাম সৌন্দর্য্যে মুগ্ধ কবি একে একে রচনা করেন সোনার তরী, চিত্রা, চৈতালীসহ বিখ্যাত সব কাব্যগ্রন্থ।
