Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

জাতিসংঘের পর আনতালিয়া থেকে জলবায়ু লড়াই

কপ-৩১ সম্মেলনে তারেক রহমানকে চায় তুরস্ক

Icon

নেসারুল হক খোকন, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পর বাংলাদেশের জলবায়ু কূটনীতির নতুন গন্তব্য তুরস্কের আনতালিয়া। সেখানে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে চায় আয়োজক তুরস্ক। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। নিউইয়র্কে দুদেশের উচ্চপর্যায়ের বৈঠকে তার অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে কপ-৩১-এ বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য উপস্থিতি নিয়ে মতবিনিময় হয়। একই বৈঠকে উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়।

আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইনফো) জানিয়েছে, সম্মেলনের মূল ভেন্যু হবে আনতালিয়া এক্সপো সেন্টারে। ১১ ও ১২ নভেম্বর হবে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন।

নিউইয়র্ক থেকে আনতালিয়া : জাতিসংঘে এবার বাংলাদেশের জলবায়ু বার্তা ছিল স্পষ্ট-জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন, প্রযুক্তি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে হবে। সেই বার্তার পরই আনতালিয়ায় কপ-৩১ বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণকে সামনে রেখে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও দাবিগুলো বিশ্বনেতাদের কাছে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয় ইতোমধ্যে কপ-৩১-এ দেশের কার্যকর অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ু ঝুঁকি, অভিযোজন, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটসহ বিভিন্ন বিষয় তুলে ধরার প্রস্তুতি চলছে।

তুরস্কের নতুন জলবায়ু এজেন্ডা : এবারের কপে তুরস্ক শুধু আয়োজক নয়, তারা সম্মেলনের কর্মপরিকল্পনাকেও বাস্তবায়নমুখী করতে চাইছে। নিউইয়র্কে এ বিষয়ে প্রেসিডেন্ট এবং তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম সম্মেলনের এজেন্ডা তুলে ধরে বলেছেন, নতুন প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান জলবায়ু অঙ্গীকারকে বাস্তব প্রকল্প ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দেওয়াই হবে মূল লক্ষ্য। তুরস্কের পরিকল্পনায় রয়েছে পরিচ্ছন্ন জ্বালানি, শূন্য বর্জ্য, জলবায়ু-সহনশীল শহর, সবুজ শিল্পায়ন, খাদ্যনিরাপত্তা, মহাসাগর, স্বাস্থ্যব্যবস্থা, জীববৈচিত্র্য ও ভূমি ব্যবস্থাপনাসহ ১০টি অগ্রাধিকার ক্ষেত্র। স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রযুক্তি, কারিগরি সহায়তা ও অর্থায়নের সঙ্গে প্রকল্পের সংযোগ ঘটাতেও নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে আঙ্কারা।

বাংলাদেশের জন্য কী বার্তা : বাংলাদেশের জন্য কপ-৩১-এর গুরুত্ব শুধু জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসাবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি ও প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। তাই জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান তুলে ধরার পর আনতালিয়ায় জলবায়ু কূটনীতির লড়াইয়ে প্রবেশ করা বাংলাদেশের জন্য ধারাবাহিক একটি আন্তর্জাতিক বার্তা তৈরি করতে পারে। আর এর মধ্যেই বাংলাদেশ-তুরস্ক সম্পর্কেও নতুন গতি এসেছে।

নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। ফলে আনতালিয়ায় এবারের কপ শুধু জলবায়ু সম্মেলন নয়-ঢাকা-আঙ্কারা সম্পর্কের নতুন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নতুন মুদ্রানীতিতে উদ্বেগ মূল্যস্ফীতি আরও বৃদ্ধির ঝুঁকি

মূল্যস্ফীতি আরও বৃদ্ধির ঝুঁকি

নিঃসঙ্গ প্রবীণদের ভার নেবে কে

নিঃসঙ্গ প্রবীণদের ভার নেবে কে

জাতিসংঘের পর আনতালিয়া থেকে জলবায়ু লড়াই কপ-৩১ সম্মেলনে তারেক রহমানকে চায় তুরস্ক

কপ-৩১ সম্মেলনে তারেক রহমানকে চায় তুরস্ক

বরিশাল সিটি নির্বাচন প্রচারণার মাঠে জামায়াত মনোনয়ন দ্বন্দ্বে বিএনপি

প্রচারণার মাঠে জামায়াত মনোনয়ন দ্বন্দ্বে বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম