Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সাক্ষাৎকার

জলবায়ু অর্থায়ন না পেলে কপের আলোচনা অর্থহীন

মহিউদ্দিন খান রিফাত

মহিউদ্দিন খান রিফাত

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জলবায়ু অর্থায়ন না পেলে কপের আলোচনা অর্থহীন

সোহানুর রহমান। সংগৃহীত ছবি

Advertisement

কপ-৩১-এর আলোচনা, বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন পরিকল্পনা ও অর্থায়ন নিয়ে দৈনিক যুগান্তরের সঙ্গে কথা বলেছেন ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান। সাক্ষাৎকার নিয়েছেন মহিউদ্দিন খান রিফাত

প্রশ্ন : কপ-৩১-এর প্রথম সপ্তাহের আলোচনা দেখে আপনি কতটা আশাবাদী?

সোহানুর রহমান : আমি শর্তসাপেক্ষে আশাবাদী। জলবায়ু অর্থায়ন ও ন্যায্য উত্তরণ নিয়ে আলোচনা এগিয়েছে। বিশেষ করে বেলেম-আনতালিয়া কার্যপ্রক্রিয়া নিয়ে আলোচনা ইতিবাচক। তবে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার প্রস্তাব স্বতন্ত্র আলোচ্যসূচি হিসাবে গৃহীত হয়নি। আলোচনা ও প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবায়নের বড় ব্যবধান রয়েছে।

সম্মেলনের সাফল্য নির্ভর করবে কত অর্থ বাস্তবে ছাড় হলো, কত সিদ্ধান্ত বাস্তবায়িত হলো এবং ঝুঁকিতে থাকা মানুষের জীবনে কতটা পরিবর্তন এলো-তার ওপর। শুধু ঘোষণা দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়। প্রয়োজন পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন। অর্থায়ন নিশ্চিত না হলে কপের আলোচনা অর্থহীন হয়ে পড়বে।

প্রশ্ন : বাংলাদেশের এখন সবচেয়ে জরুরি করণীয় কী?

সোহানুর রহমান : জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে সময় সীমাবদ্ধ ও পর্যাপ্ত অর্থায়নসমৃদ্ধ কর্মসূচি নিতে হবে। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনায় ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত ১১৩টি কার্যক্রম রয়েছে। এর মধ্যে ৯০টি উচ্চ অগ্রাধিকার এবং ২৩টি মধ্যম অগ্রাধিকারের। এসব বাস্তবায়নে আনুমানিক ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। এটি অর্থায়নের প্রয়োজনীয় হিসাব, নিশ্চিত বরাদ্দ নয়।

কোন কাজ আগে হবে, অর্থ কোথা থেকে আসবে এবং কোন প্রতিষ্ঠান দায়িত্ব পালন করবে, তা নির্দিষ্ট করতে হবে। স্থানীয় সরকার, নারী, তরুণ, কৃষক, শ্রমিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করতে হবে। অভিযোজনের পরিকল্পনা কেন্দ্র থেকে চাপিয়ে না দিয়ে স্থানীয়দের প্রয়োজন ও অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা জরুরি।

প্রশ্ন : আগামী ১০ বছরে বাংলাদেশের বড় জলবায়ু ঝুঁকি কী কী?

সোহানুর রহমান : তিনটি ঝুঁকি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। এতে উপকূলে সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন হ্রাস ও জীবিকার অনিশ্চয়তা বাড়বে। দ্বিতীয়ত, নদীভাঙন, বন্যা, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা। এতে বসতভিটা, কৃষিজমি ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয়ত, তাপপ্রবাহ ও অনিয়মিত বৃষ্টিপাত। এর প্রভাব পড়বে কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য ও শ্রমজীবীদের কর্মক্ষমতায়। এসব ঝুঁকি আলাদা নয়। একটি এলাকায় বন্যা, নদীভাঙন ও জীবিকার সংকট একসঙ্গে দেখা দিতে পারে। তাই বিচ্ছিন্ন প্রকল্পের বদলে সমন্বিত অভিযোজন পরিকল্পনা প্রয়োজন।

প্রশ্ন : জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি কতটা?

সোহানুর রহমান : দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কবার্তা, স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক ও স্থানীয় মানুষের অংশগ্রহণ অনেক জীবন রক্ষায় ভূমিকা রেখেছে। তবে প্রস্তুতি মানে শুধু দুর্যোগের আগে মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া নয়, দুর্যোগের পর তাদের জীবন ও জীবিকা পুনরুদ্ধারের সক্ষমতাও নিশ্চিত করা। পাশাপাশি উপকূলে সুপেয় পানির ব্যবস্থা, লবণাক্ততা সহনশীল কৃষি, পানি সংরক্ষণ, কার্যকর নিষ্কাশনব্যবস্থা, ম্যানগ্রোভ ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং বিকল্প জীবিকার সুযোগ বাড়াতে হবে।

প্রশ্ন : অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রধান বাধা কোথায়?

সোহানুর রহমান : পরিকল্পনার ঘাটতির চেয়ে বাস্তবায়নের ঘাটতি বড়। অর্থায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সমন্বয় ও জবাবদিহির অভাব রয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর অনেক ক্ষেত্রে পর্যাপ্ত জনবল, কারিগরি জ্ঞান ও বাজেট নেই। জাতীয় পরিকল্পনাকে স্থানীয় বাজেটের সঙ্গে যুক্ত করতে হবে। কোন এলাকায় কোন ঝুঁকি বেশি এবং কার প্রয়োজন সবচেয়ে জরুরি, তার ভিত্তিতে বিনিয়োগ নির্ধারণ করা দরকার।

প্রশ্ন : জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত মানুষের জন্য কী ধরনের পরিকল্পনা প্রয়োজন?

সোহানুর রহমান : বাস্তুচ্যুতিকে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হিসাবে দেখলে হবে না। এটি জমির অধিকার, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক পরিচয় ও মর্যাদার প্রশ্ন। স্থানান্তর অনিবার্য হলে তা হতে হবে পরিকল্পিত, স্বেচ্ছাসম্মত ও অংশগ্রহণমূলক। নিরাপদ আবাসনের পাশাপাশি কাজ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

প্রশ্ন : উন্নয়ন প্রকল্পগুলোতে জলবায়ু ঝুঁকি কতটা বিবেচনায় নেওয়া হচ্ছে?

সোহানুর রহমান : সব উন্নয়ন প্রকল্পের পরিকল্পনায় জলবায়ু ঝুঁকি বিবেচনা করতে হবে। কোনো রাস্তা, বাঁধ বা পানি নিষ্কাশনব্যবস্থা তৈরির আগে নদীর স্বাভাবিক প্রবাহ, জলাভূমি, স্থানীয় প্রতিবেশ ও মানুষের জীবিকার ওপর এর প্রভাব মূল্যায়ন করা জরুরি। একটি এলাকার সুরক্ষার অবকাঠামো যেন অন্য এলাকায় নতুন ঝুঁকি তৈরি না করে, সেটিও দেখতে হবে।

প্রশ্ন : জলবায়ু পরিবর্তন বাংলাদেশের কৃষি ও খাদ্যনিরাপত্তায় কী প্রভাব ফেলবে?

সোহানুর রহমান : তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা, লবণাক্ততা ও পানির সংকট কৃষি উৎপাদন এবং কৃষকের আয়ের ওপর প্রভাব ফেলছে। এর সঙ্গে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিশ্রমিকদের জীবিকার প্রশ্নও জড়িত। খাদ্যনিরাপত্তা শুধু খাদ্য উৎপাদনের বিষয় নয়। মানুষের খাদ্য কেনার সামর্থ্য এবং পুষ্টিকর খাবারে প্রবেশাধিকারও নিশ্চিত করতে হবে।

প্রশ্ন : জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে?

সোহানুর রহমান : কত অর্থের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কত অর্থ ছাড় হয়েছে, তা অনুদান না কি ঋণ এবং কোথায় ব্যয় হচ্ছে, এসব তথ্য প্রকাশ করতে হবে। এজন্য উন্মুক্ত ও সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। প্রকল্পের বাজেট, ব্যয়, অগ্রগতি ও ফলাফল জনগণের জন্য সহজলভ্য করতে হবে। স্বাধীন নিরীক্ষা ও সামাজিক জবাবদিহির ব্যবস্থাও থাকতে হবে।

প্রশ্ন : ন্যায্য উত্তরণ নিশ্চিত করতে কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে?

সোহানুর রহমান : নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ অর্থনীতিতে রূপান্তর জরুরি। তবে এই পরিবর্তনের কারণে কোনো শ্রমিক বা জনগোষ্ঠী যেন জীবিকা হারিয়ে আরও ঝুঁকিতে না পড়ে, সেটিও নিশ্চিত করতে হবে। ন্যায্য উত্তরণ মানে শুধু নতুন সবুজ কর্মসংস্থান তৈরি নয়। এর সঙ্গে শোভন কাজ, ন্যায্য মজুরি, শ্রমিকের অধিকার, দক্ষতা উন্নয়ন, পুনঃপ্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা যুক্ত থাকতে হবে। জলবায়ু নীতিতে জেন্ডার সুবিচার, যত্নকাজের স্বীকৃতি এবং সামাজিক বৈষম্যের বিষয়গুলোও গুরুত্ব পাওয়া প্রয়োজন।

প্রশ্ন : কপ-৩১ থেকে বাংলাদেশের প্রধান প্রত্যাশা কী হওয়া উচিত?

সোহানুর রহমান : অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা, প্রযুক্তি হস্তান্তর ও ন্যায্য উত্তরণে কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ, ঋণের বদলে অনুদান, ঋণভার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এসব প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

জলবায়ু অর্থায়ন যেন শুধু বড় প্রকল্পে সীমাবদ্ধ না থাকে। স্থানীয় সরকার ও ঝুঁকিতে থাকা মানুষের কাছেও অর্থ পৌঁছাতে হবে। জলবায়ু সংকট মোকাবিলা দাতব্য কার্যক্রম নয়, এটি অধিকার ও ন্যায্যতার প্রশ্ন। নীতির কেন্দ্রে থাকতে হবে মানুষ, প্রকৃতি ও জীবিকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মতপার্থক্য কাটেনি অটোমান পদ্ধতিতেও

জলবায়ু চুক্তি মতপার্থক্য কাটেনি অটোমান পদ্ধতিতেও

জলবায়ু উদ্যোগের অর্জনের হিসাব জনগণকে জানাতে চায় সরকার

ড. সাইমুম পারভেজ জলবায়ু উদ্যোগের অর্জনের হিসাব জনগণকে জানাতে চায় সরকার

জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ

জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ

আরও পড়ুন

ভয়াবহ আগুনে নিভে যায় ২৬ প্রাণ সেই এফআর টাওয়ার খোলার তোড়জোড়

সেই এফআর টাওয়ার খোলার তোড়জোড়

চার্লির নীলকুঠি লুট আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

থার্ড টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত জাপান চুক্তির শর্তে কতটা লাভবান বাংলাদেশ

চুক্তির শর্তে কতটা লাভবান বাংলাদেশ

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম