জলবায়ু চুক্তি
মতপার্থক্য কাটেনি অটোমান পদ্ধতিতেও
|
ফলো করুন |
|
|---|---|
জলবায়ু চুক্তিতে মতপার্থক্য কমাতে অটোমান সাম্রাজ্যের কয়েকশ বছরের পুরোনো ‘দিভান’ পদ্ধতির আশ্রয় নিয়েছে কপ৩১ প্রেসিডেন্সি। বিভিন্ন দেশের মন্ত্রীদের একসঙ্গে আলোচনায় বসিয়ে অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা হলেও গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সমঝোতা হয়নি।
জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রশ্নে মতবিরোধের মধ্যেই চলছে সম্মেলনের শেষ পর্যায়ের আলোচনা। এর মধ্যে জাতীয় জলবায়ু পরিকল্পনায় খাদ্য নিরাপত্তা ও শিশুপুষ্টিকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন আলোচনায় অংশ নেওয়া বক্তারা।
বুধবার তুরস্কের আনতালিয়ায় কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম ও প্রেসিডেন্ট অব নেগোসিয়েশন্স ক্রিস বোয়েনের উদ্যোগে দিভান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, আলোচক দলের প্রধান ও পর্যবেক্ষক প্রতিনিধিরা অংশ নেন। দেশগুলোর অবস্থান কাছাকাছি আনা এবং পৃথক আলোচনার ফলকে ভারসাম্যপূর্ণ চুক্তির আওতায় নিয়ে আসাই ছিল এ বৈঠকের লক্ষ্য।
দিভান অটোমান আমলের পরামর্শ ও সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি। এর পরিচিত উদাহরণ ‘দিভান-ই হুমায়ুন’ বা রাজকীয় পরিষদ। পঞ্চদশ শতক থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এ পরিষদ ব্যবহৃত হতো।
কপ৩১ সভাপতি মুরাত কুরুম বলেন, এখন নিজ নিজ অবস্থান পুনর্ব্যক্ত করার চেয়ে কোথায় একসঙ্গে এগোনো সম্ভব, তা চিহ্নিত করা বেশি জরুরি। একে-অন্যের কথা শুনে অভিন্ন অবস্থানের পরিসর বাড়াতে হবে এবং সম্ভাব্য সমঝোতাকে সুনির্দিষ্ট ফলে রূপ দিতে হবে।
প্রেসিডেন্ট অব নেগোসিয়েশন্স ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব একসঙ্গে কাজ করতে পারে, তা দেখানোর সুযোগ তৈরি হয়েছে। এজন্য অভিন্ন অবস্থানের ভিত্তিতে উচ্চাভিলাষী, ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বার্তা দেওয়ার আহ্বান জানান তিনি।
শিশুপুষ্টি ও খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জাতীয় জলবায়ু পরিকল্পনায় খাদ্য নিরাপত্তা ও শিশুপুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে কপ৩১-এর আরেক আলোচনায়। বুধবার ‘ফ্রম সলিউশনস টু স্কেল : প্র্যাকটিক্যাল অ্যাকশন্স ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে কৃষক, পরিবার ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আলোচনায় বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরেন ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান। তিনি জানান, বরিশাল, খুলনা, সাতক্ষীরা ও কুড়িগ্রামে পুষ্টি নিয়ে ১২টি স্থানীয় সংলাপে তরুণদের নেতৃত্বে পুষ্টিবাগান ও কমিউনিটি কিচেন চালুর প্রস্তাব এসেছে। এসব উদ্যোগের মাধ্যমে মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া সম্ভব।
তরুণ কৃষকদের জন্য নতুন প্রচারাভিযান : অনুষ্ঠানে ‘ব্যাক ফিউচার ফারমার্স’ নামে তরুণ কৃষকদের জন্য একটি প্রচারাভিযান উদ্বোধন করেন কপ৩১ প্রেসিডেন্সির ইয়ুথ ক্লাইমেট চ্যাম্পিয়ন স্যালি হিগিনস। তরুণ কৃষকদের সাশ্রয়ী শর্তে অর্থায়ন এবং কাজের ফলাফলের ভিত্তিতে অনুদান দিতে সরকার, ব্যাংক, কৃষি সংগঠন ও দাতাদের প্রতি আহ্বান জানান তিনি।
কেনিয়ার ২৩ বছর বয়সি তরুণী মার্সির উদ্ভাবনের উদাহরণ দিয়ে হিগিনস বলেন, স্কুলের খাবার রান্নার সময় স্বেচ্ছাসেবকদের ধোঁয়ার মধ্যে কাজ করতে দেখে মার্সি সৌরশক্তিচালিত প্রেশার কুকার তৈরি করেন। এতে রান্নার সময় কমেছে এবং ধোঁয়ার মধ্যে কাজ করার ঝুঁকিও কমেছে।
তানজানিয়া সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা এমিলিয়ান নিয়ান্ডা বলেন, দেশটিতে অভিভাবকদের উদ্যোগে পরিচালিত স্কুলের খাবার কর্মসূচিতে নিু-আয়ের পরিবারগুলোর অংশগ্রহণ কঠিন হয়ে পড়ছে। তবে স্কুল স্থানীয় কৃষকদের কাছ থেকে খাবার কিনলে ক্ষুদ্র কৃষক তাদের উৎপাদিত ফসল বিক্রির বাজার পাবেন।
আলোচনায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৪ সালে বিশ্বে মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ৩৫ শতাংশ এসেছে কৃষি ও খাদ্যব্যবস্থা থেকে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল ও ফুন্দাসিওন অ্যাম্বিশন লুপ এ আলোচনার আয়োজন করে।

