জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ
চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন
|
ফলো করুন |
|
|---|---|
জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধের জেরে ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ৩১তম আসর। শেষ পর্যন্ত কোনো ফল বয়ে আনেনি তুরস্কে অনুষ্ঠিত দুই সপ্তাহের এই আয়োজন। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কীভাবে বন্ধ করা হবে এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভুক্তভোগী দেশগুলোকে কীভাবে অর্থায়ন করা হবে, সে বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো একমত হতে পারেনি।
দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা এবং নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৪৪ ঘণ্টা চেষ্টা চালিয়েও চূড়ান্ত চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা। জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে এ আলোচনা ভেস্তে গেল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বাধীন কয়েকটি দেশ প্রস্তাবিত একটি চুক্তি প্রত্যাখ্যান করেছে। দুই সপ্তাহের দরকষাকষির পর কপের সভাপতি প্রস্তাবিত ‘আনতালিয়া চুক্তি’ উপস্থাপন করেন। তবে ইইউ জানায়, তারা এই চুক্তিকে সমর্থন করতে পারবে না। কারণ এটি বৈজ্ঞানিক তথ্য ও সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এভাবে ডেনমার্কের কোপেনহেগেনে কপ সম্মেলনের মূল লক্ষ্য রাজনৈতিক সমঝোতা ভেস্তে যাওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৯ সালে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন। মহাসচিব হিসাবে দায়িত্ব ছাড়ার আগে এটিই তার শেষ কপ সম্মেলন। তিনি জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রভাবশালী মহলের কঠোর সমালোচনা করেছেন। গুতেরেস বলেন, এসব মহল বড় তামাক কোম্পানিগুলোর কৌশল অনুসরণ করছে। তারা বিজ্ঞানের তথ্য বিকৃত করছে। নীতিনির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে। কার্যকর পদক্ষেপে বাধা দিচ্ছে। বিপুল মুনাফা করছে এসব গোষ্ঠী। অথচ এর মূল্য দিতে হচ্ছে সারা বিশ্বের সাধারণ মানুষকে।
আলোচনার মেয়াদ গত শুক্রবার (২০ নভেম্বর) শেষ হওয়ার কথা থাকলেও তা সপ্তাহ গড়ায়। রোববার (২২ নভেম্বর) সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে তুরস্কের কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম জানান, কোনো চুক্তি অনুমোদিত হয়নি। চুক্তির খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ না থাকাই হয়ে ওঠে সবচেয়ে বড় বিরোধের কারণ। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কয়লা, তেল ও গ্যাস। অথচ চূড়ান্ত নথিতে এসব জ্বালানির ব্যবহার কমানোর কোনো সুস্পষ্ট দিকনির্দেশনাই নেই।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দারাঘ ও ব্রায়েন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কথা পর্যন্ত উল্লেখ নেই, এমন কোনো কভার ডিসিশন আমরা সমর্থন করব না। আমরা অতীতের দিকে ফিরে যাওয়ার মতো কোনো আলোচনা মেনে নেব না।’ অন্যদিকে, সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলো চুক্তিতে ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দটি ব্যবহারের বিরোধিতা করে। তাদের যুক্তি, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তিসহ সব ধরনের সমাধানের সুযোগ রাখা প্রয়োজন।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্তিত্বের সংকটে থাকা মার্শাল দ্বীপপুঞ্জ প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে বলেছে, ‘জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করব না।’ রাশিয়া চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে দ্রুত বন্ধের বিষয়ে কোনো শব্দ যুক্ত করা হয়নি। সমর্থন করেছে পাকিস্তান ও ঘানা।
কপ-৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম জানান, নতুন কোনো খসড়া আর তৈরি করা হবে না। প্যারিস চুক্তির কাঠামোর মধ্যে আগের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। মুরাত কুরুম আরও বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সবকিছু করেছি। এই নথি আমরা কারও ওপর চাপিয়ে দিইনি। কেউ এটি গ্রহণ করবে কি করবে না, সে বিষয়ে কাউকে বাধ্য করিনি। কিছু পক্ষ এই নথির বিরোধিতা করছে। তাই এসব সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।’
জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধ : উন্নয়নশীল দেশগুলো আলোচনার ব্যর্থতার জন্য ইইউ ও অন্যান্য ধনী দেশগুলোকে দায়ী করেছে। তাদের অভিযোগ, জলবায়ুজনিত চরম আবহাওয়া এবং তার ক্ষতি মোকাবিলায় অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন বাড়াতে এই দেশগুলো ব্যর্থ হয়েছে। জলবায়ু অর্থায়নের সবচেয়ে বড় অর্থদাতাদের একটি ইউরোপীয় ইউনিয়ন। তবে নতুন অভিযোজন তহবিলের লক্ষ্যমাত্রার ব্যাপারে তারা আপত্তি জানিয়ে এসেছে।
চূড়ান্ত খসড়া সিদ্ধান্তে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন তহবিল তিনগুণ করার জন্য একটি বাস্তবায়ন রূপরেখা নিয়ে আরও আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল। তবে এতে কোনো নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি। খসড়ায় বলা হয়, ২০৩৫ সাল পর্যন্ত অভিযোজনের জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রতি বছর প্রায় ৩০০ বিলিয়ন ডলার প্রয়োজন। এতে ‘জলবায়ু অর্থায়নের প্রবাহ এবং প্রয়োজনের মধ্যে ব্যবধান’ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
২০০৯ সালে কোপেনহেগেনে কপ সম্মেলনের ১৯ বছর পর বৈশ্বিক যুদ্ধ, অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো সংকটের মধ্যে জলবায়ু ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলো এবারের সম্মেলন।

