বিদ্যুৎ নেই, পানি নেই এ কেমন স্বাস্থ্যকেন্দ্র
মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ডেমরা (ঢাকা)
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরার কায়েতপাড়ায় অবস্থিত ডেমরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি এখন যেন এক অরক্ষিত ধ্বংসস্তূপ। চারবার চুরির ঘটনায় থানায় অভিযোগ করেও মেলেনি কোনো প্রতিকার। এর মধ্যে চুরি হয়ে গেছে পানির পাম্প ও বৈদ্যুতিক সব তার থেকে শুরু করে জানালার গ্রিল পর্যন্ত। বর্তমানে এখানে পানি ও বিদ্যুতের ব্যবস্থা নেই। ভবনের বেশির ভাগ জায়গায় ফাটল ধরেছে। খসে পড়েছে পলেস্তারা। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আসবাব এবং যন্ত্রপাতিও সব অকেজো। সন্ধ্যা নামতেই কেন্দ্রটি পরিণত হয় মাদকসেবী ও কারবারিদের আখড়ায়। এমন পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যকেন্দ্রটি কিছু ওষুধ দিয়ে কোনোমতে চলছে। এতে ঢাকা দক্ষিণ সিটির ৬৯ ও ৭০ ওয়ার্ডের বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্বাস্থ্যকেন্দ্রের পাশেই কেন্দ্রের ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ও উপসহকারী কমিউনিটি অফিসারের আবাসিক ভবনটিও কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে দুজনের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কার্যক্রম চলছে।
নিয়ম অনুযায়ী একজন অভিজ্ঞ মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও ৩ বছর ধরে এই স্বাস্থ্যকেন্দ্রে নেই। বর্তমানে দায়িত্বে রয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জালাল আহম্মেদ। পরিবার কল্যাণ পরিদর্শক সুমাইয়া আক্তার ডেপুটেশনে রয়েছেন মীরপুরে এবং ওষুধ সংরক্ষক ও বিতরণকারী (ফার্মাসিস্ট) মো. রাকিবুল হাসানও রয়েছেন ডেপুটেশনে অন্যত্র। মানে তারা এই কেন্দ্রের কর্মকর্তা হিসাবে বেতন পাবেন অথচ কাজ করবেন অন্যত্র। এদিকে অফিস সহায়ক পদটিও খালি রয়েছে। এছাড়া ৯ নারী মাঠকর্মীর পরিবর্তে বর্তমানে থাকা ছয়জনের নিয়ন্ত্রক হিসাবে ফয়সাল আহম্মেদ নামে একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক রয়েছেন। পরিচ্ছন্নতার কাজ করেন তাহমিনা অক্তার। একটা সময় কেন্দ্রে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হতো, যা বর্তমানে একেবারেই বন্ধ।
সরেজমিন দেখা যায়, বিদ্যুৎবিহীন ৭ কক্ষের ভবনের একটিতেও বৈদ্যুতিক পাখা নেই। এতে প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠছে রোগী ও সংশ্লিষ্টদের। কেন্দ্রে আসা রোগীসহ প্রসূতি মায়েরা অতিরিক্ত গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন। এখানকার আসবাবের মধ্যে কর্মকর্তাদের টেবিল-চেয়ার, আলমারিসহ চিকিৎসা-সংশ্লিষ্ট প্রয়োজনীয় আসবাবগুলোও প্রায় সবই অকেজো। ফলে মূল্যবান কাগজ, ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদিসহ সব মালামাল অরক্ষিত পড়ে থাকে। কেন্দ্রটির অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে বেশ কয়েক বছর ধরেই।
এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জালাল আহম্মেদ বলেন, চুরির ভয়ে এখানে প্রয়োজনীয় ওষুধ আনা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের তারসহ সব ইলেকট্রিক মালামাল ও জানালার লোহার গ্রিল পর্যন্ত চুরি হয়ে গেছে। সন্ধ্যা হলেই মাদকসেবী ও কারবারিদের দখলে চলে যায় স্বাস্থ্যকেন্দ্রটি। চারবার থানায় অভিযোগ করেও সমাধান পাইনি। যতদূর জেনেছি কেন্দ্রে আগে প্রতি মাসে নারী-পুরুষদের জন্মনিয়ন্ত্রণ, বন্ধ্যাকরণ ও পরিবার পরিকল্পনাভিত্তিক দুটি ক্যাম্পিং করা হতো, যা সাধারণ মানুষের জন্য খুবই উপকারী ছিল। পাশাপাশি শিশুদের চিকিৎসাসহ ১০ থেকে ১৯ বছর বয়সি ছেলেমেয়েদের জন্য কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা দেওয়া হতো। বর্তমানে সাধারণ চিকিৎসা ছাড়া কোনো প্রকার স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তেজগাঁও থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, ডেমরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ভবন পুনর্নির্মাণের বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। এক্ষেত্রে বিষয়টি দেখবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্ল্যানিং ইউনিট। তবে ওই কেন্দ্রে বারবার চুরি হওয়ার কারণে কার্যক্রম অনেকটাই বন্ধ। এক্ষেত্রে পুলিশেরও সহায়তা মিলছে না।
