Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

স্লিপ ডিস্ক হলে অপারেশন নাকি রিহ্যাবিলিটেশন কোনটি জরুরি

Advertisement

Icon

ডা. তাহমীদ কামাল

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্লিপ ডিস্ক হলে অপারেশন নাকি রিহ্যাবিলিটেশন কোনটি জরুরি

Advertisement

পিএলআইডি (প্রলাপস লাম্বার ইনভার্টেবল ডিস্ক) কোমর ব্যথা ও সায়াটিকার একটি পরিচিত কারণ। অনেক রোগী এমআরআই রিপোর্টে ‘ডিস্ক প্রলাপস’, ‘ডিস্ক বালগ’ বা ‘হার্নিয়াশন’ দেখেই মনে করেন দ্রুত অপারেশন করতে হবে। বাস্তবে অধিকাংশ রোগীরই শুরুতে সার্জারির প্রয়োজন হয় না। সঠিক রোগ নির্ণয়, উপযুক্ত ওষুধ, দৈনন্দিন কাজের পরিবর্তন এবং পরিকল্পিত রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে অনেক রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। বিস্তারিত লিখেছেন ডা. তাহমীদ কামাল

* পিএলআইডি কী

আমাদের মেরুদণ্ডের প্রতিটি কশেরুকার মাঝখানে নরম ও স্থিতিস্থাপক ইনভার্টেবল ডিস্ক থাকে। এটি মেরুদণ্ডের ওপর চাপ ও ঝাঁকুনি শোষণ করে এবং নড়াচড়ায় সাহায্য করে। কোনো কারণে ডিস্কের বাইরের অংশ দুর্বল বা ক্ষতিগ্রস্ত হলে ভেতরের নরম অংশ বাইরে বেরিয়ে আসতে পারে। একে ডিস্ক প্রলেপস বা ডিস্ক হার্নিয়াশন বলা হয়। বেরিয়ে আসা ডিস্ক যদি পাশের স্নায়ুর গোড়ায় চাপ সৃষ্টি করে, তখন কোমরের পাশাপাশি নিতম্ব, উরু, পায়ের পেছন বা পাশ দিয়ে নিচের দিকে ব্যথা ছড়িয়ে যেতে পারে। এটিই সাধারণভাবে সায়াটিকা নামে পরিচিত।

* কী কী লক্ষণ হতে পারে

পিএলআইডি-এর উপসর্গ রোগীভেদে আলাদা হতে পারে। সাধারণত কোমরে ব্যথা, কোমর থেকে এক পায়ে ছড়িয়ে যাওয়া ব্যথা, পায়ে ঝিনঝিনি বা অবশভাব এবং দীর্ঘক্ষণ বসা, সামনে ঝোঁকা, কাশি বা হাঁচির সময় ব্যথা বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। স্নায়ুর ওপর চাপ বেশি হলে পায়ের নির্দিষ্ট মাংসপেশিতে দুর্বলতাও হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো-এমআরআই-তে disc bulge বা prolapse পাওয়া মানেই সেটিই ব্যথার কারণ নয়। অনেক মানুষের এমআরআই-তে ডিস্কের পরিবর্তন দেখা গেলেও কোনো উপসর্গ থাকে না। তাই এমআরআই রিপোর্টের পাশাপাশি রোগীর ইতিহাস এবং বিস্তারিত শারীরিক ও নিউরোলজিক্যাল পরীক্ষা গুরুত্বপূর্ণ।

* প্রথম চিকিৎসা কী

যদি গুরুতর নিউরোলজিক্যাল সমস্যা না থাকে, সাধারণত প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট ও রিহ্যাবিলিটেশন দেওয়া হয়। দীর্ঘদিন সম্পূর্ণ বিছানায় শুয়ে থাকা সাধারণত উপকারী নয়। ব্যথা খুব বেশি থাকলে অল্প সময় বিশ্রাম প্রয়োজন হতে পারে, তবে যত দ্রুত সম্ভব সহনীয় মাত্রায় স্বাভাবিক চলাফেরা শুরু করা ভালো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক বা anti-inflammatory ওষুধ ব্যবহার করা যেতে পারে। এরপর রোগীর উপসর্গ ও পরীক্ষার ফল অনুযায়ী একটি ব্যক্তিভিত্তিক রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম তৈরি করা হয়।

* পিএলআইডি চিকিৎসায় রিহ্যাবিলিটেশনের ভূমিকা

রিহ্যাবিলিটেশনের লক্ষ্য শুধু সাময়িকভাবে ব্যথা কমানো নয়। লক্ষ্য হলো ব্যথা নিয়ন্ত্রণ, স্বাভাবিক নড়াচড়া ফিরিয়ে আনা, পেশির শক্তি ও সহনশীলতা বাড়ানো, দৈনন্দিন কাজে ফিরে যাওয়া এবং ভবিষ্যতে পুনরায় সমস্যা হওয়ার ঝুঁকি কমান।

রোগীর অবস্থার ওপর ভিত্তি করে রিহ্যাবিলিটেশনে থাকতে পারে-

▶ ব্যথা সহনীয় রেখে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়া

▶ নির্দিষ্ট lumbar mobility ও directional exercises, উপযুক্ত ক্ষেত্রে McKenzie-based exercise.

▶ Core stabilization এবং পেট ও পিঠের পেশি শক্তিশালী করার ব্যায়াম।

▶ Hip ও lower-limb muscle strengthening.

▶ প্রয়োজন অনুযায়ী স্ট্রেচিং ও ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ।

▶ সঠিকভাবে বসা, দাঁড়ানো, ঝোঁকা ও ভার তোলার কৌশল শেখানো।

▶ কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনের জন্য এরগোনোমিক মোডিফিকেশন।

▶ ধীরে ধীরে হাঁটা ও অ্যারোবিক ব্যায়াম বাড়ানো।

▶ কাজ বা খেলাধুলায় নিরাপদে ফিরে যাওয়ার জন্য গ্রেডেড রিহ্যাবিলিটেশন।

সব পিএলআইডি রোগীর জন্য একই ব্যায়াম উপযুক্ত নয়। ভুল ব্যায়ামে কারও কারও পায়ের ব্যথা বা স্নায়বিক উপসর্গ বাড়তে পারে। তাই রোগীর নিউরোলজিক্যাল পরীক্ষা ও ফাংশানাল এসেসমেন্ট অনুযায়ী ব্যায়াম নির্বাচন করা গুরুত্বপূর্ণ।

* কখন ইনজেকশন দেবেন

যথাযথ ওষুধ ও রিহ্যাবিলিটেশন সত্ত্বেও যদি তীব্র রেডিকুলার বা sciatic pain থেকে যায় এবং পরীক্ষা ও এমআরআই-এর ফল একই নার্ভ রুট-এর সমস্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, নির্বাচিত রোগীর ক্ষেত্রে epidural steroid injection বা অন্যান্য image-guided intervention বিবেচনা করা যেতে পারে। এটি প্রত্যেক পিএলআইডি রোগীর জন্য প্রয়োজনীয় নয় এবং সাধারণত রিহ্যাবিলিটেশন পরিকল্পনার বিকল্প হিসাবেও দেখা উচিত নয়।

* কখন দ্রুত সার্জিক্যাল মূল্যায়ন প্রয়োজন

কিছু লক্ষণকে রেড ফ্লাগ হিসাবে বিবেচনা করতে হয়। এগুলো থাকলে শুধু ব্যথার ওষুধ বা ফিজিওথেরাপি চালিয়ে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের মূল্যায়ন প্রয়োজন। বিশেষ করে পায়ের শক্তি দ্রুত কমতে থাকা, ফুট ড্রপ, নতুন করে প্রস্রাব আটকে যাওয়া বা নিয়ন্ত্রণ হারানো, পায়খানার নিয়ন্ত্রণের সমস্যা, যৌনাঙ্গ/মলদ্বারের আশপাশে অবশভাব (saddle anesthesia) দেখা দিলে জরুরি মূল্যায়ন প্রয়োজন। এগুলো গুরুতর nerve compression বা cauda equina syndrome-এর লক্ষণ হতে পারে। এ ছাড়া যথাযথ কনজারভেটিভ ট্রিটমেন্ট ও রিহ্যাবিলিটেশনের পরও যদি দীর্ঘ সময় ধরে অসহনীয় পায়ের ব্যথা থাকে এবং দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হয়, অথবা এমআরআই-তে বড় ডিস্ক হার্নিয়াশন-এর সঙ্গে রোগীর উপসর্গ ও পরীক্ষার ফল স্পষ্টভাবে মিলে যায়, তখন স্পাইন সার্জনের মতামত নেওয়া যেতে পারে।

* সার্জারি হলেও রিহ্যাবিলিটেশন কেন প্রয়োজন

অপারেশন হয়ে গেলে চিকিৎসা শেষ-এ ধারণাটিও ঠিক নয়। প্রয়োজন অনুযায়ী পোস্ট-অপারেটিভ রিহ্যাবিলিটেশন রাগীকে নিরাপদে হাঁটা ও দৈনন্দিন কাজে ফিরতে, পেশির শক্তি ও endurance পুনরুদ্ধার করতে এবং ধীরে ধীরে কর্মজীবনে ফিরতে সাহায্য করে। অর্থাৎ পিএলআইডি-এর চিকিৎসায় রিহ্যাবিলিটেশন-এর ভূমিকা সার্জারির আগে যেমন গুরুত্বপূর্ণ, প্রয়োজন হলে সার্জারির পরেও তেমন গুরুত্বপূর্ণ।

* মনে রাখবেন

এমআরআই রিপোর্ট নয়, রোগীকে চিকিৎসা করতে হয়। পিএলআইডি-এর অধিকাংশ ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো সঠিক রোগ নির্ণয় এবং পরিকল্পিত কনজারভেটিভ ও রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট। আবার প্রয়োজনীয় ক্ষেত্রে শুধু অপারেশন এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন চিকিৎসা বিলম্ব করাও ঠিক নয়। প্রগ্রেসিভ উইকনেস, ফুট ড্রপ অথবা bladder/bowel dysfunction হলে দ্রুত বিশেষজ্ঞের মূল্যায়ন জরুরি।

লেখক : ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আপনি ডাবল চিন নিয়ে চিন্তিত? ঘরোয়া যে উপায়ে দূর হবে

আপনি ডাবল চিন নিয়ে চিন্তিত? ঘরোয়া যে উপায়ে দূর হবে

শরীরের আঁচিলগুলোকে সাধারণ ভেবে ভুল করছেন না-তো?

শরীরের আঁচিলগুলোকে সাধারণ ভেবে ভুল করছেন না-তো?

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

কম ঘুমের অভ্যাস, মস্তিষ্ককে কি আলঝেইমারের ঝুঁকিতে ফেলছেন?

কম ঘুমের অভ্যাস, মস্তিষ্ককে কি আলঝেইমারের ঝুঁকিতে ফেলছেন?

রক্তে শর্করা নিয়ন্ত্রণে ৩টি সহজ ব্যায়াম

রক্তে শর্করা নিয়ন্ত্রণে ৩টি সহজ ব্যায়াম

আরও পড়ুন

স্লিপ ডিস্ক হলে অপারেশন নাকি রিহ্যাবিলিটেশন কোনটি জরুরি

স্লিপ ডিস্ক হলে অপারেশন নাকি রিহ্যাবিলিটেশন কোনটি জরুরি

২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস হৃদযন্ত্রের সুস্থতায় বদলাতে হবে জীবনযাপন

হৃদযন্ত্রের সুস্থতায় বদলাতে হবে জীবনযাপন

নিরামিষাশীরা আয়রনের অভাব যেভাবে পূরণ করবে

নিরামিষাশীরা আয়রনের অভাব যেভাবে পূরণ করবে

টনসিল অপারেশনের পরও গলাব্যথা কেন হয়?

টনসিল অপারেশনের পরও গলাব্যথা কেন হয়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম